জেবিবিএর ঐক্য এবং কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা সর্বস্ব জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) আমেরিকাপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একমাত্র সংগঠন—এখন এমন দাবি আর কেউ করেন না। ১৯৯৭ সালে ‘দেশি পণ্য কিনে হও ধন্য’ স্লোগানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সায়ীদ রহমান মান্নান ও সাধারণ সম্পাদক এলিন রহমানসহ জ্যাকসন হাইটসের যে কয়জন বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনটি দাঁড় করিয়েছিলেন, তার মধ্যে আমিও ছিলাম একজন। এই প্রবাসে ধর্মীয় সেবার পাশাপাশি শখের বশে দীর্ঘ পাঁচ বছর (১৯৯১-৯৬) মিড টাউন ম্যানহাটনের ‘এইব সাইন’ কোম্পানিতে কম্পিউটার গ্রাফিকস অ্যান্ড সাইন ডিজাইন ও প্রোডাকশনের কাজের অভিজ্ঞতা সঞ্চয় করি। ১৯৯৭ সালে ইউএসআইএস থেকে সাইন টেকনোলজি অ্যান্ড মার্কেটিংয়ের প্রশিক্ষণ ও সনদ নিই। মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের মেঘনা শপিং সেন্টারে প্রথম বাংলাদেশি সাইন/ব্যানার ব্যবসা প্রতিষ্ঠান ‘সাইন অনলাইন’–এর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীদের সংশ্লিষ্ট সেবা দিই।

জ্যাকসন হাইটসে আমার সাইন ব্যবসা ও জেবিবিএর পদচারণা একই বছর (১৯৯৭)। মান্নান গ্রোসারির মালিক সাঈদ রহমান মান্নানের বিশেষ অনুরোধে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জেবিবিএতে যোগ দিই। ২০০৪ সালের জুনে জেবিবিএকে বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি ও প্রবাসীদের কাছে আরও ব্যাপক হারে পরিচিত করে তুলতে প্রয়াসী হই। ব্রডওয়ের ওপরে ৩৭ অ্যাভিনিউ থেকে সিংহ মার্কা বিল্ডিংয়ের সামনে দিয়ে রুজভেল্ট অ্যাভিনিউ পর্যন্ত বিশাল এই পরিসরে প্রথম পথ মেলার সম্মিলিত আয়োজনে অংশ নিই। পথ মেলার লোগোটি আমি ও এলিন রহমানের পরিকল্পনায় ডিজাইন করেছিলেন শিল্পী তাজুল ইমাম। প্রোডাকশনে ছিল সাইন অনলাইন। সার্থক সে মেলায় ফকির আলমগীরের ‘ও সকিনা গেছছ কিনা ভুইলা আমারে, আমি ওহন ট্যাক্সি চালাই নিউইয়র্ক শহরে’ গানের ঝনঝনানিতে উদ্বেলিত হয়েছে।

সে মেলার পরপরই জেবিবিএর পরিচিতি বেড়েই চলতে লাগল। সাঈদ রহমান মান্নান ও সে সময়ের আলাউদ্দীনের (বর্তমানে যেখানে প্রিমিয়াম সুইটস) মালিক ইঞ্জিনিয়ার এলিন রহমানের সুযোগ্য ও সুদূরপ্রসারী নেতৃত্বে এগিয়ে চলল জেবিবিএর ব্যবসায়িক তৎপরতা। বাড়তে লাগল এর সদস্য সংখ্যা। ২০০৬ সালের শেষের দিকে বাংলাদেশ থেকে যৌথ উদ্যোগে ‘ডট নেট’ নামে একটি প্রিন্টিং ব্যবসা নিয়ে জ্যাকসন হাইটসে আসেন নারায়ণগঞ্জের চৌকস ব্যবসায়ী কামাল মৃধা। প্রথমে গ্রাফিকস ওয়ার্ল্ডের শাকিল মিয়া ও পরে ডট নেট গ্রাফিকসের প্রদীপ দাকে ম্যানেজ করে কামাল মৃধা জেবিবিএর সদস্য হন। ব্যবসা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু করেন রাজনীতি। অবশ্য পরে একেবারে আমেরিকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন মৃধা।

২০০৭ সালের দিকে কামাল মৃধা সুর তোলেন, জেবিবিএ সংগঠনটিকে বিনা নির্বাচনে আর চলতে দেওয়া যায় না। কেন সাঈদ রহমান মান্নান আর এলিন রহমান একচেটিয়া সংগঠন পরিচালনায় থাকবেন? আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, সংগঠনে আমরা নির্বাচন চাই। ভেতরে-ভেতরে কামাল মৃধা জেবিবিএতে বাংলাদেশি নোংরা রাজনীতির ছড়াতে লাগলেন। এমনকি নিজের পছন্দ মতো লোকজনকে নিয়ে গোপনে একটি প্যানেলও করে নিলেন। যদিও সে সময় জেবিবিএর দু শর বেশি সদস্য নতুন এই সংগঠনটির নির্বাচনের কোনো প্রয়োজন আছে বলে মনেই করেননি। কারণ মরহুম সাঈদ রহমান মান্নানের প্রতি সবার আস্থা ছিল অপরিসীম। কামাল মৃধার দুরভিসন্ধি ও পাঁয়তারায় অবশেষে দুটি প্যানেলে ভাগ হয়ে গেল জেবিবিএর সদস্যরা।

এক প্যানেলের পরোক্ষ নেতৃত্ব দিলেন কামাল নিজেই। প্যানেল সদস্যেদের কাছ থেকে নির্বাচনী ব্যয় বাবদ একটি আয়ের ব্যবস্থাও করে নিলেন জাঁদরেল মৃধা। জ্যাকসন হাইটসে লাগানো হলো বড় বড় একক ও সম্মিলিত পোস্টার। বড় বড় ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়ে শুরু হলো ক্যাম্পেইন ও জনসংযোগ। নির্বাচনী সরগরমে সে সময়ের জ্যাকসন হাইটস মেতে উঠেছিল পুরোপুরি জৌলুশে। অনুষ্ঠিত হলো জেবিবিএর ইতিহাসে প্রথম নির্বাচন। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মন্টু-জিকো পরিষদ থেকে নির্বাচিত হলাম বিপুল ভোটে। ওই নির্বাচনের একটি ভালো দিক ছিল, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মেঘনা শপিং সেন্টারের কর্ণধার এম রহমানের পরিচালনায় স্বচ্ছ নির্বাচনে দুই পক্ষ থেকেই কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে কামাল মৃধার মনোনীত প্যানেলে তার সমর্থিত সব প্রার্থীর শোচনীয় পরাজয় হয়। একটি প্যানেল থেকে মোহাম্মদ পীর সভাপতি এবং আমাদের প্যানেল থেকে জাকারিয়া মাসুদ জিকো সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন। ২০০৮-১০ দুই বছর মেয়াদি জেবিবিএর প্রথম নির্বাচিত কমিটি গঠন করা হয়। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে কমিটির অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গেই দুই প্যানেল থেকে নির্বাচিত সদস্যরা মোহাম্মদ পীর ও জাকারিয়া মাসুদ জিকোর নেতৃত্বে জেবিবিএকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর কাজ শুরু করেন। প্রতিষ্ঠাতা সদস্য সাঈদ রহমান মান্নান অনেক সদস্যের অনুরোধ সত্ত্বেও নির্বাচনে প্রার্থী হননি। তবে তিনি ছিলেন উপদেষ্টা এবং নতুন কমিটির কর্মকাণ্ডে ছিলেন সন্তুষ্ট। মরহুম মান্নানের আন্তরিক ইচ্ছা ও বদান্যতার কারণেই জেবিবিএর সদস্য সংখ্যা শুধু বাড়েনি, বরং এর সুনাম ছড়িয়ে পড়ে চতুর্দিকে।

নির্বাচিত সমাজ কল্যাণ সম্পাদক এবং পরে একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত জেবেবিএর বার্তা সম্পাদক হওয়ার কারণে স্বভাবতই আমার ওপর দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। নির্বাচিত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুলের অনুপস্থিতিতে প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সাঈদ রহমান মান্নান এবং সাধারণ সম্পাদক জিকোর অনুরোধে এবং জেবিবিএর স্বার্থের কথা চিন্তা করেই বার্তা সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব নিয়েছিলাম । আমার সাংবাদিকতার শুরুটা সেখানেই ২০০৮ সালে।

এ কথা গর্ব করে বলতে পারি, কমিটির সতীর্থদের সহযোগিতায় এক পারিবারিক পরিবেশে কলমের লেখনীতে জেবিবিএর সব কর্মকাণ্ডকে সেদিন ভিন্ন একপর্যায়ে আমরা নিয়ে দাঁড় করিয়েছিলাম। নিউইয়র্কপ্রবাসী সব সংগঠনের শীর্ষে ছিল জেবিবিএর অবস্থান। বাংলাদেশ সোসাইটি, ফোবানা কিংবা লীগ অব আমেরিকা—জেবিবিএর সাংগঠনিক দক্ষতার সামনে ম্লান হয়ে গিয়েছিল। যার ফলে, জ্যাকসন হাইটসে অফিস নিয়ে নতুন নতুন ব্যবসা খুলে জেবিবিএর সদস্য পদ লাভের দৌড়ঝাঁপ ছিল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের যেন এক চরম পাওয়া।

জেবিবিএর মানকে আরও বাড়াতে নতুন কমিটির কাছে নিম্ন বর্ণিত দুটো প্রস্তাব রাখলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যেহেতু জেবিবিএর মান এখন আমেরিকাপ্রবাসী সব সংগঠনের ঊর্ধ্বে, তাই একুশসহ বাংলাদেশের প্রতিটি জাতীয় অনুষ্ঠান আর কোনো অনুষ্ঠানের অঙ্গ সংগঠন না হয়ে জেবিবিএর নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় যেন উদ্‌যাপিত হয়। সেই পরিকল্পনা মতো জেবিবিএর স্থান বাছাইয়ের কথা উঠে। ৭৩ স্ট্রিটের ৩৭-১৮ ও ৭৩-২২–এর মাঝের খালি জায়গাটি জেবিবিএর একুশ উদ্‌যাপনের জন্য সর্বসম্মতভাবে নির্ধারিত হয়। সে সময় ওই গলিটির নাম ‘একুশের গলি’ করার প্রস্তাব আমিই দিয়েছিলাম, যা লিপিবদ্ধ করা হয়েছিল আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে। জেবিবিএর নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত চমৎকার একুশ অনুষ্ঠানটি চ্যানেল আই বারবার প্রচার করে উত্তর আমেরিকাসহ পুরো বাংলাদেশ জেবিবিএকে পরিচিত করে তোলে। শুধু তাই নয়, জেবিবিএকে মূলধারায় ও ভিন্ন সাংস্কৃতিক পরিবেশ ও প্রতিবেশে পরিচিত করে তোলার জন্য সে সময় (২০১০) অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তঃধর্মীয় প্রীতি মেলায় প্রবাসী ফুটবল তারকা জসির নেতৃত্বে স্থানীয় হিসপানিকদের সঙ্গে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জেবিবিএ টিম ৫-৩ গোলে তাদের পরাজিত করে জেবিবিএর সুনাম আরও বাড়িয়ে তোলে। ওই কমিটি নিঃস্বার্থভাবেই জেবিবিএকে বাংলাদেশি প্রবাসীদের একমাত্র আদর্শ ব্যবসায়ী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করে।

কমিটির সফল ও সার্থক মেয়াদ শেষ হওয়ার সময় আমরা প্রতিজ্ঞা করেছিলাম, নতুন ব্যবসায়ী সদস্যদের সংগঠনের নেতৃত্বের সুযোগ দিতে আমরা আর প্রতিযোগিতা করব না। সেই সুবাদে কালাম মৃধা হেরে যাওয়ার গ্লানি মুছে ফেলতে না পেরে আমাদের মেয়াদ পার হওয়ার পরপরই পরবর্তী নির্বাচনের আগে সংগঠনটিকে তার নিজস্ব স্বার্থে ব্যবহার করতে থাকেন। কিছু অপরিপক্ব সদস্যের কারণে সংগঠনটি হোঁচট খেতে থাকে। এর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে থাকে। কাদা ছোড়াছুড়ি ব্যাপকতায় সবার কাছে সংগঠনটি উপহাসের পাত্র হয়ে উঠে। মেলা ও স্পনসরদের কাছ থেকে মোটা অঙ্কের আয়কে নিজস্ব আয় মনে করে ইচ্ছে মতো তহবিল ব্যবহৃত হতে থাকে। জেবিবিএ অস্তিত্বহীনতায় যখন ভুগছে, ঠিক সে সুযোগেই এবিবিএ নামে আরেকটি সংগঠন দাঁড় করানো হয়। যদিও ওই সংগঠনটিও প্রেসবিজ্ঞপ্তি ও ফটো সেশন ছাড়া প্রবাসী ব্যবসায়ীদের তেমন কিছু উপহার দিতে পারিনি।

হাঁটিহাঁটি পা পা করে এগিয়ে চলা সংগঠন জেবিবিএ। যেটির উন্নয়নে নিরলস কাজ করেছি। সেই সংগঠনটি যখন অযোগ্য নেতৃত্বের মারপ্যাঁচে স্বার্থান্বেষী একটি মহলের টানা হেঁচড়াতে বিলীন হচ্ছিল, ঠিক সে সময় সংগঠনটিকে বাঁচাতে ও আগের জায়গায় একে ফিরিয়ে আনতে সচেষ্ট হই। সংগঠনের কিছু ত্যাগী সদস্যের অনুরোধে দুই প্রতিদ্বন্দ্বী দলকে এক এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা সদস্যদের একই ছাতার নিচে আনতে ‘ওয়ান জেবিবিএ’ পরিকল্পনা হাতে নিই। ওয়ান জেবিবিএর পরিকল্পনাকে পরোক্ষভাবে প্রায় সব সদস্যই স্বাগত জানান।

ওয়ান জেবিবিএর সাড়া যত এগিয়ে চলতে লাগল, বিবাদমান দুটো দল এক হতে শুরু করল। এমনকি তারা পরবর্তী নির্বাচন কমিশনকে মেনে নিয়ে ধীরে ধীরে এগোতে লাগল। তখনই নির্বাচন কমিশন থেকে ওয়ান জেবিবিএ কমিশনকে যোগ দেওয়ার আহ্বান জানালে সতীর্থদের সঙ্গে পরামর্শ করেই সংগঠনের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ওয়ান জেবিবিএ নির্বাচন ২০১৫-১৬–এ অংশ নিই। ওই নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জিকো সভাপতি এবং তারেক হাসান সাধারণ সম্পাদকসহ পুরো প্যানেল জয়ী হয়। দিদার-কামরুল প্যানেল নির্বাচনে অকৃতকার্য হলে তারা এই নির্বাচন বর্জন করে।

এ অবস্থায় জেবিবিএর শেষ এজিএম হয় ২০১৭ সালের ২১ নভেম্বর জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে। কঠোর নিরাপত্তার মধ্যেও সেখানে ছিল তুমুল হইচই। বিবাদমান দুই নেতা জাকারিয়া মাসুদ জিকো ও দিদারুল ইসলাম দিদার। দুজনের হাত ধরে মিলিয়ে দিতে সেখানে আমি চেষ্টা করি। কিন্তু একজনের ইচ্ছা থাকলেও আরেকজন আসেননি। জেবিবিএর ঐক্যের কথা চিন্তা করে কিছুই বলিনি তখন। ভাবছিলাম, সুন্দর হয়ে শেষ হোক এজিএমটি। কিন্তু ভেন্যুর নির্ধারিত সময় শেষ হয়ে গেলে সমাধানে ছাড়াই সবাইকে মিলনায়তন ছেড়ে চলে যেতে হলো। এরপর কোনো নির্বাচন ছাড়াই যার যার মতো করে নেন জেবিবিএকে। কিন্তু ভেতরের হায়–হুতাশ ও পাওয়া না–পাওয়ার বেদনা জ্বালাচ্ছিল দু পক্ষকেই। পরিশেষে জেবিবিএর নাম গড়ায় নিউইয়র্কের আদালত পর্যন্ত। মামলা, পাল্টা মামলা! মেলা হয় রহিত। কমিউনিটিকে কথা উঠে‘জেবিবিএ তুমি কার?

সর্বশেষ গত ২৫ আগস্ট বিভক্ত জেবিবিএর মেলায় জাকারিয়া জিকোর অনুপস্থিতিতেই দুই বিবাদমান পক্ষ দিদারুল ও তাঁর প্রতিবেশী শাহ নেওয়াজের মধ্যকার ঐক্যের সুর শুনে ভালোই লাগল। ১৯৯৭ সাল থেকে জেবিবিএকে সুদীর্ঘ ২২ বছরে খুব কাছে থেকে দেখেছি। একজন প্রতিষ্ঠাতা সদস্য, কার্যকারী সদস্য ও শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাই, জেবিবিএকে এর অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে সঠিক নেতৃত্ব, আন্তরিকতা, সংগঠনকে কুক্ষিগত না করে অন্যান্য ব্যবসায়ীকে সুযোগ দিতে হবে। তহবিল বাড়ানো ও ‘দেশি পণ্য, কিনে হও ধন্য’ কথাটির মর্মার্থের যথাযথ প্রয়োগ অবশ্যই প্রয়োজন। আর তা যদি না হয়, তাহলে এমন ঐক্য কেবল সংবাদ শিরোনামেই থেকে যাবে বলে মনে করি।