জ্যাকসন হাইটসে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রিটর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় জ্যাকসন হাইটসের একটি গির্জায় এ প্রদর্শনী হয়।

প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় নিয়ে, প্রতিটি বিষয়ে যত্ন নিয়ে আমরা সিনেমাটি তৈরি করেছি। আমার বিশ্বাস দুই ঘণ্টা ১৬ মিনিটের এ সিনেমায় বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।

পরিচালক বলেন, অক্টোবর মাসে সারা দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই সিনেমা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আলী হাসান কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের অধিবেশনে এসেছেন। এ জন্য আমরা অনুরোধ করেছি সিনেমাটা যেন আমরা ঘরোয়া ভাবে দেখতে পারি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। অল্প সময়ের মধ্যে নিউইয়র্কের সাহিত্য সংস্কৃতির অন্তত ৭০ জন মানুষ এসেছেন।

সিনেমাটি হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত হয়েছে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

এ সিনেমায় আরও অভিনয় করেন খায়রুল আলম সবুজ, এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদ প্রমুখ।