জেবিবিএর পথমেলায় সম্প্রীতির জয়গান

তারকা শিল্পীদের গানের আমেজে ঐক্যবদ্ধ হলো জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ২৫ আগস্ট অনুষ্ঠিত ১২তম পথমেলাটি পরিণত হয় কমিউনিটির মেলবন্ধনের অপূর্ব এক সমাবেশে। দুই বছরেরও অধিক সময় ধরে বিভক্ত জেবিবিএর কর্মকর্তারা এক সঙ্গে মঞ্চে উঠে বিপুল করতালির মধ্যে ঐক্যের ঘোষণা দেন।
এর মধ্য দিয়েই বহুজাতিক এই সিটিতে প্রবাসীদের এগিয়ে চলার পথ সুসংহত হলো বলে এই মেলায় উপস্থিত স্টেট সিনেটর, স্টেট অ্যাসেম্বলিম্যান, সিটি কাউন্সিলম্যান এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডাররা মন্তব্য করেন। অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, ‘নানা কারণে অভিবাসী সমাজে হতাশা বিরাজ করছে, চরম এক আতঙ্কে দিনাতিপাত করছে অভিবাসনের মর্যাদাহীনরা। এ অবস্থায় ঐক্যের বিকল্প নেই। জেবিবিএর মতো একটি বড় সংগঠনের অনৈক্য দূর হওয়ার সুফল প্রকারান্তরে সাধারণ প্রবাসীরাই পাবেন।’
ঐক্যের ঘোষণার পরিপ্রেক্ষিতে আবুল ফজল দিদারুল ইসলাম এবং কামরুজ্জামান কামরুলের নেতৃত্বাধীন কমিটি এখন আরও জোরালোভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ করতে সক্ষম হবেন। এই কমিটির সঙ্গে একীভূত হলো শাহনেওয়াজ ও মাহাবুবুর রহমান টুকুর নেতৃত্বাধীন জেবিবিএ। শাহনেওয়াজ পথমেলা মঞ্চে উঠে অনৈক্য ভুলে যাওয়ার ঘোষণা প্রদানের সময় জেবিবিএর সর্বস্তরের নেতারাও সেখানে ছিলেন। ঐক্য প্রক্রিয়ার সমন্বয় করেন হারুন ভূঁইয়া ও ফাহাদ সোলায়মান।

জেবিবিএর পুনর্মিলনী সমাবেশ তথা পথমেলায় জেগে ওঠা বাঙালিদের প্রাণের কথামালায় সাজানো সংগীতে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, শাহ মাহবুব, কৃষ্ণা তিথির মতো বরেণ্য শিল্পীরা। মেলা সবার জন্য উন্মুক্ত ছিল।
মেলায় শুভেচ্ছা জানাতে এসেছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ, সিটি কাউন্সিলম্যান ডোনাভান জে রিচার্ডস, মূলধারায় জনপ্রিয় সংগঠক মাজেদা এ উদ্দিন, স্থানীয় পুলিশ প্রিসিঙ্কটের কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার মারিয়ো এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম।
পুরো আয়োজন সুচারুরূপে পরিচালনা ও সমন্বয়ে ছিলেন মেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফাহাদ সোলায়মান, সদস্যসচিব মোহাম্মদ আলম নমী, যুগ্ম সদস্যসচিব বিপ্লব সাহা, কামরুজ্জামান বাচ্চু, শাহজাদা ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক নূরল আমিন বাবু, কোষাধ্যক্ষ সেলিম হারুন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মেলা কমিটির কর্মকর্তা মোশারফ হোসেন এবং রুহুল আমিন সরকার। স্থানীয় শিল্পীদের মধ্যে নাচ ও গানে আরও ছিলেন রোকসানা মির্জা, কামরুজ্জামান বকুল, শায়রা রেজা, জেরিন খান, সিমরান খান, নীলা এবং শিশু শিল্পী শৌভিত চৌধুরী।
মেলা মঞ্চে উঠে প্রবাসীদের ঐক্যের বন্ধনে জেগে ওঠার জন্য অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। মেলায় এসেছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, সোসাইটির নির্বাচনে সেক্রেটারি প্রার্থী ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী নয়ন।
মেলায় বিপুলভাবে সাড়া দেওয়ায় প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, মেলা কমিটির আহ্বায়ক হারুন ভূঁইয়া এবং সদস্যসচিব মো. নমী। জেবিবিএর মেলাতে সানম্যান এক্সপ্রেসের স্টলে নতুন গ্রাহকদের রেজিস্ট্রেশন করার ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় ১৪০০ এর বেশি গ্রাহক রেমিট্যান্স পাঠানোর জন্য রেজিস্ট্রেশন করেছেন। সানম্যান এক্সপ্রেসের স্টলে গ্রাহকেরা রেজিস্ট্রেশন করেই পেয়েছেন বিশেষ উপহার এবং একটি ফ্রি কুপন। যা মেলার শেষে লটারির মাধ্যমে ১০০ জন ভাগ্যবানকে পুরস্কৃত করা হয়।