জো বাইডেনের নামে ভুয়া ওয়েবসাইট পরিচালনা করছে ট্রাম্পশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো বাইডেন
জো বাইডেন

২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নানা খেলা শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের বিরুদ্ধে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নামে ভুয়া ওয়েবসাইট পরিচালনার অভিযোগ উঠেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের অপ্রাসঙ্গিক অংশ নিয়ে সিরিয়াস ভিডিও বানিয়ে তাঁরই ওয়েবসাইটে প্রচার করা হচ্ছে।
জো বাইডেনের সমর্থকদের মূলত অস্বস্তিতে ফেলতেই এমনটা করা হয়েছে। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানায়, জো বাইডেন ডটইনফো নামের একটি সাইটে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ও বিভিন্ন সময়ে জো বাইডেনের দেওয়া অপ্রাসঙ্গিক বক্তব্যগুলোকে ছোট ভিডিও আকারে এবং নারীদের সঙ্গে জো বাইডেনের স্পর্শরত ছবির জিআইএফ তৈরি করে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। সমর্থকদের কাছে জো বাইডেনকে হেয় প্রতিপন্ন করতেই এ কাজ করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মিডিয়া সম্পর্কিত পরিচালকের দায়িত্বে রয়েছেন প্যাট্রিক মাউলডিন। ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারেও কাজ করেছেন তিনি। প্যাট্রিক মাউলডিন ও তাঁর ভাই যৌথভাবে ভিসি মিডিয়া গ্রুপ নামের একটি মিডিয়া হাউস চালান। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন থেকে পরিচালিত এ মিডিয়া হাউস রিপাবলিকানদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ডিজিটাল মিডিয়ায় তাদের হয়ে কাজ করে। এই প্রতিষ্ঠানটিই জো বাইডেনের নামে ভুয়া ওয়েবসাইট চালু করেছে। মাউলডিন এ ভুয়া ওয়েবসাইট তৈরির বিষয়টি স্বীকারও করেছেন। এই ওয়েবসাইট ব্যবহার করে তিনি জো বাইডেন সম্পর্কে নানা অপমানজনক ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন বলেও স্বীকার করেছেন।
প্যাট্রিক মাউলডিনের তৈরি ভুয়া ওয়েবসাইটে গেলে শুরুতেই চোখ পড়বে আমেরিকার পতাকার দিকে। ওয়েবসাইটে ব্যবহৃত ছবির পাশে ‘বাইডেন ২০২০ ক্যাম্পেইন’ লোগো রয়েছে, যদিও তা প্রকৃত লোগোটির থেকে আলাদা। কিন্তু এই তফাৎটি তারাই বুঝতে পারবে, যারা জো বাইডেনের প্রচার কার্যক্রম সম্পর্কে খবর রাখে। বাইডেনের আসল ক্যাম্পেইন লোগোতে বাইডেন শব্দের ওপরে প্রেসিডেন্ট শব্দটি সংযুক্ত রয়েছে।
ভুয়া ওয়েবসাইটটির শুরুতে বাইডেন সম্পর্কে লৌকিকতাবর্জিত কিছু লেখা রয়েছে। সেখানে শুরুতেই জো বাইডেনকে আংকেল সম্বোধন করা হয়েছে এবং লেখা রয়েছে, ‘আংকেল জো বাইডেন আমেরিকার সমস্যাগুলো সমাধানে আবারও ফিরে এসেছেন।’ সেখানে বাইডেনের নারীঘটিত বিভিন্ন অপ্রাসঙ্গিক লেখা রয়েছে। এ ছাড়া শেষে লেখা রয়েছে, ‘আমেরিকানদের জন্য জো বাইডেনের আবেগ রয়েছে। জো ভালো করেই জানেন যে, আমেরিকানরা তাঁর কাছ থেকে কী প্রত্যাশা করে।’
জো বাইডেনের নির্বাচনে আসার ঘোষণার পর প্রচারের শুরু থেকেই তাঁর নির্বাচনী ক্যাম্পেইনকে প্রশ্নবিদ্ধ ও জনসাধারণের কাছে অপ্রিয় করতেই এ ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়েছে। বছরের শুরুতে জো বাইডেনের বিরুদ্ধে একাধিক মার্কিন নারীর আনা অভিযোগকেও এ কাজে ব্যবহার করা হয়েছে। পরিচয়পর্বে অত্যধিক ঘনিষ্ঠতা প্রদর্শনের যে অভিযোগ উঠেছে, তার নানা জিআইএফ তৈরি করে ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়েছে। এই অপপ্রচারে অনেকটাই সফল বলা যায় প্যাট্রিক মাউলডিনকে। কারণ এরই মধ্যে ভুয়া সাইটটিতে চার লাখ মানুষ ভিজিট করেছে, যেখানে জো বাইডেনের আসল ওয়েবসাইটটিতে ভিজিটরের সংখ্যা তিন লাখের কাছাকাছি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিউজউইক পত্রিকাকে ই-মেইলে মাউলডিন বলেন, জো বাইডেন নিয়ে তাঁর করা ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্টগুলো শতভাগ সত্য এবং গ্রহণযোগ্য সূত্র থেকে নেওয়া।
উল্লেখ্য, জো বাইডেন ২০১৯ সালের ২৫ এপ্রিল ২০২০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এর মধ্যে ডেমোক্রেটিক দল থেকে ৪৫ জন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন। সবার মধ্যে অনেকের মতোই এগিয়ে রয়েছেন জো বাইডেন। তাই তাঁকেই লক্ষ্য করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির।