জ্যাকসন হাইটসে ঘরের পাশে নাৎসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর আগে পালিজকে নিয়ে প্রকাশিত একটি পত্রিকার প্রচ্ছদ
তিন বছর আগে পালিজকে নিয়ে প্রকাশিত একটি পত্রিকার প্রচ্ছদ

যে জ্যাকসন হাইটসে প্রায় প্রতিদিন হাঁটাহাঁটি করছি, সেখানেই লুকিয়ে ছিল এক নাৎসি যুদ্ধাপরাধী, সেটা ভাবতেই অবাক লাগছে। জ্যাকসন হাইটসে মূলত বাঙালি চলাচল ৭২ থেকে ৭৪ স্ট্রিট পর্যন্ত। এর এদিক-ওদিকেও কেউ কেউ ব্যবসা করছেন বটে, থাকছেন বটে, কিন্তু বাঙালির দখলে বলতে যা বোঝায়, সেটা ওই তিনটি স্ট্রিটই। অন্তত এখানে কিছুকাল কাটিয়ে এটাই আমার মনে হয়েছে। বহু বছর ধরেই যুদ্ধাপরাধী পালিজের বিরুদ্ধে বিক্ষোভ করছে মানুষ। কুইন্সের জ্যাকসন হাইটসে বসবাসকারী এই নাৎসি বিক্ষোভেও অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত শেষ রক্ষা হয়নি তার।
চারদিকে যখন রটে গিয়েছিল যুদ্ধাপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের খবরটি, তখনো জ্যাকসন হাইটসের জীবন চলেছে স্বাভাবিক নিয়মে। টেলিভিশন সংবাদ আর পরদিনের খবরের কাগজই প্রথম চমকে দিল আমাদের। যুদ্ধাপরাধীকে এ দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে—এ তো দারুণ সংবাদ।
পরদিন জ্যাকসন হাইটসের বাঙালিদের মধ্যে গিয়ে কাউকে কাউকে প্রশ্ন করি। বেশি কথা না বলে বেশির ভাগ মানুষই জানিয়ে দেন, যুদ্ধাপরাধীদের বিচার হওয়া খুবই দরকার। শুধু একজন বললেন, ৯৫ বছর বয়সের একটা মানুষের কি বিচার হওয়ার দরকার আছে?
এই একজন মানুষ, বা তার মতো মানুষদের জন্যই এই লেখা। তিনি এ কথা বলার পর আমার মনে পড়ে গেল, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল যখন, তখনো কেউ কেউ এ রকম প্রশ্ন তুলেছিলেন। হত্যাকারীদের প্রতি কারও কারও দরদ উথলে উঠছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে কাড়ি কাড়ি টাকা খরচ করে স্বাধীনতাবিরোধী চক্র লবিস্ট নিয়োগ করেছিল। সে সময়ও বয়সের দোহাই দেওয়া হয়েছিল। সে সময়ও তাদের অপরাধকে লঘু করে দেখার চেষ্টা করা হয়েছিল। ৩০ লাখ মানুষ হত্যার জন্য যারা দায়ী, তাদের প্রতি কোনো ধরনের অনুকম্পা দেখানো মানেই মানবতার বিরোধীপক্ষে দাঁড়িয়ে যাওয়া—এ কথা কে কাকে বোঝাবে? দেরিতে হলেও বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধকারীদের যে বিচার করতে পেরেছে, সেটা একটা বড় অর্জন। ওই অনুকম্পাকারী জনগোষ্ঠীকে বলব, দেখুন, এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের ধরা হচ্ছে। কেউ তাদের নিজের দেশে রাখতে চাইছে না।

নাৎসিটির পরিচয়
জ্যাকি পালিজ নামের এই যুদ্ধাপরাধী লোকটির জন্ম পোল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে অঞ্চলটি পোল্যান্ডে থাকলেও এখন সেটা ইউক্রেনের অংশ। ১৯৪৯ সালে পালিজ চলে এসেছিল যুক্তরাষ্ট্রে। ১৯৫৭ সাল থেকে সে মার্কিন নাগরিক। ইমিগ্রেশন অফিসারদের পালিজ ভুল তথ্য দিয়েছিল। সে বলেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে পোল্যান্ডের একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করত।
২০০১ সালে সে ডিপার্টমেন্ট অব জাস্টিসে স্বীকার করেছিল যে ১৯৪৩ সালে নাৎসি এসএস প্রশিক্ষণ কেন্দ্র থেকে সে প্রশিক্ষণ নিয়েছিল। পোল্যান্ডের ত্রাভনিকি এলাকায় জার্মানিরা এই প্রশিক্ষণ দিয়েছিল। পালিজ ত্রাভনিকি বন্দিশিবিরের সশস্ত্র দারোয়ান হিসেবে কাজ করেছে। এখানে বলে দেওয়া ভালো, ১৯৪৩ সালের ৩ নভেম্বর এই নির্যাতন ক্যাম্পে প্রায় ৬ হাজার ইহুদি ধর্মাবলম্বীকে হত্যা করা হয়।
পালিজের এই কীর্তি জানাজানি হয়ে গেলে ২০০৩ সালের আগস্ট মাসে মিথ্যে তথ্য প্রদান ও যুদ্ধাপরাধের দায়ে তার নাগরিকত্ব বাতিল হয় এবং এ দেশ ছাড়ার আদেশ আসে ২০০৪ সালে। কিন্তু এক অদ্ভুত কারণে পালিজকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করা যায়নি তখন। কারণটা হলো, জার্মানি, ইউক্রেন বা পোল্যান্ড কোনো দেশই পালিজকে গ্রহণ করতে চায়নি। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অফিস থেকে জোর দিয়ে বলা হয়েছিল পালিজকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করার কথা। যার কারণে এবার জার্মানিতে যেতে বাধ্য হলো সে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পালিজ নাৎসি বিষয়ে ভুল তথ্য দিয়ে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছে। যারা যুদ্ধাপরাধে কোনো ধরনের সহযোগিতা করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদের বরদাশত করবে না। আমেরিকার মাটিতে তাদের ঠাঁই নেই।’ যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬৮ জন নাৎসিকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
নিউইয়র্কের রাজনীতিবিদেরা, যাদের মধ্যে আছেন সিনেটর কার্সটেন গিলিব্রান্ড এবং চার্লস শুমার, তারা হোয়াইট হাউসে চিঠি লিখে এই অবস্থার প্রতিকার চেয়ে আসছিলেন বহুদিন ধরেই।

জ্যাকসন হাইটসের লাল ইটের বাড়িটি
৩৩-১৮ ৮৯ স্ট্রিটের লাল ইটের বাড়িটিতে থাকত এই যুদ্ধাপরাধী। প্রায় প্রতিদিনই তার পোলিশ অ্যাকসেন্টে সে ‘গুড মর্নিং’ বলত পড়শিদের। ব্লকপার্টি হলে সে তার ঘরের সিঁড়িতে বসে তা উপভোগ করত। পড়শিরা প্রথমে ভাবত, পালিজও অন্য অনেকের মতো সাধারণ অভিবাসী, যে এখন সবচেয়ে বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় শহরটির বাসিন্দা। ব্যতিক্রম ছিল একটি ব্যাপারেই। কোনো কোনো দিন কেউ কেউ তার ঘরে জানালায় ঢিল ছুড়ে মারত।
পালিজকে দেশছাড়া করতে মার্কিনিদের যুদ্ধ করতে হয়েছে ১৪ বছর। পালিজের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার পর জ্যাকসন হাইটসেই তাকে দেশত্যাগে বাধ্য করার জন্য প্রতিবাদে শরিক হয়েছে মানুষ। বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মানুষ। টেলিভিশনে যখন পালিজকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার খবর দেখানো হচ্ছিল, তখন সে তার মুখ ঢেকে রেখেছিল তার টুপি দিয়ে। জ্যাকসন হাইটসেই একজন বলছিলেন, তাঁর দাদা আর দাদিকে হত্যা করেছিল নাৎসিরা।
বাড়িটার দিকে যে-ই তাকাচ্ছিল, তারই মনে হচ্ছিল, মার্কিন দেশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষতম বিষটি উপড়ে ফেলা হলো। বলে রাখা ভালো, ১৯৯৩ সালে নাৎসি রেকর্ডপত্র ঘাটার সময়ই পালিজ যে নাৎসি ছিল, সে খবর পাওয়া যায়। ওই বাড়িটি দেখেছি এবং আমিও একটি ইতিহাসের সাক্ষী হলাম ভেবে ভালো লেগেছে।

পালিজকে নিয়ে যাওয়া
গত ২০ আগস্ট পালিজের পড়শিরা দেখল, নিজের টুপি দিয়ে মুখ ঢেকে রেখেছে পালিজ। তাকে স্ট্রেচারে করে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ব্লকের বাসিন্দা অ্যাডাম ডি ফিলিপ্পো তখন বলছিলেন, ‘মানুষ যা করে, তার প্রতিদান পায়।’ ২১ আগস্ট সকালে তাকে জার্মানির পথে বিমানে তুলে দেওয়া হয়।

পালিজের ভণিতা
ভিসা নেওয়ার সময় কেন মিথ্যে বলেছিল, এ রকম প্রশ্নের জবাবে পালিজ বলেছিল, ‘সত্য কথা বললে আপনারা আমাকে ভিসা দিতেন না। প্রত্যেকেই মিথ্যে কথা বলে এ দেশে এসেছে।’
যুদ্ধের পর পালিজ অন্যান্য নাৎসি সশস্ত্র গার্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিল। ওরাও যুক্তরাষ্ট্রে এসেছিল নিজেদের সম্পর্কে মিথ্যে তথ্য দিয়ে। ভাগ্যের কি পরিহাস, ১৯৬৬ সালে পালিজ ও তার স্ত্রী লাগোডিয়া বিমানবন্দরের কাছে যে দম্পতির কাছ থেকে বাড়ি কিনেছিল, তারা ছিলেন পোলিশ ইহুদি, যারা পোল্যান্ডে ইহুদি নিধনযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিলেন। তারা জানতেনই না, একজন নাৎসির কাছে তারা তাদের বাড়ি বিক্রি করছেন!
পালিজ স্বীকার করেছিল, ত্রাভনিকিতে সে গার্ড হিসেবে কাজ করেছে বটে কিন্তু কোনো ধরনের যুদ্ধাপরাধের সঙ্গে সে যুক্ত ছিল না। একসময় এ কথাও বলেছে, জার্মানিরা তাকে গার্ড হতে বাধ্য করেছিল। তারা নাকি বলেছিল, কাজে যোগ না দিলে তারা পালিজকে মেরে ফেলবে।
নিউইয়র্কের অ্যাসেমব্লিম্যান ডোভ হাইকিন্ড বছরের পর বছর এই যুদ্ধাপরাধীকে আমেরিকা থেকে বহিষ্কারের জন্য লড়ে গেছেন। তিনি বলেছেন, ‘আমার মা ছিলেন আউশউইৎস-এ। আমার দাদা আর দাদিকে গ্যাসচেম্বারে নিয়ে হত্যা করা হয়েছিল। আর এই পালিজ আরামসে বসবাস করছে জ্যাকসন হাইটসে। এটা হতে পারে না!’

পালিজ ও অপারেশন ফিনালে
যোগাযোগটা কাকতালীয়। ২১ আগস্ট পালিজকে পাঠিয়ে দেওয়া হলো জার্মানিতে। তার এক সপ্তাহ পরে ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘অপারেশন ফিনালে’ ছবিটি। আর্জেন্টিনায় লুকিয়ে থাকা এডলফ আইখম্যানকে কীভাবে ইজরায়েলি গোয়েন্দারা ধরে নিয়ে গেল ইসরায়েলে, সে কাহিনি বর্ণিত হয়েছে ছবিটিতে। নিউইয়র্কের জ্যামাইকার একটি সিনেপ্লেক্সে ছবিটি দেখতে দেখতে নাৎসিদের ব্যাপারে ঘৃণা আরও বাড়ল। ঘৃণা বাড়ল এই কারণে যে ওরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। গোটা ছবিতে আইখম্যান (এই চরিত্রে অভিনয় করেছেন বেন কিংসলে) যেভাবে কথা বলে গেছে, তাতে কখনো কখনো মনে হয়েছে, তিনি যা করেছেন, সেটাই তো করার কথা ছিল। বেশ কিছু দার্শনিক কথোপকথনে একসময় তো মনেই হয়, এই লোকটাকে তো বাঁচিয়ে রাখাই উচিৎ।
অস্কার আইজ্যাক অভিনয় করেছেন পিটার মালকিন চরিত্রে। তার সঙ্গেই মূল কথোপকথন হয় আইখম্যানের। শৈশবে পিটারের চোখের সামনেই বিশাল এক হত্যাকাণ্ড ঘটিয়েছিল আইখম্যান। তার সাঙাৎদের দিয়ে হত্যা করিয়েছিল শত শত মানুষকে। পিটারের বোন আর তিন সন্তানকেও হত্যা করেছিল আইখম্যানের দল। ফলে একটা ক্রোধ, ক্ষোভ কাজ করেছে পিটারের মনে। কিন্তু সে যেভাবে নিজের ক্রোধ সংবরণ করে আইখম্যানকে বশে নিয়ে আসে, তা ছিল অনবদ্য।
রিকার্দো ক্লিমেন্ত্ ছদ্ম পরিচয়ে আর্জেন্টিনার বুয়েনেস আইরেসে বসবাস করা এই এসএস কর্মকর্তাকে ইসরায়েলে এনে বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।
পালিজের ঘটনাও প্রায় একই রকম। আইখম্যান ধরা পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পনেরো বছর পর। পালিজ ধরা পড়ল ৭৩ বছর পর—এই যা পার্থক্য। কিন্তু তাদের প্রতি সাধারণ মানুষের ঘৃণা যে অমূলক নয়, তা বুঝতে হলে ইতিহাস পড়তে হবে। গণহত্যা মানে কী, তা বুঝতে হবে। নইলে অনেকের মতো এ প্রসঙ্গে এমন কথা বলে বসবে কেউ, যা মানবতাকেই প্রশ্নের সম্মুখীন করে।