জুমার সময় পার্কিং ফি বাতিল চেয়ে বিল উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরে শুক্রবার জুমার নামাজের সময় সব মসজিদের কয়েক ব্লকের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি পার্কিং করতে হলে পার্কিং চার্জ দিতে হয়। জুমার নামাজের সময় পার্কিং ফি ছাড়া গাড়ি পার্কিং করার অনুমতি দেওয়ার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে সিটি কাউন্সিলে। ‘প্রেয়ার ইকুইটি’ শিরোনামের এই বিল উত্থাপন করেছেন কাউন্সিলম্যান কস্টা কন্সট্যান্টিনাইডস। এখন প্রতি শুক্রবারেই মুসল্লিদের বেআইনিভাবে গাড়ি পার্ক করার জন্য জরিমানা গুনতে হয়। উত্থাপিত বিলটির নম্বর ১৬৩৪।

বিলটি পাস হলে নিউইয়র্ক নগরে জুম্মার নামাজের সময় সব মসজিদের কয়েক ব্লকের মধ্যে পার্কিং টিকিট পাওয়ার ভয় থাকবে না।

কাউন্সিলম্যানের অফিসে কর্মরত বাংলাদেশি জয় চৌধুরী জানান, বিলটি পাশ হলে জুমার নামাজের সময় অর্থাৎ বেলা ১২টা থেকে দুইটা পর্যন্ত মসজিদের সামনে ও আশপাশের রাস্তায় মুসল্লিরা নির্দ্বিধায় গাড়ি পার্ক করার সুবিধা পাবেন অর্থাৎ ওই সময়ে পার্কিং মিটার সাসপেন্ড থাকবে। এই বিলে শুধু জুমার নামাজের প্রসঙ্গ উল্লেখ করা হলেও মূলত তা হিন্দু-বৌদ্ধসহ অন্য ধর্মাবলম্বীদের বড় ধরনের ধর্মীয় উৎসবের সময়েও কার্যকর হবে। 

শনি ও রোববার খ্রিষ্টান ও ইহুদি সম্প্রদায়ের জন্য গির্জা বা সিনাগগের সামনে ও আশপাশে পার্কিং মিটার সাসপেন্ডের বিধি অনেক আগেই চালু হয়েছে।

মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এমন একটি উদ্যোগ গ্রহণ করায় কাউন্সিলম্যান কস্টাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানোর জন্য ৩০ জুলাই জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বিলটি সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোর্শেদ আলম, মাজেদা এ উদ্দিন এবং রাসেল কবীর, কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, আবদুল মুকিত চৌধুরী, শাহনেওয়াজ, মাকসুদ এইচ চৌধুরী, পুলিশ অফিসার শামসুল হক, রাশেদ আহমেদ, মসজিদের কর্মকর্তা এম এ হাকিম ও জাফর চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নিজ নিজ কাউন্সিলম্যানের সঙ্গে বিলটি নিয়ে দেন-দরবার করতে কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এ ছাড়া তাঁরা নিজেদের মতামত তুলে ধরেন। বিলটি সময়োপযোগী করতে তাঁরা বেশ কিছু পরামর্শ দেন।

অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, এই বিলটি পাস করতে হলে সিটি কাউন্সিলে অনেক কাউন্সিলম্যান, কো-স্পনসরের সমর্থন ও ভোটের প্রয়োজন হবে। ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে তিনি সব ডেমোক্রেটিক কাউন্সিলরের কাছ থেকে ভোট আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

মঈন বলেন, মুসলমানদের অতি পরিচিত কাউন্সিলম্যানদের মধ্যে রয়েছে ডেনিয়েল ড্রম, ফ্রান্সিসকো ময়া, ডনাবান রিচার্ড, জিমি ব্রেনব্রেমার, ররি ল্যান্সম্যান, রুবিন ডিয়াজ, ব্রেড লেনডার, রিকি টরেস, মার্ক জনাস, কেরেন কলকোয়েস, অ্যান্ড্রিয়া এডামস, ডেরেক মিলার ও কমিটির প্রেসিডেন্ট এয়াডিনাস রডরিগার্সসহ অনেকে।

অ্যাটর্নি মঈন চৌধুরী সবার পক্ষ থেকে নিজ নিজ কাউন্সিলম্যানদের ১৬৩৪ নম্বর বিলে সমর্থনের জন্য অনুরোধ জানাতে পরামর্শ দেন। সবাই মিলে কাজ করলে বিলটি পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কাউন্সিলম্যান কস্টা বলেন, ৫১ সদস্যের সিটি কাউন্সিলে এই বিল পাস হতে ২৬ ভোট লাগবে। ডেমোক্র্যাট সদস্যরা ভোট দিলেই তা আইনে পরিণত হওয়া সম্ভব। চলতি বছরই তা পাসের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করা হচ্ছে।