যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণঘাতী বন্দুক–হামলা
জীবনবিমায় স্ত্রীর নাম যুক্ত করেন মতিন

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিন এ ঘটনার কিছুদিন আগে তাঁর করা জীবনবিমায় স্ত্রীর নাম যুক্ত করেছিলেন। এ ছাড়া স্ত্রী যাতে তাঁর নামে ব্যাংকে গচ্ছিত অর্থ ব্যবহার করতে পারেন, সে ব্যবস্থাও করে গিয়েছিলেন। সূত্রের নাম উল্লেখ না করে সিএনএন চ্যানেল এ তথ্য দিয়েছে। খবরে বলা হচ্ছে, মতিনের এসব বন্দোবস্তের মধ্যে ওই বন্দুক হামলা যে পূর্বপরিকল্পিত ছিল তারই ইঙ্গিত মেলে।
আফগান বংশোদ্ভুত মার্কিন নাগরিক ওমর মতিন ১১ জুন রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস নাইট ক্লাবে হামলা চালিয়ে হত্যা করেন ৪৯ জনকে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এটাই সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা। ওই হামলার পর পুলিশের অভিযানে মতিনও নিহত হন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্কুলে মতিন দুর্বল ছাত্র হিসেবে চিহ্নিত ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ছাত্র থাকার সময় অন্তত ৩১ বার স্কুলে গালিগালাজ, মারামারি করার রেকর্ড আছে তাঁর নামে।
এ হামলার তদন্তে নিয়োজিত কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) গতকাল মতিন যে মসজিদে নামাজ পড়তেন সেখানকার একজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এই হামলার ঘটনায় মতিনের স্ত্রী নূর সালমান ছাড়া এই প্রথমবারের মতো অন্য কাউকে জিজ্ঞাসাবাদ করা হলো। ইসলামিক সেন্টার ফর ফোর্ট পিয়ার্সের ওই মসজিদে গিয়ে একজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সেন্টারের আইনজীবী ওমর সালেহ জানান। মতিনের পরিবার নিউইয়র্ক থেকে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে চলে এসেছিল।
এদিকে অরল্যান্ডো হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে গত শুক্রবার একযোগে পাঁচজনের অন্ত্যেষ্টিক্রিয়া হয়। গত বৃহস্পতিবার ৪০ বছর বয়সী দোকানি জেভিয়ার রেইসের অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে এ পর্বের শুরু হয়।