জীবনানন্দীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানি একদিন ড্যাফোডিল ঢালে শুয়ে মনে হবে
আমিও বিদ্যুৎ ছিলাম, কুয়োকাটা
মধ্যাহ্নের রং ছিল গায়ে
ডকল্যান্ডস থেকে ডাহুক ডেকেছিল
চারদিকে উড়েছিল পাঁজরের ফুল
তখন গোলাপি কুয়াশা দেখে
আমিওতো করিয়াছি ভুল।
সমস্ত দিনের শেষে পাথরের হাত নেমে গেলে
দেখিয়াছি, আবক্ষ মূর্তির মতো হয়ে গেছি আমি
আমাদের ব্রিকলেন, বইমেলা, কফি পান ভেদ করে
ছেঁড়া ছেঁড়া পাল উড়িতেছে, পড়ে আছে
পালকের স্তূপ, নদী থেকে সরে গেছে সকল উজান।
তুমিও দেখিবে তখন তোমারে ঘিরিয়া প্রশ্ন ঝরিতেছে
নিন্দাকাঁটা ভাঙিতেছে যাবতীয় উষ্ণতা গুণ
দূরতম দীপ্র পথে, মেঘের জাহাজ ধরে
দারুচিনি দ্বীপ হতে আসিতেছে ধূসর অতীত।
কাঁদিতেছে নিরানব্বই বছরের নব্য অর্বাচীন
তখন ভাবিয়া নিয়ো, এ শুধু তাহারই চিহ্ন,
বেভুল অশ্রুর দুল-নহে কোন পার্থিব ঋণ।।