জেবিবিএ'র সংকট নিরসনে উপদেষ্টা পরিষদের সঙ্গে ইসির বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), নিউইয়র্কের সাধারণ সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে জেবিবিএ’র উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ (ইসি)-এর মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকে সদস্য হওয়ার তারিখ বর্ধিত করা ছাড়াও আগামী সপ্তাহে ইসি কমিটির সভায় নির্বাচন কমিশন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে।
গত ২১ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সভায় দফায় দফায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর জেবিবিএ’র সৃষ্ট সংকট নিরসনের জন্য বর্তমান কার্যকরী কমিটি ২৮ নভেম্বর জ্যাকসন হাইটসে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে মিলিত হন। স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ রুদ্ধদ্বার বৈঠকে কার্যকরী পরিষদের ১৫ জন কর্মকর্তার মধ্যে ১৩ জন আর ৫ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা মহসীন ননি সভায় সভাপতিত্ব করেন। জাকারিয়া মাসুদ জিকোর সহযোগিতায় সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক তারেক হাসান খান। সন্ধ্যা সাড়ে আটটা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত বৈঠক চলে।
সূত্রমতে, সভায় উপদেষ্টাদের মধ্যে প্রধান উপদেষ্টা মহসিন ননি ছাড়াও উপদেষ্টা পিয়ার মোহাম্মদ ও মোহাম্মদ রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে কার্যকরী পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন এবং সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী অনুপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, জেবিবিএ’র সদস্য হওয়ার সময়সীমা বর্ধিত করে এর শেষ তারিখ ৩০ নভেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বর (রাত ৯টা) করা হয়। এই সময়ের মধ্যে প্রকৃত ব্যবসায়ীরা নির্ধারিত ফি দিয়ে সদস্য হতে পারবেন। অপর এক সিদ্ধান্তে ১ ডিসেম্বর কার্যকরী কমিটির সভায় নির্বাচন কমিশন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এ ছাড়া সাধারণ সভার অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির জন্য সব সদস্য ও ব্যবসায়ীদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।
জেবিবিএ’র বর্তমান পরিস্থিতি সম্পর্কে সভাপতি জাকারিয়া মাসুদ জিকো বলেন, ‘উপদেষ্টা পরিষদের সঙ্গে ইসি’র সফল বৈঠক হয়েছে। ওই বৈঠকে আমরা যৌথভাবে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, জেবিবিএ’র অভ্যন্তরীণ যেটুকু সমস্যা ছিল তা কেটে গেছে। জেবিবিএ ঐক্যবদ্ধ আছে। আমরা চাই, প্রকৃত ব্যবসায়ীরা জেবিবিএ’র সদস্য হবেন এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন
কমিটি আসুক।’