প্রথম ফান্ড রেইজিংয়ে দেড় মিলিয়ন ডলার সংগ্রহ
জেএমসির উদ্যোগে আধুনিক কমিউনিটি ভবন নির্মাণের উদ্যোগ
কুইন্সের ঐতিহ্যবাহী জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) এবং আল মামুর স্কুল-এর আধুনিক কমিউনিটি ভবন নির্মাণের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী একটি ফান্ডরেইজিং ডিনার হয়েছে। প্রায় ৩৫ হাজার বর্গফুটের ভবনটিতে থাকবে মাল্টিকালচারাল সুযোগ-সুবিধা। ইসলামিক শিক্ষার পাশাপাশি থাকবে জিমনেসিয়াম, কনভেনশন সেন্টার, অত্যাধুনিক লাইব্রেরি, ইসলামিক সেন্টারসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা। কুইন্সের পার্সন ব্লু-বার্ডের ওপর গড়ে উঠবে এ সেন্টারটি। ৫ মিলিয়ন ডলার ব্যয়ে প্রথম দিনেই প্রায় ‘দেড় মিলিয়ন’ ডলার অর্থসংগ্রহে সক্ষম হন আয়োজকেরা। জেএমসি’র ইতিহাসে এটিই হচ্ছে অন্যতম বৃহৎ একটি ফান্ডরেইজিং ডিনার।
এ ফান্ডরেইজিংয়ের উপস্থিত দাতা সংস্থা ও দানবীরদের কাছে থেকে অর্থ সংগ্রহের নেতৃত্বে ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রধান খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ।
পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন জেএমসির সাধারণ সম্পাদক মনজুর আহমেদ চৌধুরী যিনি শুরু থেকেই জ্যামাইকা মুসলিম সেন্টার ও আল-মামুর স্কুলের সঙ্গে সম্পৃক্ত। এরপর বেশ কয়েকজন দাতাকে সম্মাননা তুলে দেন মসজিদ কমিটির সভাপতি খাজা মিজান হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনেকে।