জোর গলায় বলতে হবে রোহিঙ্গারা বাঙালি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে সেমিনারে বক্তারা বলেছেন, এত দিন রোহিঙ্গাদের কেবল শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার বারবার এই রোহিঙ্গা সমস্যাকে আড়াল করার জন্য বলে আসছে তারা বাঙালি, মিয়ানমারের নাগরিক নয়। মিয়ানমারের নাগরিকেরা কেন বাঙালি হতে যাবে? বাংলাদেশকে মিয়ানমারের এই মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে বেশ জোরালো ভাষায়। যুক্তি দিয়ে তুলে ধরতে হবে, রোহিঙ্গারা বাঙালি নয়। 

হিউম্যান রাইটস ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের (এইচআরডিবি) উদ্যোগে ১৯ নভেম্বর নিউইয়র্কের ইয়র্ক কলেজ ‘রোহিঙ্গা সমস্যার করণীয়’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়।
মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে। তাদের হত্যা, নারীদের ধর্ষণসহ বর্বর নির্যাতন চালাচ্ছে। ফলে প্রাণে বাঁচতে রোহিঙ্গা দলে দলে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশ তাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি দ্রুত তাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি তাদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
সেমিনারে বক্তৃতা করেন বর্মিজ রোহিঙ্গা অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার রেজা উদ্দীন, মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম বিশেষজ্ঞ ড. হাবীব সিদ্দিকী, কানাডার ডসন কলেজের অধ্যাপক ড. আবিদ বাহার, বার্মা টাস্কফোর্স ইউএসএর অ্যাডাম ক্যারল প্রমুখ। সেখানে টেলিভিশন চ্যানেল সিএনএন ও বিবিসিতে প্রচারিত সরেজমিন প্রতিবেদন দেখানো হয়। এসবের মাধ্যমে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা নাগরিকদের ওপর চালানো বর্বরতম নির্যাতনের বিষয়ে করণীয় নিয়ে কথা বলেন বক্তারা।
ফ্রেন্ডস অফ রোহিঙ্গা-ইউএসএর প্রেসিডেন্ট রেজা উদ্দীন বলেন, ‘রোহিঙ্গারা যদি বাঙালি-ই হয় তাহলে কেন আরাকানে গিয়ে বসবাস করবে? মিয়ানমাররের মাথাপিছু গড় আয় ২২০ ডলার। বাঙালিদের গড় আয় প্রায় ১ হাজার ৬৬০ ডলার। আমরা বাঙালি হলে নিশ্চয়ই আমাদের বেশি আয় থাকত। আমরা কম আয়, আর জীবনযুদ্ধের দেশ মিয়ানমারে পড়ে থাকতে চাইতাম না। বাংলাদেশে আর যাই হোক মুসলিমদের মুসলিম বলে গণ্য করে, মিয়ানমারে তো সেই পরিস্থিতি নেই। সেখানে যুগের পর যুগ ধরে আমরা বঞ্চিত। আমাদের হত্যা গণহত্যার কোনো সংজ্ঞা নির্ধারিত নেই মিয়ানমারের সেনাবাহিনীর কাছে। আমাদের মা-বোনদের তারা ধর্ষণ করছে। কিছু দিন পর পর আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। তার পরও আমরা এই বসতভিটায় ফিরতে চাই। কারণ, ওটিই আমাদের দেশ। বাংলাদেশ আমাদের দেশ নয়।’
রেজাউদ্দিন বলেন, মিয়ানমার সরকারের এই অপপ্রচার প্রতিরোধে এসব কথা যুক্তি দিয়ে বাংলাদেশ সরকারকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। কেননা, কেবল শরণার্থী আশ্রয় দিলেই এই সমস্যার সমাধান হবে না। এ সমস্যার সমাধান করতে হলে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার যে প্রতিবদেন আনান কমিশন দিয়েছে সেটির পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।
ইয়র্ক কলেজের একাডেমিক ভবনে আয়োজিত এই সেমিনারে বক্তারা বাংলাদেশ সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রাথমিক কূটনীতিতে সফল বলে দাবি করলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনীতিতে অদক্ষের মত আচরণ করছে বলেও অভিযোগ করেন।