জেএমসির সবচেয়ে বড় ঈদের জামাত

নিউইয়র্কে বাংলাদেশি অভিবাসীসহ অন্যান্য দেশের মুসলিম অভিবাসীরা ৪ জুন সকাল থেকেই মেতে ওঠেন ঈদ–আনন্দে। নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত হয়েছে কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে। এ ছাড়া ঈদের বৃহৎ জামাত হয় ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহ, ওজোন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, আরাফা ইসলামিক সেন্টার, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ এবং এলমহার্স্টের বিভিন্ন মসজিদে। নিউইয়র্কের আবহাওয়া ভালো থাকায় অধিকাংশ এলাকায় এসব মসজিদের উদ্যোগে স্থানীয় খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। তবে চাঁদ দেখা ও সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদ্যাপনের ঘোষণা নিয়ে বিভ্রান্তি থাকার পরও চলতি বছর ৪ জুন ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। তবে কোথাও কোথাও পরের দিন ৫ জুন ঈদ উদ্যাপিত হয়। নিউইয়র্কসহ অধিকাংশ স্থানে ৪ জুনই ঈদুল ফিতর উদ্যাপন করেন বাংলাদেশি মুসলিম জনসমাজসহ অন্যান্য মুসলিম জনসমাজ।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সব জায়গায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেই সঙ্গে নগর প্রশাসনেরও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষ্যনীয়।
ঈদের দিন ছিল রোদ ঝলমল চমৎকার আবহাওয়া। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার একাধিক খোলা মাঠ, মসজিদ আর কমিউনিটি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাসহ দেশ-জাতির মঙ্গল ও সমৃদ্ধি এবং দেশে দেশে নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের বিশেষ করে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জ্যামাইকা মুসলিম সেন্টারে এবার ঈদের জামাত ৪ জুন সকাল নয়টায় খোলা আকাশের নিচে টমাস এডিসন হাইস্কুল পার্কে (১৬৮ ও ৮৪ অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) অনুষ্ঠিত হয়।
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে আটটায় মসজিদের পাশের খোলা মাঠে (পিএস ১০৬) ঈদের নামাজের জামাত হয়েছে।
পার্কচেস্টার জামে মসজিদে সকাল আটটায়, সকাল নয়টায় ঈদের দুটি জামাত হয়েছে। দ্বিতীয় জামাতে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে আইএস-২৩৮ (৮৮-১৫, ১৮২ স্ট্রিট, জ্যামাইকা, এফ ট্রেনের লাস্ট স্টপ, ১৭৯ স্ট্রিট স্টেশনের পার্শ্বে), সুজান বি অ্যান্থনি স্কুল খেলার মাঠে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

দারুস সালাম মসজিদ (১৪৮-১৬, ৮৭ রোড, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩৫), জ্যামাইকা দারুস সালাম মসজিদের নবনির্মিত ভবনে ঈদের চারটি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায়, সাড়ে ৯টায় ও সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। মসজিদ মিশন সেন্টারে (৮৭-২৬,১৭৫ স্ট্রিট, জ্যামাইকা-১১৪৩২) ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও সাড়ে ১০টায়।
রিয়াজুল জান্নাহতে (১০৬-৩৮ ১৫৬ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৩) সাউথ জ্যামাইকায় পিএস-৪৮ স্কুল মাঠে (১০৮ অ্যাভিনিউ বিটুইন ১৫৬ অ্যান্ড ১৫৭ স্ট্রিট) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হয়।
আমেরিকান মুসলিম সেন্টারে (৮৯-১৪ ১৫০ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫) ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৯টা ও বেলা ১১টায়।
নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা ১১টায়।
জ্যামাইকার দারুল হিকমাহ নিউইয়র্কে (১১১-০৮ ফারমার্স বুলেভার্ড, কুইন্স, নিউইয়র্ক ১১৪১২) সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত হয় সকাল ৯টায় ৭৩ স্ট্রিট এবং রুজভেল্ট অ্যাভিনিউতে। দ্বিতীয় জামাত হয় সকাল ১০টায় মসজিদের ভেতরে। এস্টোরিয়া ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয়েছে সকাল সাড়ে ৮টায় ৩১ স্ট্রিট, ডিটমার্স বুলেভার্ড ও ২১ অ্যাভিনিউর মধ্যে।
এস্টোরিয়া আল আমিন জামে মসজিদের উদ্যোগে জামাত ৩৬ স্ট্রিট ও ৩৭ অ্যাভিনিউর মাঝে মসজিদের সামনে খোলা মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
ওজোন পার্ক ফুলতলি জামে মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হয় পিএস-৬৪ স্কুলের সামনে খোলা আকাশে সকাল সাড়ে ৮টায়। বায়তুল জান্নাহ জামে মসজিদ (৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক-১১২১৮) সংলগ্ন ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের ওপর অ্যাভিনিউ সি এবং চার্চ অ্যাভিনিউয়ের মাঝে উন্মুক্ত রাস্তায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের আয়োজনে সকাল ৯টায় পিএস ১২৭-এর প্লেগ্রাউন্ডে জামাত হয়।
মদিনা মসজিদে ঈদের একটি জামাত সকাল সাড়ে ৮টায় মসজিদসংলগ্ন ওভাল পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। এ ছাড়া কুইন্সের জ্যামাইকার বাংলাদেশ মিশন (হাজি ক্যাম্প) মসজিদ, দারুস সালাম মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার, ফুলতলি ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদী সেন্টার, ওজন পার্কের আল আমান জামে মসজিদ, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ, ম্যানহাটনের মদিনা মসজিদ, আসসাফা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল আমিন মসজিদ, গাউছিয়া মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার প্রভৃতি মসজিদের উদ্যোগে খোলা মাঠে বা মসজিদ ভবনে ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। আমেরিকা অন্যান্য অঙ্গরাজ্যেও প্রবাসীদের ঈদ জামায়াত ছিল উৎসবমুখর।
সর্বত্র দেশের শান্তিই ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন প্রবাসীরা। দেশের স্বজন পরিজনের খোঁজখবর নিচ্ছেন। দেশে কবে ঈদ হচ্ছে না হচ্ছে—এ নিয়ে কথা বলেছেন। অনেকেই স্বজনদের কবর জেয়ারতে এখানকার মুসলিম কবরস্থানে গেছেন।
নিউইয়র্কে দিনভর দেখা গেছে দেশজ পোশাক–পরা প্রবাসীদের বিচরণ। একে অন্যের বাসায় যাচ্ছেন। শুভেচ্ছা বিনিময় করছেন। কর্মদিন হওয়ায় অনেকেই কাজে ছুটি নিয়েছেন। যাদের ছুটি মেলেনি, তারা কাজে চলে গেছেন অন্য আরও দশ দিনের মতো।
সাইফুল নামের এক প্রবাসী কাজে যেতে যেতে প্রথম আলোকে বললেন, কিপ আমেরিকা গ্রেট!
নিউইয়র্ক নগরে বাংলাদেশিদের পরিচালিত বৃহত্তম মসজিদগুলোর অন্যতম কুইন্স বরোর জ্যামাইকায় অবস্থিত জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল খেলার মাঠে (১৬৮ ও ৮৪ অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) সকাল সোয়া ৯টায় নিউইয়র্কের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়োবৃদ্ধ ১২–১৫ হাজার মুসলিম নর-নারী ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এই জামাতে ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন জেএমসির খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। এ ছাড়া খুতবা পড়েন জেএমসির ইমাম শামসে আলী।
জেএমসি আয়োজিত ঈদুল ফিতরের নামাজের আগে জেএমসি পরিচালনা কমিটির ডা. সিদ্দিকুর রহমান, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটস, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান ও কাউন্সিলম্যান কস্টা এবং স্থানীয় পুলিশ প্রিসেঙ্কটের প্রতিনিধি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই পর্ব উপস্থাপনায় ছিলেন জেএমসির সেক্রেটারি মনজুর আহাদ চৌধুরী।
জ্যামাইকার আলআরাফা মসজিদ কমিটির উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও স্থানীয় সুসান বি অ্যান্থনি স্কুলের খেলার মাঠে খোলা আকাশের নিচে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
এদিকে কানাডা ও ওয়াশিংটন ডিসিসহ আমেরিকার নিউজার্সি, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ওহাইও, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি অঙ্গরাজ্যে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অঙ্গরাজ্যে বসবাসকারী বাংলাদেশিরা এলাকার মসজিদ, কমিউনিটি সেন্টার ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।
প্রতিটি ঈদের জামাত শেষে নবীন-প্রবীণ, ছোট-বড় সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকায় দূর–দূরান্ত থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি সপরিবারে ঈদের নামাজে শরিক হন। রং–বেরংয়ের বাহারি পোশাকে ঈদের নামাজ আদায় ভিন দেশিদের বিশেষভাবে আকৃষ্ট করে। ঈদের দিনটি কর্মদিবসের মাঝখানে মঙ্গলবার থাকার পরও ঈদের জামাতগুলোতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম নর-নারী যোগ দেন।