জে কেলির সঙ্গে রূঢ় আচরণ প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প, জন কেলি
ডোনাল্ড ট্রাম্প, জন কেলি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চিফ অব স্টাফ জেনারেল জন কেলির সঙ্গে রূঢ় আচরণ করেছেন বলে জানা গেছে। ফলে হোয়াইট হাউসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ট্রাম্প প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মেরিন জেনারেল জন কেলিকে মাত্র দুই মাসের সামান্য আগে চিফ অব স্টাফ হিসেবে হোয়াইট হাউসে আনা হয়। কিন্তু জেনারেল কেলির সহকর্মীদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ৩৫ বছরের সামরিক জীবনে কখনোই তাঁকে এমন ভাষায় কেউই কথা বলেননি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সহ্য করবেন না।
ট্রাম্পের ক্ষোভের বিষয়ে বিস্তারিত কিছুই জানা না গেলেও মনে করা হচ্ছে, চিফ অব স্টাফ বেশ কিছু উপদেষ্টাকে বাধাহীনভাবে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ কঠোরভাবে হ্রাস করেছিলেন। নিউইয়র্ক টাইমস এ–সংক্রান্ত প্রতিবেদনে লিখেছে, সর্বশেষ ‘ব্যবস্থাপক’ (জন কেলি) প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন বলেই প্রেসিডেন্ট এর বিপক্ষে দাঁড়িয়েছেন।
ট্রাম্পের আরেকজন উপদেষ্টা বলেন, “যদিও তিনি (ট্রাম্প) একদা দয়াপরবশ হয়ে আমাকে বলেছিলেন যে ‘এসো এবং যেকোনো সময় আমাকে দেখে যেও’। ওই সব দিন এখন শেষ হয়ে গেছে।” অর্থাৎ জন কেলি এ ধরনের সুযোগ দিচ্ছেন না।
এ কারণে এটা ছড়িয়ে পড়েছে যে দুই যুগ ধরে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী ও বর্তমানে ওভাল অফিস নিয়ন্ত্রণ কর্মকর্তা (অফিস অপারেশন) কেইথ স্কেইলার হোয়াইট হাউস ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। জন কেলি কেইথ স্কেইলারকে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে যাওয়ার সময় যেন সুইচবোর্ডে দেখে যান।
তবে হোয়াইট হাউসের প্রেসসচিব সারা হুকাবি স্যান্ডার্স বলেছেন, কেইথ স্কেইলার হোয়াইট হাউস ত্যাগ করছেন না। গুজবের মাঝে ট্রাম্প টুইটারে লিখেছেন, কেলি ভালো কাজ করছেন এবং তিনি তাঁর চিফ অব স্টাফের প্রতি বেশি খুশি ও মুগ্ধ হতে চান না।