জামিনে মুক্তি শাহেদুল ইসলামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম
নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম

শ্রমিক পাচার এবং গৃহকর্মীকে নির্যাতন ও ভয় দেখিয়ে বেতন ছাড়াই কাজ করানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া নিউইয়র্কে বাংলাদেশের উপকনসাল জেনারেল মো. শাহেদুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নিউইয়র্ক সময় ১৩ জুন মঙ্গলবার দিনভর প্রয়াসের পর রাত সাড়ে আটটার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। গত সোমবার সকালে পুলিশ তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাঁকে কুইন্সের আদালতে হাজির করা হয় এবং সেখান থেকে সরাসরি ব্রঙ্কসের একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

নিউইয়র্ক কনসাল জেনারেল অফিস থেকে জানানো হয়, জামিনের জন্য বন্ড জমা দেওয়ার পর আদালতের আনুষ্ঠানিকতার পর উপকনসাল জেনারেল মো. শাহেদুল ইসলাম মুক্তি পান। এ সময় ভারমন সি বেইন কারেকশন সেন্টারে শাহেদুল ইসলামের পরিবারের সঙ্গে কনসাল জেনারেল শামিম আহসান, ফার্স্ট সেক্রেটারি শামীম হুসেইন ও থার্ড সেক্রেটারি আসিব আহমেদ কারাফটকে উপস্থিত ছিলেন। ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস শাহেদুল ইসলামের জামিনে মুক্তির বিষয়টি তত্ত্বাবধান করেছে।

কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউনের দপ্তর থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, শাহেদুলের বিরুদ্ধে এক বিদেশিকে এনে তাঁর বাসায় রেখে ২০১২ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত বিনা বেতনে জোর করে কাজ করানোর ঘটনায় শ্রম পাচার ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বিচারক ড্যানিয়েল লুইস ৫০ হাজার ডলারের বন্ড বা ২৫ হাজার ডলার নগদে তাঁর জামিন ঠিক করে দেন এবং তাঁর পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেন। বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
জামিন পেলে মামলার শুনানির জন্য ২৮ জুন শাহেদুলকে আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত শাহেদুল ইসলাম কূটনৈতিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেও ‘কূটনৈতিক দায়মুক্তি’র অধিকারী না হওয়ায় গ্রেপ্তার এড়াতে পারেননি। ২০১১ সালে নিউইয়র্ক মিশনে কাউন্সিলর পদে যোগ দেন তিনি।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান প্রথম আলোকে জানান, শাহেদুল ইসলামের গৃহকর্মী রুহুল আমিন ২০১৬ সালের ১৭ মে নিখোঁজ হওয়ার পরদিনই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বিষয়টি জানানো হয়েছিল। রুহুল আমিন উধাও হয়ে যাওয়ার ১৩ মাস পর এসব অভিযোগ কেন তোলা হচ্ছে, তা রহস্যজনক।

এদিকে নিউইয়র্কে শাহেদুল ইসলামকে আটকের ঘটনায় ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রিফম্যানকে গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করা হয়। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মাহবুব উজ জামানের সঙ্গে দেখা করলে একজন পলাতক ব্যক্তির কথায় কেন একজন কূটনীতিককে আটক করা হয়েছে, সেটি রিফম্যানের কাছে জানতে চাওয়া হয়। জানা গেছে, বিষয়টি বাংলাদেশের কাছে পরিষ্কার নয় বলে যুক্তরাষ্ট্রের কাছে এ নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে।

বিষয়টির সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত বলে আদালতে উপস্থিত ছিলেন মার্কিন সুপ্রিম কোর্টর সাবেক পাবলিক ডিফেন্ডার অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, শাহেদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আদালতে যাওয়া হয়েছে। মঈন চৌধুরী বলেছেন, শাহেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ খুবই গুরুতর। কিন্তু ঘটনা ঘটার অনেক দিন পর অভিযোগকারী আইনের শরণাপন্ন হয়েছেন। সে জন্য এই সুযোগটি শাহেদুল ইসলাম পেতে পারেন। গৃহকর্মী পলাতক হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় সময় মত সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এমন ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন।

শাহেদুল ইসলামের দেশের বাড়ি ঠাকুরগাওয়ে। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর নিজের এলাকার প্রবাসীরা কারাফটকে এসে ভিড় করেন। তাঁরা বলতে থাকেন, দেশ থেকে আনা গৃহকর্মী আমেরিকায় থাকার জন্যই এমন অভিযোগ করেছেন।

গৃহকর্মীকে নিয়ে একই রকম জটিলতা তৈরি হয়েছিল ২০১৪ সালে। সেবার এ রকম এক অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের তখনকার কনসাল জেনারেল মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার নোটিশ দেওয়ার মাঝপথে তিনি নিউইয়র্ক ছেড়ে যান।