জ্যাকসন হাইটসে বিনা মূল্যে খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে বয়স্কদের মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করছেন ফেরদৌস খন্দকার
জ্যাকসন হাইটসে বয়স্কদের মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করছেন ফেরদৌস খন্দকার

বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। নিউইয়র্কসহ আমেরিকায় এই ভাইরাস ক্রমশ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। এতে করে আক্রান্ত ও মৃত্যুর হারও বাড়ছে।
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন চিকিৎসক ফেরদৌস খন্দকার। ১৭ মার্চ বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তাঁর কার্যালয়ের সামনে বয়স্কদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিনা মূল্যে দেওয়া খাবারের মধ্যে রয়েছে চাল, চাল, বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন শুকনো খাবার। এরপরের পর্যায়ে শিশু ও অন্যদের মধ্যেও খাবার বিতরণ করা হবে।
খাদ্য বিতরণের সময় ফেরদৌস খন্দকার বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটাই উপযুক্ত সময়। চলুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। বিশেষ করে যারা সামর্থ্যবান তাঁদের উচিত অন্যদের সেবা করার সুযোগ নেওয়া।
এই চিকিৎসক বলেন, দেখুন এমন কিছু মানুষ রয়েছেন, যারা দুঃসময়ে মুনাফা লুটে নেওয়ার জন্য দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এটা মোটেও উচিত নয়। যে ভাইরাসের কারণে এই অবস্থা তৈরি হয়েছে, তাতে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারেন। ফলে সবারই উচিত বিষয়টি মাথায় রাখা।
প্রথম পর্যায়ে বয়স্কদের মধ্যে খাবার বিতরণ করা হলেও, পর্যায়ক্রমে শিশুসহ সবাইকে সাধ্য অনুযায়ী দেওয়া হবে বলে জানান ফেরদৌস খন্দকার। একই সঙ্গে যারা অনেক বয়স্ক এবং যাদের হয়ে এই খাবার সংগ্রহ করার কেউ নেই খোঁজ পেলে অবশ্যই সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসা হবে বলেও উল্লেখ করেন এই মেডিসিন বিশেষজ্ঞ।
তিনি বলেন, চিকিৎসা দেওয়ার পাশাপাশি, মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে হ্যান্ড স্যানিটাইজার, করোনা কিটসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।