জ্যাকসন হাইটসে বর্ণবাদ ও সংখ্যালঘু নির্যাতনবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে বর্ণবাদবিরোধী সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন। ছবি: প্রথম আলো
জ্যাকসন হাইটসে বর্ণবাদবিরোধী সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন। ছবি: প্রথম আলো

পুলিশের নির্যাতনে আমেরিকায় কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড ও বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখিল তালুকদারের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ‘হিন্দু লাইভ ম্যাটারস ইন বাংলাদেশ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেয় আন্দোলনকারীরা। কমিউনিটি অ্যাকটিভিস্ট গোপাল সান্যালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ‘গত ২ জুন কোটালীপাড়ায় নিখিল তালুকদার নামে এক কৃষককে পুলিশের এক এএসআই নির্মমভাবে হত্যা করে। নিখিলের শিরদাঁড়া হাঁটু দিয়ে চাপ প্রয়োগ করে ভেঙে ফেলা হয়।’ বক্তারা সরকারের কাছে, নিখিল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আমেরিকায় জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার প্রতিবাদে এখন যে আন্দোলন চলছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, ‘আমরা বিশ্বের সব মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বর্ণবাদ, মৌলবাদ, বৈষম্য ও সাম্প্রদায়িকতা উৎখাতের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশেও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সবাইকে।’

সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশের অন্যতম আয়োজক কমিউনিটি অ্যাকটিভিস্ট শুভ রায়, অনলাইন অ্যাকটিভিস্ট দিনেশ মজুমদার, অতুল রায়, বিভাস মল্লিক প্রমুখ।