জীবনের বাঁকে বাঁকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিকের পাড়ে বালিতে পা ছড়িয়ে বসে আছি। বেলাভূমিতে আছড়ে পড়ছে ঢেউ। আমার মেয়েটি পাঁজরের পাশে। দুই হাতে জড়িয়ে রেখেছি। বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছে। ওর চুলের ঘ্রাণ পাচ্ছি। ঢেউয়ের শব্দ আর গাংচিলের ডাকাডাকি।

মেয়ে বলে, মা ঢেউগুলো আসছে ভাঁজে ভাঁজে কিন্তু যাওয়ার সময় কেমন তোলপাড় করে, তছনছ করে যাচ্ছে। না?
সত্যিই তাই। এমন করে কখনো ভাবিনি।

ঢেউ সুনীল জল নিয়ে একের পর এক আসছে। আবার ফিরে যাচ্ছে যখন, তখন সবকিছু এলোমেলো করে ফিরে যাচ্ছে। মানুষের জীবন শাড়ির ভাঁজের মতো গুছানো হয় না। মানুষ চাইলেও হয় না, এলোমেলো হয়ে যায়। এই ঢেউগুলোর মতোই জট পাকিয়ে যায়।
কোনো কোনো মানুষ শুধু জট খুলে যায়, আর কোনো কোনো মানুষ শুধু জট পাকিয়ে জীবনকে জটিল করে তোলে।
একজন গিটার বাজিয়ে গান গাইছে। কথা সব না বুঝলেও সুরের মেলোডি বুঝিয়ে দিচ্ছে করুণ কোনো রাগিণী।

মেয়ে আমার তৃতীয় সন্তান। আমার প্রথম দুই সন্তান ছেলে। ওই সময় বাংলাদেশে বেশির ভাগ শিক্ষিত বা আধুনিক দম্পতি তিন নম্বর সন্তান নেয় না। তখন পরিবার পরিকল্পনার স্লোগান ছিল ‘ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তান ই যথেষ্ট’। তো সেই স্লোগানকে বুড়ো আঙুল দেখিয়ে আমার দুই সহকারীর প্ররোচনায় আমি তৃতীয় সন্তানের ঝুঁকি নিলাম। তার কথা সত্য প্রমাণিত করে আমার তৃতীয় সন্তান, আমার মেয়ে পূর্ণতা এল।’
রংপুরে আমরা যে বাসায় ছিলাম সে বাসাটি ছিল দুই ইউনিটের। একপাশে রংপুর আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক জাকারিয়া থাকেন, অন্যপাশে আমরা। ভাবি রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক। ভাই-ভাবিদের দুই ছেলে চয়ন সুমনের পর এক মেয়ে সুরভী। বুয়া বলে, আপা এবার আপনার মেয়ে হবে। আপনি শুধু জন্ম দেন আমরাই বড় করব। এবং আমার বড় সহকারী জানুবুর মুখে ফুল চন্দন পড়ুক, আমার মেয়ে হলো। আজ সে সতেরোর দ্বারপ্রান্তে।

আমার মেয়ে দেশ ছেড়ে এসেছে নয় বছর হলো। সে তার জানুবু আর আমেনাবুকে দেখার জন্য দেশে যেতে চায়। প্রথম প্রথম ওদের জন্য খুব মন খারাপ করত। এই গ্রীষ্মে ওর প্রি-কলেজ ক্লাস শেষে রোড আইল্যান্ড থেকে ফিরলে একদিন পর আমরা দেশে যাব। আহা দেশ! আমার কাছে দেশ মানে সুনামগঞ্জ। হাওর, সুরমা নদী আর নীল পাহাড়ের আদিগন্ত ছড়ানো দিগন্তরেখা।

আর মেয়ের কাছে ঢাকা আর রংপুর। রংপুর শহর আর রংপুরের কিছু মানুষ তার স্মৃতিপটে উজ্জ্বল। ঢাকায় পূর্ব মণিপুর আর কাজীপাড়া এবং উত্তরা খুব মনে পড়ে। মানুষের জীবনে কত পরিবর্তন, জায়গা বদল। নতুন নতুন মানুষ, নতুন স্থান। পরিবর্তিত পরিবেশে আর মানুষের সঙ্গে যে যত দ্রুত খাপ খাইয়ে নিতে পারবে, সেই সফল হবে সবচেয়ে দ্রুত।

আমরা রংপুর যাব। আমার মেয়ের জন্ম রংপুরে, ডিসেম্বরে শীতের ভোরবেলায় আইডিয়াল ক্লিনিকে। রংপুরে বেশির ভাগ স্মৃতি ওর লিমুদের বাসায়। কেরানীপাড়া জামতলা মসজিদের পাশে বন্ধন নামের তিনতলা বাসা। লিমু, লীনা আর লেমন তিন ভাই বোন ওরা। ওদের বাসার তিন তলায় ভাড়া ছিলাম আমরা, চমৎকার বাসা। ব্যালকনিতে চমৎকার কতগুলো টবে নানা রঙের ফুল ফুটতো। চমৎকার সব মানুষ। আমি সাত সকালে আমার ওড়না পাশ বালিশে দিয়ে মর্নিং শিফটের স্কুলে চলে যাই। বাকিটা সময় মেয়ে আমার বুয়া আমেনা, লিমুর আম্মা, লীনা আপু ওদের সঙ্গে কাটায়। ও ওদের খুব ভালোবাসে। ওরাও ভালোবাসে ওকে। ছাদে দোলনা ছিল। বিকেলে ছাদে যায় লিমুর সঙ্গে। রংপুরে সোনামনিদের পাঠশালা ওর প্রথম স্কুল।

গান শেখানোর দাদু ভাই খাদেমুল হক বসুনিয়া আর নাই। ‘পারিবো না এ কথাটি বলিও না আর।’ দাদু ভাইয়ের শেখানো গান এখনো গুণগুণ করে গায় মাঝেমধ্যেই। রানার কাছে নাচ শিখেছিল। অকালে বড় তাড়াতাড়ি ঝরে গেল রানা। দুজনেই আকাশের তারা হয়ে গেছেন।
-মা ওদের আর দেখতে পাব না কোনদিন?
-না মা। ওরা অন্য পৃথিবীতে চলে গেছেন।

আকাশ নামের আরেকজন গান শিখিয়ে ছিল। ওর বাড়ি ছিল পাগলাপীর। পৃথিবী নামক মহাসমুদ্রে কোথায় যে আছে আকাশ, কেউ কী জানে তা। আকাশের শেখানো গান মনে আছে কিন্তু আকাশকে খুঁজে পাব কী পাব না কে জানে। দেশে গেলে খুঁজব আকাশকে। আরও একজনের জন্য গভীর মমতা জড়িয়ে আছে। সে হলো বিশ্বজিতের মামনি। বিশ্বজিত আমার ছাত্র ছিল ঢাকা শেরেবাংলা বয়েজ স্কুলে। ওরা দুই ভাই। ওর মামনি আমার পূর্ণতাকে মামনি ছাড়া নাম ধরেও ডাকেননি একদিনও। গান শিখিয়ে ছিলেন পূর্ণতাকে।

‘আমার খাতার প্রতি
প্রতি কবিতায়
তোর কথা যে অজান্তে মা
লেখা হয়ে যায়।
তুই আমার দেশরে।”

সাগরের বিশালতা আমাকে মুগ্ধ করে। সীমাহীন সমুদ্র, নীলাভ তার জল। ঢেউয়ের সঙ্গে সঙ্গে কত মানুষ স্নান করছে। বিকিনি পরা মেয়েরা আর শর্টস পরা ছেলেরা। সানস্ক্রিন মেখে বালুকাবেলায় শুয়ে আছে কেউ চাদর পেতে, কেউ সৈকতের চেয়ারে। বাচ্চারা বালু দিয়ে কত কী বানাচ্ছে। উত্তর আমেরিকায় এই দুই তিন মাস সবাই রোদ মেখে নেয় গায়ে। রোদ হলো ভিটামিন ডি’র উৎস। আমাদেরও ভিটামিন ডি’র ঘাটতি। আমরা সপ্তাহে একটি ভিটামিন ডি ক্যাপসুল খাই ডাক্তারের পরামর্শে। তাই আমরাও সময় সুযোগ পেলে রোদে বসে থাকি, তবে আমরা কাপড় নরমালি যা পড়ি সেটা পরেই রোদে বসে থাকি। ওদের মতো আমরা পারি না। তবে এই যে স্বল্প বসনা নর-নারী, আমার চোখে কোনো অশ্লীলতা ধরা পড়ে না।

পিচঢালা পথ, কালো পিচ্ছিল চকচকে গোখরা সাপের শরীরের মতো। এঁকেবেঁকে চলেছে। পথের দুপাশে গাছের সারি। সবগুলোর নাম জানি না। ওকগাছ, চেরিগাছ, বার্চ ট্রি, নরম সবুজ মখমলের চাঁদোয়া যেন। এত মনোরম সবুজ, পাহাড়ি পথ। গতবার যে পথে এসেছি, সে পথ ছিল অনেক চওড়া। এটি ভিন্ন পথ। ওয়েজ ব্যবহার করলে এই সুবিধা। সামনে দুর্ঘটনা ঘটেছে বা ট্রাফিক আছে গতিপথ পাল্টে নিয়ে চলে গেল ঘুরপথে কান্ট্রি সাইড দিয়ে। পথে খানাখন্দক আছে কী না। সীমাহীন আকাশ আর অবারিত সবুজ যেথায় মেলেছে ডানা। এত সবুজ। পাথুরে পাহাড়গুলোও ঢেকে গেছে সবুজের গালিচায়। নাম না জানা বুনো ফুল ছড়িয়ে আছে। নীল হলুদ, কমলা। সবুজ এতটা মোলায়েম যে, রোদের আলো পিছলে যাচ্ছে। পাতাগুলো রোদ থেকে এতটাই সালোকসংশ্লেষণ করেছে যে পাতাগুলো তেল চকচক করছে।

আমেরিকার ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ড; অফিশিয়াল নামটি অনেক বড়। দ্য স্টেট অব রোড আইল্যান্ড অ্যান্ড প্রভিডেন্স প্ল্যান্টেশন। দ্য ওশান স্টেট। নিউ ইংল্যান্ড অঞ্চলে এটি অবস্থিত। মাত্র ৪৮ মাইল লম্বা আর ৩৭ মাইল চওড়া। প্রভিডেন্স হলো এই অঙ্গরাজ্যের রাজধানী।

সবচেয়ে উঁচু জিমথি পাহাড়। আর আটলান্টিক সাগর হলো নিম্নতম অঞ্চল। ১৭৬৪ সালে এখানে ব্রাউন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। প্রভিডেন্স ডাউন টাউন এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিগুলো ছড়িয়ে আছে।
রোড আইল্যান্ডের ছয়টি সিটি প্রভিডেন্স, ওয়ারউইক, উনসকেট, পাওটুকেট, ক্রেন স্টোন, নিউপোর্ট। এর একপাশের সীমান্তে কানেকটিকাট, একপাশে ম্যাসাচুসেটস আর বাদবাকি দিকে সীমাহীন আটলান্টিক মহাসাগর। নিউইয়র্কের সঙ্গে পানি সীমান্ত আছে।

দ্বীপ হওয়ায় এই অঙ্গরাজ্যের সব দিকেই সাগর। আগের সপ্তাহে ন্যারেগসেন্ট সমুদ্র সৈকতে গিয়েছিলাম, এবার তাই গুগলের সাহায্য নিয়ে অন্য একটি সৈকত বেছে নিলাম। আমরা সাউথ শোর সৈকতে বিচে গেলাম। বেশির ভাগ সৈকতে গেলে অনেকটা পথ বালির ওপর দিয়ে হেঁটে যেতে হয় পানির কাছে পৌঁছানোর জন্য। এটি ব্যতিক্রম, গাড়ি থেকে নেমেই চেয়ার খুলে বালিতে বসে পড়া গেলো। সাগরের হু হু করা বাতাস আর ঢেউ কত উদাস করে তোলে মনকে।

আর এতো মহাসমুদ্র। ঢেউ গুণে শেষ করা যায় না। বালুচরে হু হু করা বাতাসে আপন আত্মজাকে বুকে জড়িয়ে মূল্যবান সময় পার করছি। হ্যাঁ, ভীষণ মূল্যবান সময় কারণ সন্ধ্যা মানে সূর্য ডুববে যে সময় অর্থাৎ নয়টায় ব্রাউন ইউনিভার্সিটির ডর্মিটোরিতে ঢুকিয়ে দিয়ে আমরা নিউইয়র্কের উদ্দেশ্য রওনা দেব। প্রি-কলেজ প্রোগ্রামে সারা বিশ্বের ছেলে-মেয়েরা যোগ দিয়েছে। নিউইয়র্ক থেকে পূর্ণতা আর এমি। বাংলাদেশ, চীন, সৌদি আরব, রাশিয়া, ইতালি পাকিস্তান, ভারতসহ নানা দেশের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী। প্রতি কক্ষে দুজন মেয়ে। ভবনের একটি তলায় ছেলেরা, আরেক তলায় মেয়েরা। দশটি রুমে ২০ জন ছাত্র-ছাত্রী, তাদের জন্য রয়েছে একজন আরএ। প্রতি রাতে রিপোর্ট করতে হয়। আর কেউ যদি বাইরে থাকতে চায়, বাবা-মায়ের অনুমতিপত্র জমা দিতে হবে দুইদিন আগে।
তাই ইডেন হোস্টেল আর রোকেয়া হলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়ের অপচয় করি না একটুও।