জেমস কোমি: নায়ক না খলনায়ক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফবিআই পরিচালক জেমস কোমি
এফবিআই পরিচালক জেমস কোমি

রাজনীতিতে রাতারাতি পটপরিবর্তন হতেই পারে। মুহূর্তের মধ্যে অনেক বড় নায়ক পা ফসকে অতল গহ্বরে হারিয়ে যেতে পারেন, আবার অনেক খলনায়ক হয়ে উঠতে পারেন নন্দিত নেতা।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমির নাম এখন এই তালিকায়। গত জুলাই থেকে এ পর্যন্ত হিলারি ক্লিনটনের ই-মেইল ইস্যুতে কোমি বারবার আলোচনায় এসেছেন। একবার ট্রাম্প শিবিরের কাছে তিনি ‘নায়ক’ ও হিলারি শিবিরের কাছে ‘খলনায়ক’ হয়েছেন। আবার দৃশ্য বদল হয়েছে। হিলারির কাছে ‘সাহসী’ এবং ট্রাম্পের কাছে ‘জালিয়াত’ হয়েছেন তিনি। সেই ছবিটাও বদলে গেল।
নির্বাচনী প্রচারণার শুরুর দিকে হিলারির জনপ্রিয়তা যখন ট্রাম্পের ধরাছোঁয়ার বাইরে, তখন জেমস কোমি দুম করে ঘোষণা দিলেন, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় স্পর্শকাতর সরকারি চিঠি চালাচালিতে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করেছিলেন। সেটা আইনের লঙ্ঘন। এ নিয়ে দীর্ঘ তদন্ত ও হিলারিসহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জুলাই মাসে কোমি বললেন, এফবিআই এ জন্য হিলারির বিরুদ্ধে মামলা করার সুপারিশ করবে না। কারণ তদন্তে তেমন কিছু পাওয়া যায়নি। এতে ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসে রিপাবলিকান দলের সদস্যরা এফবিআইপ্রধানের তীব্র সমালোচনা করেন। এ নিয়ে মামলায় হিলারি দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারত।
এমন একটি মোক্ষম সুযোগ হাতছাড়া হওয়ায় ট্রাম্প টুইটারে বলেছিলেন, ‘এফবিআইয়ের পরিচালক বলেছেন, দুষ্ট হিলারি জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছিলেন। অথচ তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হলো না। কী আশ্চর্য! সব জালিয়াতি!’ অন্যদিকে হিলারি শিবির থেকে বলা হলো, জেমস কোমি একজন স্বাধীন ও নিরপেক্ষ কর্মকর্তার মতোই কাজ করেছেন। তিনি প্রশংসার যোগ্য।
তিন মাস ডেমোক্র্যাটদের ভালোই চলছিল।
হঠাৎ ২৮ অক্টোবর অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দেড় সপ্তাহ আগে আবার দৃশ্যপটে এলেন জেমস কোমি। তিনি বললেন, হিলারি-সংক্রান্ত আরও সাড়ে ছয় লাখ গোপন ই-মেইলের সন্ধান পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। এই ঘোষণায় হিলারির প্রচারণা বড় ধাক্কা খায়। জনমত জরিপের ফল ইঙ্গিত দেয়, হিলারির সঙ্গে ব্যবধান ট্রাম্প অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হন। হিলারি ক্লিনটন তখন সরাসরিই অভিযোগ করেন, কোমির এ ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
যে কোমিকে ট্রাম্প এত দিন গালমন্দ করে আসছিলেন, এবার তিনি তাঁর গুণগান গাওয়া শুরু করলেন। বললেন, তিনি হিলারির ই-মেইল তদন্তের জন্য এফবিআইয়ের কৃতিত্ব স্বীকার করেন। কিন্তু হাওয়া পুরো ঘুরিয়ে দিয়ে নির্বাচনের দুদিন আগেই জেমস কোমি আবার জানান, তাঁরা হিলারির ই-মেইলগুলো যাচাই করে দেখেছেন সেখানে আইনবিরোধী কিছু নেই। ফলে এ বিষয় থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।
আবার কোমিকে গালমন্দ শুরু করেন ট্রাম্প। তবে হিলারি শিবির এবার অভিযোগ করে, অভিযোগ থেকে অব্যাহতি দিলেও নির্বাচনের মাঠে তাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।
নির্বাচনে ভরাডুবির পর গতকাল রোববার হিলারির একটি ফোনকল ফাঁস হয়। সেখানে হিলারিকে তাঁর পরাজয়ের জন্য জেমস কোমিকে দোষারোপ করতে শোনা গেছে।
সদ্যসমাপ্ত এই নির্বাচনের ফল নিয়ে যেকোনো আলোচনায় এফবিআইপ্রধান কোমির নাম যে অবধারিতভাবেই আসবে, সে কথা নিশ্চিতভাবে বলা যায়। সেই আলোচনায় তিনি কারও দৃষ্টিতে নায়ক এবং কারও দৃষ্টিতে খলনায়ক হয়ে থাকবেন।