জেবিবিএ ভাঙার দায় কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে বাংলাদেশিদের সবচে বড় বণিক সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) ভেঙে গেছে। এখন চলছে, এক পক্ষের আরেক পক্ষকে অবৈধ ঘোষণা করার পালা। 

এক পক্ষে রয়েছে আগের কার্যকরী পরিষদ (জিকো-তারেক) এবং অপরটিতে রয়েছে সভাপতি প্রার্থী দিদারুল ইসলাম এবং উপদেষ্টা পরিষদ সভাপতি মহসীন ননী। ব্যবসায়ী নেতাদের কাঁদা ছোড়াছুড়িতে জ্যাকসন হাইটসে এখন উত্তেজনা চরমে।
স্বদেশি ব্যবসায়ী নেতাদের এমন বিভক্তি উদীয়মান অভিবাসী হিসেবে বাংলাদেশিদের আমেরিকায় বাণিজ্য সাফল্য এবং ব্যবসায়ীদের স্বার্থকে ব্যাহত করবে বলে মনে করা হচ্ছে।
বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ হিসেব অনুযায়ী ডিসেম্বরের ২৭ তারিখে উত্তীর্ণ হয়ে যাওয়ার কথা থাকলেও তারা নিজেরা ৯০ দিনের মেয়াদ বৃদ্ধি করেন। নির্বাচন কমিশনকে দিয়ে তাঁরা তফসিল ঘোষণাও করিয়েছিলেন। এই মেয়াদ বাড়িয়ে নেওয়াকে গঠনতন্ত্র বিরোধী বলে উল্লেখ করেছিলেন উপদেষ্টা পরিষদ সভাপতি হাটবাজার-এর স্বত্বাধিকারী মহসীন ননী। তবে, কার্যকরী পরিষদ সভাপতি ব্যবসায়ী জাকারিয়া মাসুদ জিকো বলেন, ‘তাদের কারণেই আমরা নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে পারিনি, তাই গঠনতন্ত্র অনুযায়ী নিয়ম মেনেই সময় বাড়িয়ে নিয়েছি। এখন আমরা নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন করিয়ে, সঠিকভাবে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেই বিদায় নেব।’ তবে সেই নির্বাচন বর্জন করে তা বাতিলের ঘোষণা দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

২ জানুয়ারি ছিল মনোনয়ন পত্র নেওয়ার শেষ দিন। জিকো-তারেক পক্ষের অনেকেই কিনেছেন মনোনয়নপত্র। তবে বিরত ছিলেন দিদারুল ইসলাম এবং উপদেষ্টা পরিষদের আস্থাভাজন গ্রুপের সবাই।
দিদারুল ইসলাম এবং উপদেষ্টা পরিষদের আস্থাভাজন ১২৪ জন সদস্য ভোটারের কেউ মনোনয়ন পত্র কেনেননি। নিয়ম মেনে তাঁরা সংগঠনের সদস্যপদ নবায়নও করেননি। সর্বশেষ চেষ্টা অনুযায়ী, ২ জানুয়ারি তাঁরা কার্যকরী পরিষদ মনোনীত নির্বাচন কমিশনের সঙ্গে বসে দীর্ঘ বৈঠক করেন। সেখানে, সংগঠনকে না ভাঙতে প্রথম পদক্ষেপ হিসেবে, এই মনোনয়ন ফর্ম বিক্রি স্থগিত করতে বলেছিলেন। জবাবে নির্বাচন কমিশন তাদের কাছে অনুরোধ করে, ১২৪ জন সদস্যের অন্তত কিছু সদস্য তাদের সদস্যপদ নবায়ন করলেও তারা নির্বাচন পিছিয়ে দেবেন। কিন্তু উপদেষ্টা পরিষদ আগে মনোনয়ন প্রক্রিয়া বন্ধ রেখে তাদের আস্থা অর্জনের জন্য চাপ প্রয়োগ করেন।

প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের প্রধান পারভেজ কাজী বলেন, ‘আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছি যে তারা যেন তাদের ভান্ডারে থাকা সদস্যদের পদ নবায়ন করে ভোটার তালিকায় নাম নিবন্ধন করেন। তাঁরা আমাদের বলেছেন, আগে নির্বাচনী তফসিল বাতিল করতে। আমরা বলেছি আগে সদস্যপদ জমা দিতে। সেটাতে আটকে গেছে সব। তাঁরা আমাদের কাছে জানতে চেয়েছিল যে, নিয়ম অনুযায়ী কার্যকরী পরিষদের মেয়াদ বর্ধিত করার বিধান নেই, এটা নির্বাচন কমিশন মানে কিনা-আমরা বলেছি এই বিতর্কে আমরা যাব না। তারা সেটা শোনেনি। কাজেই এখন যেটা হওয়ার সেটাই হয়েছে।’

অন্যদিকে উপদেষ্টা পরিষদ সভাপতি মহসিন ননী জানিয়েছেন, ‘সংগঠনের গঠনতন্ত্র না মানলে সংগঠন করে কি লাভ? গায়ের জোরে কারও মেয়াদ বর্ধিত করার বিধান নেই। যেটা বিদায়ী কমিটি করেছে সেটা অবৈধ। এই অবৈধ অবস্থায় তারা নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন পরিচালনা করতে চায়। কিন্তু হিসাব অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে উপদেষ্টা পরিষদ, যেহেতু তারা তাদের মেয়াদের মধ্যকালীন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এখন সব দায়িত্ব উপদেষ্টা পরিষদের হাতে। আমরা চেয়েছিলাম এই নির্বাচন কমিশনকে আস্থায় নিয়ে ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠানে। কিন্তু তারা জিকো-তারেক পরিষদের অনুগত হয়েই কাজ করছে এখনো। এটা গঠনতন্ত্র বিরোধী। তাই তাই তাদের বিলুপ্ত এবং বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জেবিবি-এর নতুন নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করব, নতুন করে নির্বাচন কমিশন গঠন করার পর।’

এমন অবস্থায় কারা আসল জেবিবিএ চালাচ্ছে সেই দ্বিধায় পড়েছেন সংগঠনের সাধারণ সদস্যরা। অনেকেই আক্ষেপ করে বলছেন, অনেক সম্ভাবনা থাকতেও শুধুমাত্র আঞ্চলিক রাজনীতির প্রভাব দেখাতেই দুই পক্ষ অনড় অবস্থানে থেকে নষ্ট করছে এই বড় বণিক সংগঠনটিকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেবিবিএ সদস্য বলছিলেন, এখন দ্বন্দ্বটি মূলত, কাদের কাছে যাবে জেবিবিএর নেতৃত্ব সেটা নিয়ে। যেই ১২৪ জন সদস্য তাদের সদস্যপদ নবায়ন করেননি, তারাই মূলত এই সংগঠনের আদি প্রতিষ্ঠাতা সদস্য। জ্যাকসন হাইটসের বড় বড় গ্রোসারি এবং রেস্টুরেন্ট মালিকেরা আছেন এই দলে। অন্যদিকে, বর্তমান কার্যকরী পরিষদ এবং নির্বাচন কমিশনের সদস্যরা গ্রোসারি এবং রেস্টুরেন্ট ব্যবসার বাইরের সদস্য। জেবিবিএ নেতৃত্ব তারা গ্রোসারি-রেস্টুরেন্ট ব্যবসায়ীদের হাতে তুলে না দিয়ে ইনস্যুরেন্স, ট্রাভেলস-ট্যাক্স প্রতিষ্ঠানের হাতে রাখতে চাইছেন। সেখানেই দ্বন্দ্বটা স্পষ্ট। এখন দেখা যাবে, জেবিবিএ আবার ২টি ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষে থাকবে গ্রোসারি মালিকদের আধিপত্য, অন্য ভাগে থাকবে অনন্য ব্যবসায়ীদের আধিপত্য।

দায় কার এই সংগঠনকে বিভক্ত করার? জাকারিয়া মাসুদ জিকো আত্মপক্ষ সমর্থন করে বলছেন, ‘সংগঠনটি ভেঙে ফেলার জন্য আমরা দায়ী নই, আমাদের গত দুই বছরে কোনো সহযোগিতাই করেনি নির্বাচনে পরাজিত গ্রুপ। এ জন্য আমরা নির্ধারিত সময়ে নির্বাচন করতে পারিনি। এখন যারাই মনোনয়নপত্র কিনেছে, তাদের মধ্যেই ভোটাভুটি হবে। যদি শনিবার (৬ জানুয়ারি) দেখা যায় মনোনয়ন পত্র জমাদানের দিনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে যিনি একমাত্র সভাপতির পদে মনোনয়ন কিনেছেন (শাহনেওয়াজ) তাকেই হয়তো সংগঠনের সভাপতি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
অন্যদিকে দিদারুল ইসলাম জানিয়েছেন, ‘গায়ের জোরে যদি কেউ সংগঠনের গঠনতন্ত্র না মেনে নিজের পছন্দের প্রার্থীকেই জিতিয়ে দিতে চায়, সেই নির্বাচন এবং সংগঠনে অন্তর্ভুক্ত থাকা অর্থহীন। যে কেউ চাইলেই সমিতির নিবন্ধন নিতে পারে। তবে, হিসাব অনুযায়ী জেবিবিএ একটিই-এবং এটা এখন সাবেক কমিটির অধীনে নয় বরং উপদেষ্টা কমিটির তত্ত্বাবধানেই আছে। উপদেষ্টা পরিষদ (অ্যাডহক কমিটি) এখন সিদ্ধান্ত নেবে পরবর্তী করণীয় কি সে সম্পর্কে।’

বহু বছর ধরে দ্বিধাবিভক্ত থাকার পর ২০১৫ সালে বেশ ঘটা করেই একীভূত হয় যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সবচে বড় বণিক সংগঠন জেবিবিএ। কিন্তু তারা যে আসলেই এক থাকতে পারেননি, সেটা প্রমানিত হলো আবারও। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, সংগঠনের বৈধ দায়িত্ব কাদের হাতে সেটা নির্ণয়ে আদালতে নির্বাচন স্থগিতের মামলা করার প্রস্তুতি নিচ্ছে উপদেষ্টা পরিষদ। মামলা আর পারস্পরিক কাঁদা ছোড়াছুড়িতে নিউইয়র্কে বাংলাদেশিদের আরেকটি সংগঠন মুখ থুবড়ে পড়ছে, এমন আশঙ্কাই করছেন প্রবাসীরা।