জোট গঠনের লক্ষ্যে সৌদি আরবে কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএসবিরোধী অভিযানের জন্য জোট গঠনের উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তিনি জেদ্দায় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওই জোট গঠন নিয়ে আলোচনা করবেন। খবর এএফপি ও রয়টার্সের।
আরব দেশগুলোর অন্তত ১০ জন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির বৈঠকে বসার কথা। এ ছাড়া জেদ্দায় তুরস্কের নেতাদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা তাঁর।
মার্কিন কর্মকর্তারা জানান, আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ার উদারপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ সহায়তার জন্য নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিতে রাজি হয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আইএসবিরোধী কৌশলের যে রূপরেখা তুলে ধরেন, তাতে তিনি সিরিয়ার উদারপন্থী বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণসহায়তা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন। সৌদি আরব অবশ্য আগে থেকেই সিরিয়ার বিদ্রোহীদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে জর্ডান ও ইরাক সফরের পর সৌদি আরব গেলেন কেরি। ৪০টির বেশি দেশ নিয়ে আইএসবিরোধী লড়াইয়ের জোট গঠনে কাজ চালিয়ে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।