জোর কদমে চলছে প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৬ এবং ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জালালাবাদ সিলেট বিশ্ব সম্মেলন। এ উপলক্ষে সম্মেলন কমিটির আহ্বায়ক ড. জিয়াউদ্দিন আহমেদ সম্প্রতি এক বিবৃতিতে সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
ড. জিয়াউদ্দিন আহমেদ জানান, সম্মেলনে আমেরিকার সব অঙ্গরাজ্যের পাশাপাশি বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অনেকে অংশ নেবেন। সংগীত ও নৃত্যের তালে তুলে ধরা হবে সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে। থাকবে সিলেটের ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন লোকজ পণ্যের সমন্বয়ে সাজানো স্টল। আর ‘আত্মকথা’, ‘পরিচিতি’, ‘শুভেচ্ছা বিনিময়’, ‘প্রজন্মের অনুভূতি’, ‘শিকড়ের সন্ধানে’সহ বিভিন্ন পৃথক আয়োজনের মধ্য দিয়ে এক সূত্রে সবাইকে গাঁথবে এ সম্মেলন। এ সম্মেলনে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিশেষত্ব সংরক্ষণে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশন, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরোন্টো ও অন্টারিও এ সম্মেলন আয়োজনে সহায়তা করছে। আর বিশ্ব সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন রাশেদা কে চৌধুরী (বাংলাদেশ), ডা. দীপ্তা দে (ভারত), পাশা খন্দকার (যুক্তরাজ্য), ইতরাদ জুবেরী সেলিম (মন্ট্রিয়েল), সৈয়দ মাহবুব (টরোন্টো) ও সাকি চৌধুরী (জার্মানি)। সম্মেলন আয়োজনে পৃষ্ঠপোষকতা করছেন ডা. কালী প্রদীপ চৌধুরী, তহুর চৌধুরী, আবদুল জব্বার খান মুরাদ, নাজু এবং সৈয়দ জাকি হোসাইন, সালেহ আহমেদ, রাহাত মুক্তাদির, কল্লোল আহমেদ প্রমুখ।
ড. জিয়াউদ্দিন জানান, সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, আমেরিকার বিশিষ্ট শিল্পপতি ডা. কালী প্রদীপ
চৌধুরী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন (সিআর) দত্ত।
সম্মেলনের বিষয়ে ড. জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাচীনকাল থেকেই সিলেট অঞ্চলের মানুষ আতিথেয়তা ও সহনশীলতার দিক থেকে অগ্রগণ্য। এ অঞ্চলে অনেক গুণী মানুষ জন্মেছেন যুগে যুগে। এ অঞ্চলে হজরত শাহজালাল (রা.) ইসলামিক সুফি আদর্শের সঙ্গে সমান্তরালে চলেছে মহাপ্রভু শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের মানবিক গুণাবলি। এ কারণে সিলেটের লোককবি তার সুরে ও ছন্দে সব ধর্মের মানুষকে একই সুতায় গাঁথতে পারেন। সিলেটবাসীরা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এক কথায় সিলেটের বিশ্বায়ন হয়েছে। আর সারা বিশ্বে ছড়িয়ে থাকা সিলেটবাসীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ বিশ্ব সিলেট সম্মেলনের আহ্বান করা হয়েছে।
তিনি বলেন, ভারতের দক্ষিণ কলকাতার ‘সিলেটী অ্যাসোসিয়েশন’ প্রথম সিলেটী সম্মেলন শুরু করে। এ বছর ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক ঢাকায় ও সিলেটে তার পুনরাবৃত্তি ঘটেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সিলেটবাসীকে নিয়ে এ মিলন মেলার আয়োজন করা হয়েছে।
সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে থাকবেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস, ডার্টমাউথের উপাচার্য ড. মোহাম্মদ আতাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, ভারতের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. অমলেন্দু চক্রবর্তী ও যুক্তরাজ্যের নতুন প্রজন্মের বক্তা সাবেরুল ইসলাম।
আর প্যানেল বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. হায়দার আলী, ভারতের দৈনিক ‘যুগশঙ্খ’ পত্রিকার কর্ণধার ও সম্পাদক বিজয়কৃষ্ণ নাথ, অল ইন্ডিয়া শ্রীহট্ট সম্মিলনীর প্রেসিডেন্ট কৃষ্ণা দাস, ব্র্যাকে ভাইস চেয়ারম্যান ড. আহমেদ মুশতাকুর রাজা চৌধুরী, বাংলাদেশের বেসরকারি সাহায্য সংস্থা সীমান্তিকের প্রধান ড. আহমেদ আল কবীর, ডা. অরূপ রতন চৌধুরী, প্রকাশক ও লেখক মোস্তফা সেলিম, নিউইয়র্ক মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সাদুজ্জামান চৌধুরী ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ বদরুজ্জামান, অর্থনৈতিক ব্যক্তিত্ব নিকি মুক্তাদির, পরিবেশ আন্দোলনের নজরুল ইসলাম ও শরীফ জামিল, কানাডা থেকে মুক্তিযুদ্ধ-বিষয়ক লেখক ও সংগ্রাহক তাজুল মোহাম্মদ প্রমুখ।
সম্মেলনে প্রদর্শন করা হবে সিলেটের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র ‘সিলেটের পাঁচালি’। সাংগীতিক এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিউইয়র্ক প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল কবির। আর এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ বকুল।
এ ছাড়া থাকবে শাহ আবদুল করিমের জীবনের ওপর নির্মিত শাকুর মজিদের চলচ্চিত্র ‘ভাটির পুরুষ’সহ আরও কয়েকটি চলচ্চিত্রের প্রদর্শনী। বাংলাদেশের প্রকাশক ও লেখক মোস্তফা সেলিমের ‘নাগরী ভাষার’ ওপর তথ্যচিত্র ও ডা. অরূপ রতন চৌধুরীর ‘মাদক বিরোধী’ তথ্যচিত্র দেখানো হবে বিশ্ব সিলেট সম্মেলনে। এতে অকালপ্রয়াত শিল্পী দোহারের কালিকাপ্রসাদের প্রতি থাকবে গভীর শ্রদ্ধাঞ্জলি।