জেএফকে বিমানবন্দরে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির বিক্ষোভ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতা-কর্মীরা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। ২২ সেপ্টেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

দীর্ঘ প্রায় এক যুগ ধরে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি না থাকায় দলীয় নেতা-কর্মীরা পৃথক পৃথক আয়োজনে জেএফকে বিমানবন্দরে সমবেত হন। তবে সেখানে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর বিকেলে জেএফকে বিমানবন্দরে অবতরণের পর মোটর শোভাযাত্রা পরিবেষ্টিত হয়ে সরাসরি ম্যানহাটনের অভিজাত লোটে গ্র্যান্ড প্যালেস হোটেলে যান। সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন দলের যুক্তরাষ্ট্র শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন ভূঁইয়া), সাবেক সিনিয়র সহসভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদল নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র শাখা জাসাসের সভাপতি আবু তাহের প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে অন্য নেতা–কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুল মাওলা, মাকসুদুল হক চৌধুরী, আতিকুল হক, শেখ হায়দার আলী, মোশারফ হোসেন, গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান, সেলিম রেজা, রকিব উদ্দিন, রুহুল আমিন, কাওসার আহমেদ, শাহাদৎ হোসেন, আনোয়ার হোসেন, মাজহারুল ইসলাম, রাশিদা আহমেদ, এলিজা আকতার, আশরাফ হোসেন, আনিসুর রহমান, রইছউদ্দিন, সালেহ মানিক, রেজবুল কবির, হাসান মাহমুদ, ওয়েছ আহমেদ, শামীম আহমেদ, আশরাফ হোসেন, নাসিম আহমেদ, বদিউল আলম প্রমুখ।

সমাবেশে বিএনপির নেতারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার অভিযোগ তুলে শেখ হাসিনা সরকারের সমালোচনা এবং অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তাঁরা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে কখনোই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। তারা সরকারবিরোধী এবং দলের পক্ষে নানা স্লোগান দেন।

আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্র শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি রয়েছে।