জেবিএফএসের বৈশাখী মেলা ২৮ এপ্রিল
জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনকের বৈশাখী মেলা-১৪২৫ আগামী ২৮ এপ্রিল শনিবার জ্যামাইকার ডিএমভি পার্কিং লটে অনুষ্ঠিত হবে। এবারের মেলার পৃষ্ঠপোষক হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও নিউইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ ইনকের প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ।
৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এই মেলার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেবিএফএসের সভাপতি শেখ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু।
সভায় জেবিএফএসের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি; উপদেষ্টা নাসির আলী খান, ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, মনজুর আহমেদ চৌধুরী, হুসনে আরা বেগম, শাহ নেওয়াজ, মনির হোসেন ও এবিএম সালাহউদ্দিন আহমেদ এবং কর্মকর্তাদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপাতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফুল ইসলাম, আলী কে খান কনক, হুমায়ুন কবির, সৈয়দ মোস্তফা আল আমীন রাসেল, আনোয়ার হোসেন, ড. শাহনাজ আলম লিপি, সৈয়দ লিটন আলী, মোহাম্মদ কবীর হোসেন, মোহাম্মদ কবির মুন্সী, শেখ আল আমিন, আব্দুল মোন্নাফ তালুকদার, আব্দুল মজিদ আকন্দ, রাব্বি সৈয়দ, নিলুফার খান স্বপ্না, জুয়েল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, সভায় আগামী বছর থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহের প্রথম রোববার এই মেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। চলতি বছরের মেলার বাজেট ধরা হয়েছে ৪৫ হাজার ডলার। সভায় জানানো হয়, প্রতি বছরের মতো এবারও মেলায় একাধিক স্টল, দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ এবং বৈশাখী পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া এবারের মেলায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম ড. মনসুর খান ও সদস্য প্রয়াত মান্নান সুপার মার্কেট ও গ্রোসারির প্রতিষ্ঠাতা সাঈদ রহমান মান্নানকে সম্মাননা জানানো হবে।