জ্যাকসন হাইটসে এক সংস্কৃতি সন্ধ্যায়

জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে বসেছিল সাহিত্য সভা। আয়োজনে ছিল ‘সাহিত্য একাডেমি’। নিউইয়র্কে এসেছি কয়েক দিন হলো। ২৭ জুলাই সেই সাহিত্য আসরে উপস্থিত থাকতে পারব; এই ভাবনা আগে থেকেই আমাকে রোমাঞ্চিত করেছে। এটি ছিল সংগঠনটির ৯২তম আসর।
সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পরে শুরু হলো অনুষ্ঠান। কয়েকটি পর্যবেক্ষণের কথা দিয়েই অনুষ্ঠানটি নিয়ে লেখা শুরু করি। সাহিত্য সভায় যারা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল। এক একজন পাঠ করছেন, আর সবাই তাঁকে উৎসাহ দিচ্ছে। বই আলোচনা আর কবিতা, মাঝে মাঝে শুভেচ্ছা বক্তব্য—এই ছিল গোটা অনুষ্ঠানের কাঠামো। অনুষ্ঠান শুরুর আগেই রোল, কেক আর চা দিয়ে ছিল আপ্যায়ন-পর্ব।
একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠান শুরু হওয়ার পর একের পর এক কবি শোনালেন তাঁদের কবিতা। একটু পরেই আমি ভীত হয়ে পড়ি। ফিসফিস করে একজনকে জিজ্ঞেস করি, ‘সবাই কি পড়বেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’
মানুষ গুনে দেখি, সবাই কবিতা পড়লে দু ঘণ্টা কবিতাই শুনতে হবে। আর শুধু কবিতা তো নয়, অনেকেই বলছিলেন সাহিত্য একাডেমির সঙ্গে থাকার দায়বদ্ধতা সম্পর্কেও। মাসে একটি সাহিত্য আসর বসবে বলে তড়িঘড়ি কবিতা লিখতে হয়, এমন কথাও বললেন কেউ কেউ—এই ভাবনার সঙ্গে যেতে পারলাম না আমি। পিঠের ওপর ছুরি ধরে কি কবিতা লিখিয়ে নেওয়া যায়? কবিতা তো অর্ডারি মাল নয় যে, আদেশ করার সঙ্গে সঙ্গে তা হাজির হবে টেবিলে!
স্বীকার করতেই হবে, একের পর এক পড়ে যাওয়া কবিতাগুলোর মধ্যে কয়েকটি বেশ অন্যরকম অনুরণন তোলে মনে। কয়েকটি কবিতা পড়া হয়ে যাওয়ার পর হাসান ফেরদৌসের লেখা বই নৈতিকতা ও সাহিত্য নিয়ে আলোচনা করেন আদনান ফেরদৌস। আলোচনা নয়, বই পরিচিতি—এ কথাই বললেন তিনি। আসলে তিনি পরিচিতিই দিলেন, খুব একটা আলোচনা করলেন না। খুব ভালো হতো বইটি নিউইয়র্কে সহজলভ্য হলে এবং যারা এ সভায় হাজির হয়েছেন, তাঁদের পড়া থাকলে। তাতে সাহিত্য-আলোচনা জম্পেশ হয়ে উঠতে পারত।
ক্রমাগত কবিতা পড়া হচ্ছিল যখন, তখনই মনে হলো, এ রকম হলে কেমন হয়? মাসে একটা সাহিত্য সভা হবে ঠিকই, কিন্তু তাতে নির্দিষ্ট করে দেওয়া হবে পনেরো বা বিশজনের নাম, যারা সেদিন পড়বেন। বাকিরা শুনবেন এবং আলোচনা করবেন। আর তাদের মধ্য থেকে কেউ কেউ আগামী মাসে পড়বেন; বাকিরা প্রস্তুতি নেবেন পরবর্তী মাসের জন্য? তাতে লেখক-শ্রোতা—এই পরিচয়েই পরিচিত হবেন সংস্কৃতিসেবী মানুষ।
শুধু কবিতা কেন, গল্পও পড়া হোক না! হোক না ভ্রমণকাহিনি! আড্ডাটা হোক সবাই মিলে। প্রত্যেককেই একই দিনে কথা বলতে হবে কেন? শুধু শ্রোতা হওয়ার সম্মান কেন গ্রহণ করবেন না কেউ কেউ?
সে যাক। নিউইয়র্কে একটি সংগঠন এ শহরের সংস্কৃতিসেবীদের সচল রাখছে, তা-ই বা কম কিসে? যারা পড়ছিলেন কবিতা, তাদের মধ্যে উৎসাহের অভাব তো দেখা যায়নি। কথা বলার সময় এ সংগঠনের প্রেরণা হিসেবে কবি শহীদ কাদরির নামও তো উঠে এল বারবার। প্রয়াত এ কবির পৃষ্ঠপোষকতা পেয়েছে এ সংগঠন।
উপস্থিত অনেকেই কথা বললেন। ফাহিম রেজা নূর বললেন, সাহিত্য একাডেমি যে কাজ করে, তা মনে রাখার মতো। সামনেই ১০০তম সাহিত্য আসর বসবে, তাতে উপস্থিত থাকার ইচ্ছে ব্যক্ত করেন তিনি। হাসান ফেরদৌস কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়ে বলেন, ‘বই দেখে পুরোনো লেখা নয় নতুন লেখা পড়া উচিত। নতুন ভাবনার কবিতা লেখা দরকার।’ কবিতা নিয়ে আলোচনার ওপর জোর দেন তিনি।
অধ্যাপক মতলুব আলী এ আসরে এসেছিলেন প্রথমবারের মতো। তিনি বললেন, ‘অনেক দিন থেকে বিভিন্ন গণমাধ্যমে সাহিত্য একাডেমির খবর পড়তাম এবং এখানে আসার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলাম। আজ আসতে পেরে ভীষণ ভালো লাগছে।’
লন্ডনে বিবিসি বাংলার বার্তা বিভাগে কাজ করেন মোয়াজ্জেম হোসেন। তিনি বললেন, ‘নিউইয়র্কের মতো প্রবাসে এত বড় সাহিত্য অনুষ্ঠান দেখে অবাক হয়েছি। লন্ডনে অনেকে চেষ্টা করেও এমন সাহিত্যের অনুষ্ঠান করতে পারেনি।’
এ আয়োজনে যারা নিজের লেখা পাঠ করেন, তারা হলেন কাজী আতিক, মনজুর কাদের, ইশতিয়াক রুপু, শাহীন ইবনে দিলওয়ার, রানু ফেরদৌস, মনিজা রহমান, তাহমিনা সাঈদ, বেনজির শিকদার, কামাল হোসেন মিঠু, সালেহীন সাজু, লুৎফা শাহানা, আবুল বাশার, কামরুন নাহার রীতা, সুরীত বড়ুয়া, লিয়াকত আলী, শিবলি ছাদেক, সবিতা দাশ, মিশুক সেলিম, জাকির মিয়া, আহম্মেদ হোসেন বাবু, মোহাম্মদ নাসিরুল্লাহ, পলি শাহীনা প্রমুখ। আবৃত্তি করেন- এম এ সাদেক ও নাসিমা আক্তার। আসরে উপস্থিত ছিলেন শামস আল মোমীন, আহমাদ মাযহার, নাসির শিকদার, রোমেনা লেইস, শাম্মী আক্তার হ্যাপি, হাকিকুল ইসলাম খোকন, শাকী মাহমুদ, জাকিয়া ফাহীম, আরিফা রহমান লাইজু, ইমাম উদ্দীন চৌধুরী, মাহমুদা বেগম, বদরুজ্জামান রুহেল, আকবর হায়দার কিরণ, মাকসুদা আহম্মেদ, শেখ ইলিয়াস প্রমুখ।
কবি শহীদ কাদরীর সহধর্মিণী নীরা কাদরী শহীদ কাদরীর লেখা ‘বিশ্বাস অবিশ্বাসের গল্প’ কবিতাটি পাঠ করে শোনান। আগস্ট মাসেই জন্মেছিলেন শহীদ কাদরী। আগস্টই তাঁর মৃত্যু মাস। আগস্টের সাহিত্য সভাটি তাঁকে নিয়েই সাজানো হবে বলে জানান উদ্যোক্তারা। সভা শেষে ছিল নৈশভোজের আয়োজন।