জীবন যেখানে যেমন
বছরখানেক আগে লিয়ানার সঙ্গে পরিচয় হয় শপিংমলে। জন্মসূত্রে আল সালভাদরের। আমেরিকায় বসবাস করছে আট বছর ধরে। অল্প সময়ের পরিচয়ে লিয়ানাকে খুব ভালো লাগল। ফোন নম্বর আদান-প্রদান হলো। সোশ্যাল মিডিয়াতেও কানেক্ট হলাম। মাঝে মাঝে দেখা হয় লিয়ানার সঙ্গে। চ্যাট হয়, কথাও হয়। লিয়ানা খুব স্বাস্থ্য সচেতন। নিয়মিত জিমে যায়। ফিগার ধরে রেখেছে চমৎকারভাবে। শরীরের সৌন্দর্য ধরে রাখার জন্য বুকে ও কোমরে প্লাস্টিক সার্জারি করে। দেখলেই বোঝা যায় বুকে কোমরে প্লাস্টিক সার্জারি করা।
একদিন লিয়ানাকে জিজ্ঞেস করে ফেললাম। আমার প্রশ্ন শুনে লাজুক হাসি দিয়ে বলল, ‘হ্যাঁ আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আমাকে ফিগার মেনটেইন করতে হয়।’ বললাম, আমেরিকায় অনেক ব্যয়বহুল এই পদ্ধতি। কীভাবে মেনটেইন করো খরচাপাতি? ওর কাছ থেকে জানলাম, নিজের দেশে গিয়ে প্লাস্টিক সার্জারি করে আসে। খরচ আমেরিকার চেয়ে অনেক কম। লিয়ানা ফুলটাইম কাজ করে। স্বামী ছেলে-মেয়ে আছে। মেয়ের বয়স সতেরো হয়েছে।
ছেলের বয়স এগারো। ওর স্বামী নাইট শিফটে কাজ করে। বাসায় ফেরে ভোরবেলায়। লিয়ানা তখন কাজে যায়। ছুটির দিন ছাড়া স্বামী-স্ত্রীর দেখা হয় না বললেই চলে। মেয়েটি কলেজে গেল। একদিন লিয়ানা খুব মন খারাপ করে জানাল, মেয়ে তাঁকে ছেড়ে চলে গেছে। আমি ওর বেদনাভরা চেহারা দেখলাম। মেয়ে চলে গেছে টেক্সাস। তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ টুগেদার করছে। ওদের সংস্কৃতি যা হয় আর কি! কিন্তু লিয়ানাকে দেখলাম খুব সিরিয়াস।
মেয়ের জন্য কাঁদছে। ফোন করেছে মেয়েকে ফিরে আসার জন্য। কিন্তু মেয়ে বলে দিয়েছে বয়ফ্রেন্ডকে ছেড়ে সে নিউইয়র্ক ফিরবে না। এটাও বলেছে বয়ফ্রেন্ডের সঙ্গে তাঁর অ্যাগ্রিমেন্ট হয়েছে বিয়ে বহির্ভূত জীবন কাটাবে। বাচ্চাকাচ্চা নেবে, সবকিছু চালাবে। শুধু বিয়ে না করার অ্যাগ্রিমেন্ট। আমি অবাক হলাম, মানুষকে লিভ টুগেদার করতে শুনেছি। কিন্তু অ্যাগ্রিমেন্ট করে লিভ টুগেদারের কথা শুনিনি। ছয় বছরের অ্যাগ্রিমেন্ট। এই ছয় বছরে বয়ফ্রেন্ডের বাচ্চার মা হবে। বাচ্চা হওয়ার পর যদি দুজন মনে করে, তাঁদের পরস্পরের প্রতি আকর্ষণ আছে। তখন বিয়ের সিদ্ধান্ত নেবে।
ওর সাজসজ্জা পোশাক দেখলে মনে হবে মিলিয়নিয়ারের বউ। খুব স্টাইলিস্ট, ল্যাভিশ চলাফেরা ওর। আমার মনে খটকা লাগল। কারণ যে বেতন পায় তা দিয়ে এমন পোশাক মেকআপ করা ওর পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা খোলাসা করল ও নিজেই। নির্দিষ্ট কাজ ছাড়াও মদের বারে কাজ করে। ভালো পয়সা পায়, সঙ্গে প্রচুর টিপস। বারে যারা ড্রিংকস করতে আসে, তাদের কারও কারও সঙ্গে বিছানায় যেতে হয়। এখানেও টাকা পাচ্ছে। এ কারণেই প্লাস্টিক সার্জারি অব্যাহত রাখছে।
কেন মদের বারে কাজ করছ? তোমার এত বিলাসিতার কি প্রয়োজন? সাদামাটাভাবে কি জীবনটা কাটিয়ে দেওয়া যায় না? ওর সঙ্গে আমার নিবিড় বন্ধুত্ব। সেই অধিকারবোধ থেকে প্রশ্ন করলাম। লিয়ানার শক্ত কথা, ‘মিলি আমি সাদামাটা জীবন ঘৃণা করি। কেন জানো? সাদামাটা জীবন কাটিয়ে আমার মা শেষ হয়ে গিয়েছে। সাদামাটা জীবন আমার মাকে কিছুই দেয়নি। মা না খেয়ে থেকেছে। আর আমার অন্য নারীর সঙ্গে ফুর্তি করে গেছে। নারীর পেছনে তার সর্বস্ব উড়িয়ে দিয়েছে। বঞ্চিত হয়েছে আমার মা, আমরা। আমার অমানুষ বাপটা একদিন রেলে কাটা পড়ে মরে গেছে। ফিউনারেলে সবাই গেছে। আমি যাইনি। মা আমাদের চার ভাইবোনকে অনেক কষ্টে মানুষ করেছে।
রাস্তায় ক্লিনারের কাজ করেছে আমার মা। তারপর ব্রেস্ট ক্যানসারে মারা গেছে। মার জীবন ছিল শুণ্যের খাতায়। আমার বুকের ভেতর দ্রোহ ক্ষোভ ঘৃণা। অভিমান নেই। আমার অভিমান শুধু আমার মেয়ের সঙ্গে। ওকে নিয়েই তো বাঁচতে চেয়েছিলাম। নিজের উপার্জন দিয়ে অ্যাপার্টমেন্ট কিনলাম। আমার স্বামীর সেই সাধ্য নেই। সে জানে আমার সবকিছু। আমি সম্পর্কের দিক দিয়ে স্বামীর কাছে ক্লিয়ার কাট থেকেছি। মদের বারে কাজ না করলে দুটো পয়সা জোগাড় করতে পারতাম না। অ্যাপার্টমেন্ট কিনতে পারতাম না। আমার স্বামী আমাকে ভালোবাসে। আমিও ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমার স্বাভাবিক জীবন একদিনও চলবে না। ইনফ্যাক্ট আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ আমার স্বামী। আমাকে যা করতে হচ্ছে, মজবুর হয়ে করতে হচ্ছে। আমি যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরি, আমার জন্য জুস বানিয়ে দেয় সে। মেয়েটির জন্য কষ্ট হচ্ছে। আমি তো আমার দায়িত্ব পালনে কোনো কমতি রাখিনি। যা করেছি ওদের কথা ভেবে করেছি। ওদের স্বচ্ছন্দ জীবনযাপনের ব্যবস্থা করেছি। মেয়েটা আমাকে ছেড়ে কীভাবে থাকতে পারছে? প্রতিরাতে ওর মুখটা ভেবে আমার বালিশ ভিজে যায়...’ফুঁপিয়ে উঠল লিয়ানা।
একজন মায়ের বুক চিরে কষ্টের নহর বয়ে যাচ্ছে। আমি চুপ করে সেই মায়ের করুণ কথাগুলো শুনে যাচ্ছিলাম।