জেবিবিএর দ্বন্দ্ব প্রকাশ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকারিয়া মাসুদ জিকো, দিদারুল ইসলাম ও শাহ নেওয়াজ
জাকারিয়া মাসুদ জিকো, দিদারুল ইসলাম ও শাহ নেওয়াজ

জ্যাকসন হাইটসে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নেতৃত্ব নিয়ে আবার দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। ২২ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই আগামী নির্বাচনের প্রক্রিয়া এবং সংগঠন পরিচালনায় অসন্তোষকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় বিভক্তি প্রকাশ্যে চলে এসেছে। এক পক্ষ অভিযোগ করছে, অনেক ত্যাগের বিনিময়ে এই সংগঠন যে ঐক্যবদ্ধ রূপ পেয়েছিল, সেটি নষ্টের চেষ্টা চলছে। অন্য পক্ষ অভিযোগ করছে, আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করে নিজেরা ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করছে বর্তমান কমিটি। অভিযোগ ও পাল্টা অভিযোগে জ্যাকসন হাইটসে বাংলাদেশি বণিক সমিতির আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
সংগঠনের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত নতুন সদস্য অন্তর্ভুক্তি আর নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়েই সংকট দেখা দিয়েছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় নির্বাচনের সময় ঘনিয়ে এলেও সংকটের সমাধান হচ্ছে না। এই অবস্থায় সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১ ডিসেম্বর আবার একসঙ্গে বসতে সম্মত হয়েছেন বণিক সমিতির নেতারা।
আগামী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী তিতাস গ্রোসারির মালিক দিদারুল ইসলাম দিদার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, জাকারিয়া মাসুদ জিকো ও তারেক হাসানের নেতৃত্বে যে কার্যকরী কমিটি এখন আছে, তারা স্বেচ্ছাচারীর ভূমিকায় নেমেছে। তারা সংগঠনকে কোনো নিয়মতান্ত্রিক অবস্থার মধ্যে রাখেনি। কোনো রকম জবাবদিহিও নেই তাদের। কার্যকরী কমিটির সিদ্ধান্ত ছাড়াই তারা একটি বিতর্কিত নির্বাচন কমিশন গঠন করেছে। তিনি বলেন, ‘এই কমিশন দিয়ে তারা নির্বাচন করতে চায়। আমরা সেই নির্বাচন প্রতিহত করব। নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে আমরা নির্বাচনে যাব না। সে ক্ষেত্রে ঐক্যবদ্ধ জেবিবিএ বলে কিছুই থাকবে না।’

অন্যদিকে, দিদার চৌধুরী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনেছেন জেবিবিএর বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া মাসুদ জিকো। তিনি বলেন, ‘তাঁরা আসলে কী চান, তাঁরা নিজেরাও স্পষ্ট নন। ২১ নভেম্বরের সাধারণ সভায় তাঁরা হট্টগোল করতে চেয়েছিলেন। কারণ তাঁরা অব্যবসায়ীদের দিয়ে সংগঠনে ভোট বাড়াতে চান। সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। নির্বাচন হবে সামনে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা কমিটির পক্ষ থেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনও গঠন করেছি। তারা গণতান্ত্রিক পন্থা না মেনে গায়ের জোর প্রতিষ্ঠা করতে চায়, যেটা আমরা হতে দিতে পারি না।’
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে ব্যবসা করেন তিন শতাধিক বাংলাদেশি। আমেরিকার মিনি বাংলাদেশ এই জ্যাকসন হাইটসে বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান সম্প্রসারণ আর নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতেই গঠিত হয় জেবিবিএ। এই সংগঠনে সদস্য আছেন ২৫৬ জন। নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর সদস্যপদ নবায়ন করতে হয়।
তিতাস গ্রোসারির মালিক দিদার চৌধুরী দাবি করেন, বর্তমান কমিটির বিরুদ্ধে অসন্তোষ, সদস্য বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এনে জ্যাকসন হাইটসের বড় উদ্যোক্তাদের অনেকেই এই সংগঠনের সদস্যপদ থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন। খাবার বাড়ি, প্রিমিয়াম সুইটস, হাটবাজার, ইত্যাদি, তিতাস, মেঘনা, মিনা বাজার, অবকাশ, আড়ং, মান্নান, তাজ গ্রোসারিসহ বেশ কিছু প্রতিষ্ঠান এখনো তাদের সদস্যপদ নবায়ন করেনি।
দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ২০১৫ সালের সর্বশেষ এই বণিক সমিতির নির্বাচনে অতীতের সব দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হন সংগঠনের সব সদস্য। নির্বাচনে জিকো-তারেক পরিষদ জয়ী হয়। কিন্তু এই কমিটি গত দুই বছরে তাদের প্রতিশ্রুত কোনো কাজই বাস্তবায়ন করতে পারেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, নানা বিষয়ে সংগঠনে বিভক্তি দেখা দেয়। সেই বিভক্তি প্রকট হয়ে দেখা দেয় ২১ নভেম্বরের সাধারণ সভায়। জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে রাত সাড়ে আটটার দিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত ১২টায় সভা শেষ হয়। সভা চলাকালে বিগত দুই বছরের আয়-ব্যয় নিয়ে অস্বচ্ছতা, তলবি সভা, নির্বাচন কমিশন গঠন আর সভাপতি ও সাধারণ সম্পাদকের নানা সিদ্ধান্ত নিয়ে দফায় দফায় ব্যাপক হইচই হয়।
বর্তমান ১৫ সদস্যের কার্যকরী কমিটির সদস্য রুপালী ট্রাভেলসের মালিক মোশারফ হোসেন। তিনিও বর্তমান কমিটির নানা কর্মকাণ্ডে ক্ষুব্ধ। তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘সভায় আমাদের দীর্ঘদিনের অসন্তোষ এভাবে প্রকাশ্যে আসায় আমরা মর্মাহত। সেটা আমরা করতে বাধ্য হয়েছি, কারণ কমিটির শীর্ষ নেতারা আমাদের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিলেন না। কমিটির ১৫ সদস্যের মধ্যে আমরা ৮ সদস্যই জানি না কোথায় কী হচ্ছে, কীভাবে হচ্ছে। বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া মাসুদ ও তারেক হাসান নিজেদের খেয়াল-খুশিমতো কাজ করছেন। নির্বাচন কমিশনকে তাঁরা যেভাবে নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে আগামী নির্বাচন প্রভাবিত করে তাঁরা এই সংগঠনকে ধ্বংস করতে চান।’
এসব অভিযোগ নাকচ করে বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া মাসুদ বলেন, ‘আসলে আগের পরাজিত প্রার্থী তাঁর ক্ষোভ ও কষ্ট অন্যদের মধ্যে ছড়িয়ে দিতেই কর্মী-সমর্থকদের দিয়ে তাঁদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ দাঁড় করাচ্ছেন। গত ২১ নভেম্বর সভায় তাঁরা এসব বিষয় নিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিলেন, সেটা শোভন হয়নি। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকলে আমাদের কমিটির বাইরেও অ্যাডভাইজরি কমিটি আছে। মূল কথা হলো, গণতন্ত্র ও গঠনতন্ত্র মেনে কেউ চলতে না চেয়ে গায়ের জোরে সংগঠন চালাতে চাইলে হবে না। সেটা কাউকে করতে দেওয়া হবে না।’
বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২২ ডিসেম্বর। এই কমিটির গঠন করা নির্বাচন কমিশন মেনে নেবেন না বলে স্পষ্টই জানিয়েছেন প্রতিবাদকারীরা। সে ক্ষেত্রে কমিটির মেয়াদ শেষ হলে উপদেষ্টা কমিটির নিয়ন্ত্রণে যাবে জেবিবিএ। তখন সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে সেটি হবে আরও বড় চিন্তার বিষয়। বর্তমান সভাপতি জাকারিয়া মাসুদ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তিনি চলে যাবেন উপদেষ্টা কমিটিতে। তাঁর প্যানেলে দিদার চৌধুরীর বিপরীতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন এনওয়াই ইনস্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী শাহ নেওয়াজ।