জ্যাকসন হাইটসে জনপ্রিয় হচ্ছে পপ-আপ মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপ-আপ মার্কেটে প্রবাসী বাংলাদেশিদের দোকান

নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটস অভিবাসী বৈচিত্র্যের অন্যতম এলাকা। ২৪ ঘণ্টা জেগে থাকা নগরের এই এলাকাটি জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে। নানা জাতিগোষ্ঠীর খাবার, পছন্দের পণ্যের সমাহার জ্যাকসন হাইটসের ফুটপাতের দোকানগুলোতে। স্থানীয় লোকজনই নয়, দূরের এলাকা থেকে লোকজনকে ছুটে আসতে দেখা যায় জ্যাকসন হাইটসের এসব দোকানে কেনাকাটা করতে।

লাইসেন্স ছাড়া এসব ফুটপাতের দোকানের ওপর সম্প্রতি নগরের খড়্গ নেমে এসেছে। খাবার নিয়ে বসে থাকা লোকজনকে গত মাসে এক হাজার ডলার করে জরিমানা দিতে হয়েছে। অন্যান্য ফুটপাত ব্যবসায়ীদের ২৫০ ডলার করে জরিমানা গুনতে হচ্ছে নগরের লোকজন আসলেই।

ফুটপাতে এমন পণ্য নিয়ে বসার জন্য লাইসেন্স পাওয়াও বেশ কঠিন। মহামারি পেরিয়ে যাওয়া নগরে এমন সংকট মোকাবিলার জন্য পপ-আপ মার্কেট নামের ব্যবস্থায় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন বেশ কিছু অভিবাসী।

স্থানীয় জুইস সেন্টারের সহযোগিতায় এ পপ-আপ মার্কেট এখন বসেছে ব্যক্তি উদ্যোক্তাদের পণ্যের সমাহার নিয়ে। আগে থেকে দিন তারিখ জানিয়ে জুইস সেন্টারে উদ্যোক্তারা চলে আসেন নিজেদের পণ্য নিয়ে। টেবিল সাজিয়ে বসে পড়েন কেউ দক্ষিণ আমেরিকার ঐতিহ্যের হাত ব্যাগ নিয়ে, কেউ ব্রুকলিনের বিখ্যাত সব শিল্পকর্ম নিয়ে।

পপ-আপ মার্কেটের উদ্যোক্তা জোনাথন অ্যানড্রেস ও তাঁর স্ত্রী লিসা সানঈসা বলেছেন, নগরে কোনো কোনো সময় অন্যায়ভাবেই ফুটপাতের লোকজনকে উচ্ছেদ করা হয়। কখনো দেখা যায়, এলাকা বিশেষের প্রতি অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসার আয়োজন নিয়ে ফুটপাতের দোকানিদের সব সময় তটস্থ থাকতে হয়। পপ-আপ মার্কেটের ফলে এখন থেকে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উৎকণ্ঠা থেকে মুক্ত থাকবেন এবং তাঁদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন বলে তিনি মনে করেন।

গত মে মাস থেকে চালু হওয়া পপ-আপ মার্কেট সপ্তাহান্তে বসছে। নগরের অফিস আদালত বন্ধ থাকায় বিভিন্ন ঐতিহ্য আর সংস্কৃতির পরিচায়ক পণ্য সামগ্রী ও খাবারের স্বাদ নিতে লোকজনকে ভিড় করতে দেখা যাচ্ছে পপ-আপ মার্কেটে।

১৫ আগস্ট জুইস সেন্টারে পপ-আপ মার্কেটে প্রথমবারের মতো পণ্য নিয়ে যোগ দেবেন বাংলাদেশি শিরিল হাসান। তিনি বলেন, মহামারির বিপর্যয় কাটিয়ে ওঠা নগরের খেটে খাওয়া মানুষদের ওপর নগরের খড়্গ না চালিয়ে সুবিধা করে দেওয়ার কথা। ২৫০ ডলারের জরিমানার ভয় থেকে পপ-আপ মার্কেটে পণ্য বিক্রির সুবিধা পাচ্ছেন বলে বাংলাদেশে তৈরি টি-শার্ট নিয়ে পপ-আপ মার্কেটে যোগ দেওয়ার ইচ্ছা শিরিল হাসানের।

জোনাথন অ্যানড্রেস বলেন, প্রতি সপ্তাহেই পপ-আপ মার্কেট ক্রেতাদের আকৃষ্ট করছে। নিউইয়র্ককে বলা হয় সারা বিশ্বের সব জাতিগোষ্ঠীর মহামিলনের নগর। এর মধ্যে জ্যাকসন হাইটস হয়ে উঠেছে নিউইয়র্কের সব অভিবাসীদের প্রাণ চাঞ্চল্যের এলাকা। নগরের অভিবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগস্থল জ্যাকসন হাইটসের পপ-আপ মার্কেট বৈচিত্র্যের আরেকটি উদাহরণ বলে জোনাথন অ্যানড্রেস উল্লেখ করেন।