জোয়ান বায়েজের 'বাংলাদেশ' গান শিশুশিল্পী অপর্ণার কণ্ঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাইছে অপর্ণা আমিন
গান গাইছে অপর্ণা আমিন

আমেরিকার মানবতাবাদী সংগীত শিল্পী জোয়ান বায়েজ। ১৯৪১ সালের ৯ জানুয়ারি যার জন্ম নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে খ্যাতিমান এই শিল্পীর নাম। ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনারা যখন ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের নিরীহ মানুষের ওপর, তখন বিশ্ব জনমত গড়ে তুলতে যেসব বিদেশি বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের অন্যতম জোয়ান বায়েজ। বাংলাদেশে চালানো গণহত্যার ওপর তিনি লিখেছিলেন একটি অনবদ্য গান।
‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ শীর্ষক গানটি জোয়ানের কণ্ঠে আলোড়ন তুলেছিল তখন। যুদ্ধবিরোধী এবং সমাজের অসংগতির বিরুদ্ধে বরাবর লড়াই চালিয়ে যাওয়া এই শিল্পী মহান মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা রেখেছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে। তার গাওয়া কালজয়ী সেই গানটি পরের ১৯৭২ সালে চান্দস মিউজিক থেকে ‘সঙ অব বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত হয়। সেই অমর গানে মোট ২২ বার ‘বাংলাদেশ’ শব্দটি উচ্চারণ করেছিলেন জোয়ান বায়েজ।
কিংবদন্তি সেই শিল্পীর ‘বাংলাদেশ’ গানটিতে এবার কণ্ঠ দিয়েছে নিউইয়র্কপ্রবাসী ১১ বছরের শিশু অপর্ণা আমিন। লং আইল্যান্ডের গোথাম অ্যাভিনিউ স্কুলের সিক্সথ গ্রেডের এই শিক্ষার্থীর কণ্ঠে গানটি এরই মধ্যে বেশ প্রশংসা পেয়েছে। গানটি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে এ নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে, যা পরিচালনা করেছেন অপর্ণার বাবা লেখক ও সাংবাদিক শামীম আল আমিন। ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন অপর্ণার মা ইয়োগা আর্টিস্ট ও ফিটনেস এক্সপার্ট আশরাফুন নাহার (লিউজা)।
এরই মধ্যে জোয়ান বায়েজের ‘বাংলাদেশ’ গানটি যন্ত্রসংগীতের মাধ্যমে কাভার করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার। শিল্পীর সম্মতি নিয়ে সেই মিউজিকটি ব্যবহার করা হয়েছে অপর্ণার গানে। সব ধরনের সহায়তা দিয়েছেন কানাডাপ্রবাসী শিল্পী পাপ্পু আহমেদ, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বাবু সরকার ও সাউন্ড ইঞ্জিনিয়ার ডালিম। মিউজিক ভিডিওটি সম্পাদনা করেছেন তানজির ইসলাম।
গানটির মিউজিক ভিডিওটি চিত্রায়ণ করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধের আর্কাইভ ফুটেজ। এ প্রসঙ্গে পরিচালক শামীম আল আমিন বলেন, ‘বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, সূর্যসেন হল, জগন্নাথ হল ও কেন্দ্রীয় শহীদ মিনারে গানটির জন্য কাজ করেছি। আর নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ার, অ্যাস্টোরিয়া পার্কসহ কয়েকটি স্পটে দৃশ্যধারণ করা হয়েছে।’
অপর্ণা আমিন বলে, ‘বাবা–মায়ের কাছ থেকে জোয়ান বায়েজের গানটির কথা আমি শুনি। এরপর আগ্রহ নিয়ে গানটা করার চেষ্টা করি।’