জৈন্তা থেকে জাফলং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জৈন্তা রাজবাড়ি
জৈন্তা রাজবাড়ি

ছোটবেলা থেকেই ঘুরে বেড়াবার শখ ছিল। কিন্তু সময় সুযোগের অভাবে আশাটি পূর্ণতা পায়নি। পৌষের এক ঝলমলে সকালে বন্ধু কয়েকজন মিলে বেরিয়ে পড়ি লং ড্রাইভে। উদ্দেশ্য প্রকৃতির অপরূপ লিলাভূমি জাফলং ও জৈন্তা রাজবাড়ি দেখা।

আগেই দিকনির্দেশনা পেলাম, জাফলং যাওয়ার পথেই জৈন্তা রাজবাড়ি পড়বে। সুতরাং প্রথম দেখার সুযোগ হবে জৈন্তা রাজবাড়ি। জৈন্তা রাজ্যটি নানা কারণে বিখ্যাত ছিল। প্রবল পরাক্রমশালী মোগল আমল ও ইংরেজ আমলের শতবর্ষ পরও নিজেদের স্বাধীনতা টিকিয়ে রাখতে পেরেছিল জৈন্তা রাজারা। এ যদি সুখ্যাতির কারণ হয়, তবে নরবলির নিষ্ঠুরতার কারণে ছিল কুখ্যাতিও।

জৈন্তাপুর নামকরণের ইতিহাস থেকে জানা যায়, চন্দ্র ও বর্মণ রাজাদের পতনের পর দেব বংশের রাজত্ব শুরু হয় এতদ অঞ্চলে। এই বংশের সর্বশেষ রাজা ছিলেন জয়ন্ত রায়। তাঁর এক মেয়ের নাম ছিল জয়ন্তী। ঐতিহাসিকদের ধারণা, রাজকুমারী জয়ন্তীর নামেই এই রাজ্যের নাম হয় জৈন্তিয়াপুর। সিলেট অঞ্চলে জৈন্তা রাজা-রানিদের সম্পর্কে অনেক গল্প কাহিনি প্রচলিত আছে, যা রূপকথার কাহিনিকেও হার মানায়।

এসব কাহিনিই পুরোনো জমিদার বা রাজবাড়ি দেখতে আমাকে অনুপ্রাণিত করে। মনে হয়, এখানে লুকিয়ে আছে নানা কল্পকাহিনি। অনেক অত্যাচার, অনেক নিপীড়নের ইতিহাস একাকার হয়ে থাকে ওই সব দুর্গ সদৃশ দালানকোঠায়। মনে হতো, সেসব ভবনের ধ্বংসস্তূপের নিচে হয়তো-বা লুকায়িত আছে ভরা এক কলসি সোনা বা অমূল্য গুপ্তধন।

যা হোক, সীমানায় ঢুকতেই নজরে এল গাছগাছালি পাতা-পল্লবে ভরা একখানা ঘর, যেন শূন্যে দাঁড়িয়ে আছে। আসলে এটা ঘর নয়, ঘরের আদলে তৈরি করা একটা তোরণ। সত্যিই অবাক করা দৃশ্য। এত শত বছর পরও মানুষের কারুশিল্পের রুচি-জ্ঞান দেখে বিস্মিত হতে হয়। একটু সামনে এগিয়ে আমাদের গাড়ি গিয়ে থামল বিশাল আকারের সদর দরজায়। বৃহৎ গোলাকার পাথরে ভরপুর চারদিকে। শেওলা ও সবুজ আলো-আঁধারি চারদিক। ঘুরে ঘুরে হঠাৎ চোখ আটকে যায় দেয়ালে অঙ্কিত মানুষের মূর্তির ওপর। কিন্তু শিল্পকর্ম এতটা অমসৃণ যে, মর্ম পাঠ করা খুবই কঠিন। ওখান থেকে প্রাচীর ঘেরা খোলা মাঠে ঢুকতেই চোখে পড়ে একটি উঁচু গোলাকার মঞ্চ। কথিত আছে যে, ওখানে দণ্ডিত আসামিদের বলির কার্যকর করা হতো। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা।

একটু সামনে এগোতেই প্রাচীন এক কুয়োর দেখা মিলল। প্রথমে মনে হলো, এটি একটি সাধারণ কুয়া। কিন্তু না, যখন শুনলাম এই কুয়ার মধ্যে বলি দেওয়া মরদেহগুলো ফেলে দেওয়া হতো। এই গল্প শুনে কেমন গা ছমছম করা ভাব হলো। কথিত আছে, খাসিয়া রাজাদের আইন-শৃঙ্খলা অত্যন্ত কঠোর হওয়ায় তারা বহিঃশত্রুর আক্রমণ থেকে জৈন্তা রাজ্যকে রক্ষা করতে পেরেছিলেন।

জৈন্তিয়াকে বলা হয় পান, পানি, নারী—এই তিনের ঐতিহ্যের ধারক। খনিজ সম্পদে ভরপুর প্রাচীন পুরাকীর্তি, তেল, গ্যাস, চা, তেজপাতা, চুনাপাথরের এক সম্ভাবনাময় দেশ এই জৈন্তিয়া। সিলেটের প্রাচীন জনপদের মধ্যে জৈন্তিয়া অন্যতম। সিলেট শহর থেকে ৪০ কিলোমিটার পূর্বে জৈন্তিয়া অবস্থিত। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জের সমন্বয়ে তৎকালীন জৈন্তিয়া রাজ্য গঠিত ছিল। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের শেষ স্বাধীন রাজ্য ছিল এটি।

সিলেট শহর থেকে কিছু দূর এগোলেই নজরকাড়া বিস্তীর্ণ ঘন সবুজ পাহাড়। মেঘালয় কন্যা পিয়ইন, সুরমা, লোভা ও সার নদীর সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা জৈন্তা বা জৈন্তিয়াপুর। জৈন্তা বাজারের কাছে অবস্থিত জৈন্তা রাজবাড়িতেই রাজা-রানিরা বাস করতেন। রাজবাড়িটি প্রাচীন ধ্বংসস্তূপ হলেও পর্যটকেরা এখানে আসেন জৈন্তা রাজাদের ইতিহাস জানতে। সেখানে গেলেই বোঝা যাবে, ইংরেজ শাসককে পাত্তা না দিয়ে পরাক্রমশালী জৈন্তা রাজারা কতটুকু তেজদীপ্ত ছিলেন।

জৈন্তা রাজ্য বিস্তৃত ছিল উত্তর-পূর্ব ভারতের শিলং মালভূমির (বর্তমান মেঘালয় ) পূর্ব প্রান্ত থেকে আসামের বরাক নদীর উপত্যকার দক্ষিণ ও উত্তর প্রান্ত পর্যন্ত। ১৮৩৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাজ্যের দখল নেয়। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই রাজ্যের রাজধানী জৈন্তিয়াপুরের অবস্থান ছিল জৈন্তা পাহাড়ের পাদদেশে। ধারণা করা হয়, জৈন্তা পাহাড়ের নারটিয়াংয়ে ছিল এই রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। বর্তমানে মধ্যযুগীয় কিছু স্থাপনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সেখানে। বর্তমান সিলেট অঞ্চলের বেশির ভাগই জৈন্তা রাজ্যের অধীনে ছিল।

জৈন্তা রাজ্যের উৎপত্তির সঠিক ইতিহাস না পেলেও এখানকার মানুষেরা শিলং মালভূমির খাসিয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে মধ্যযুগীয় সংস্কৃতি লালন করত। খাসিয়া রাজ বংশের ২৩ জন রাজা ১৫০০ সাল থেকে ১৮৩৫ সাল পর্যন্ত রাজ্যের শাসনকার্য পরিচালনা করেন। খাসিয়াদের পূর্বপুরুষেরা চীনের তিব্বত থেকে জৈন্তা রাজ্যে এসে বসতি স্থাপন করেছিলেন। তবে ইতিহাস ঘেঁটে জানা যায়, এই অঞ্চলের মানুষেরা অনেক আগে এখানে বসতি স্থাপন করেছিল। সতেরো শতকের পর কাছাড়ের রাজা শত্রু দমনের অভিযানের পর জৈন্তা রাজ্যের কাছারি ও অহমিয়াদের রাজনৈতিক প্রভাব স্পষ্ট হয়।

১৭৬৫ সালে বাংলার শাসনভার গ্রহণের পর ইংরেজরা জৈন্তা রাজ্যের প্রতি মনোনিবেশ করে এবং জৈন্তিয়াপুরকে এ রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে। এখানকার খনিগুলো থেকে চুনাপাথর উত্তোলন করে সারা বাংলায় পাঠানো হতো। প্রথম ইঙ্গো-বর্মিজ যুদ্ধের সমাপ্তির পর ইংরেজরা জৈন্তা রাজাকে সুরমা নদীর উত্তর প্রান্ত শাসনের অনুমতি দেয়। ১৮৩৫ সালের ১৫ মার্চ ইংরেজরা এই রাজ্যটি পুরোপুরি দখল করে নেয়। কারণ হিসেবে জানা যায়, তিন ব্রিটিশ বণিককে বলি দিয়েছিল তৎকালীন জৈন্তা রাজা। ফলে ব্রিটিশরা ক্ষেপে গিয়ে দীর্ঘ পরিকল্পনা শেষে রাজ্যটি আক্রমণ করে। একপর্যায়ে রাজ্যটির স্বাধীন সূর্য অস্তমিত হয়। জৈন্তা রাজাকে সিলেটে তাঁর সম্পত্তি বুঝিয়ে দিয়ে সামান্য একজন জমিদার হিসেবে মাসিক ৫০০ রুপি বেতন ধার্য করা হয়।

এখানকার সহজ-সরল অধিবাসীরা জৈন্তাপুরী হিসেবে অনেকের কাছে তাচ্ছিল্যের শিকার হয়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, সারা ভারতীয় উপমহাদেশ যখন ইংরেজদের কাছে পদানত, তখন সম্রাট নিজামের এলাহাবাদ বাদে একমাত্র জৈন্তা রাজ্যই ১৮৩৫ সাল পর্যন্ত সিংহখচিত স্বাধীনতার পতাকা উড্ডিন রাখতে পেরেছিল। রাজ্যের অধিবাসীরা গর্ব করে বলতে পারত আমরা স্বাধীন।

হঠাৎ ঘড়ির কাঁটায় জানান দিল, পাঁচ কিলোমিটার দূরের জাফলং যেতে হলে আমাদের এখনই রওনা হতে হবে। তারপর মনে হলো অনেক শতাব্দীর পথ পেরিয়ে আমি একটি স্বাধীন রাজ্য থেকে বিদায় নিতে যাচ্ছি। শত শত রাজা কিংবা রানি যে মাটি আগলে রেখেছিলেন হাজার বছর ধরে, বহিঃশত্রূর তাঁদের পরাজিত করতে পারেনি কোনো দিন।