জ্যাক মা-র চিঠি: তিন শতাব্দী পাড়ি দিতে প্রতিষ্ঠা হয়েছিল আলিবাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক মা
জ্যাক মা
>ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে আলিবাবা যাত্রা করে ১৯৯৯ সালে। সে সময় থেকে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন জ্যাক মা। বর্তমানে চীনের সবচেয়ে ধনী হিসেবে ব্যক্তি হিসেবে মনে করা হয় জ্যাক মা-কে। ফোর্বসের তথ্যমতে, তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৬৬০ কোটি মার্কিন ডলার। ১০ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যেখানে এ অবসরের সিদ্ধান্ত ১০ বছরের পরিকল্পনার ফল বলে উল্লেখ করেন তিনি। চিঠিতে উঠে এসেছে আলিবাবার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। আলিবাবার গ্রাহক ও অংশীদারদের উদ্দেশ্যে লেখা জ্যাক মা-র ওই চিঠিটি হুবহু এখানে তুলে ধরা হলো।

আলিবাবার প্রিয় গ্রাহক ও অংশীদারেরা,

আলিবাবার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ লগ্নে আমি আপনাদের কিছু দারুণ তথ্য জানাতে চাই। আমাদের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে, আজ থেকে ঠিক এক বছর পর ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর আলিবাবার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আলিবাবা গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আমার স্থলাভিষিক্ত হবেন বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ঝ্যাং। (নেতৃত্ব পর্যায়ের) এ পরিবর্তনকে সহজ ও সফল করতে পরবর্তী ১২ মাস আমি ড্যানিয়েলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। তবে অংশীদারদের নিয়ে ২০২০ সালের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত আমি আলিবাবার পরিচালনা পর্ষদে থাকব।
এ পরিবর্তন পরিকল্পনা নিয়ে গত ১০ বছর আমি অনেক ভেবেছি। প্রস্তুতি নিয়েছি। আজ আমি সেই পরিকল্পনার ঘোষণা দিতে পেরে ভীষণ আনন্দিত। আলিবাবার অংশীদার ও এর পরিচালনা পরিষদকে ধন্যবাদ। একই সঙ্গে আলিবাবায় আমার সব সহকর্মী ও তাঁদের পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ গত ১৯ বছর ধরে আপনাদের সবার বিশ্বাস, সমর্থন ও যৌথ উদ্যোগেই আজকের এ শক্তি ও আত্মবিশ্বাস অর্জন সম্ভব হয়েছে।
এই পরিবর্তন আমাদের আলিবাবার পরবর্তী ধাপে উন্নীত হওয়ার বার্তা দিচ্ছে, যেখানে ব্যক্তির বদলে করপোরেট সুশাসনের ওপর প্রতিষ্ঠান নির্ভর করে। এ পর্যায়ে মেধার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ দৃশ্যমান হয়।
১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠার সময় আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যার জন্য চীনের সঙ্গে সঙ্গে সারা বিশ্ব গর্ববোধ করবে, যা তিনটি শতাব্দী অতিক্রম করে অন্তত ১০২ বছর টিকে থাকবে। যদিও আমরা জানতাম যে, কারও পক্ষেই এ কোম্পানির সঙ্গে ১০২ বছর যুক্ত থাকা সম্ভব নয়। সুশাসন ও মেধার উন্নয়নের ধারাবাহিকতাই পারে আলিবাবাকে টেকসই করতে। কোনো কোম্পানিই শুধু এর প্রতিষ্ঠাতাদের ওপর নির্ভর করে টিকতে পারে না। আমারও এ সত্য জানা আছে। শারীরিক শক্তি ও ক্ষমতার সীমার কারণেই কারও পক্ষে আজীবন চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব বয়ে বেড়ানো সম্ভব নয়।
জ্যাক মা সরে যাওয়ার পর আলিবাবার টেকসই উন্নয়ন কী করে ধরে রাখা সম্ভব—এ প্রশ্ন আমরা নিজেদের ১০ বছর আগে করেছিলাম। করপোরেট নেতৃত্বের ধারা অক্ষুণ্ন রাখার এ সমস্যা সমাধানের একটি মাত্র পথ আমরা খুঁজে পেয়েছিলাম। আর তা হলো একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরের সুশাসনের একটি স্বকীয় সংস্কৃতি ও মেধাবী উত্তরসূরি গড়ে তৈরিতে একটি ব্যবস্থা গড়ে তোলা। গত ১০ বছর ধরে আমরা এ লক্ষ্যেই কাজ করেছি।