জ্যাকসন হাইটসে মূল্যছাড়ে পচা সবজি
জ্যাকসন হাইটসে সবজির সেল মানেই পচা সবজি বিক্রি। জ্যাকসন হাইটসের একাধিক গ্রোসারি মালিক ‘সেল’ ঘোষণা করে নিম্নমানের সবজি বিক্রি করছেন। বিশেষ করে ভারতীয় মালিকানাধীন এক সুপার মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে সেল দিয়ে নিম্নমানের, এমনকি পচা সবজি বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
দাম কম দেখে একশ্রেণির ক্রেতা এসব সবজি কিনে নিয়ে যান। রান্নার পর এসব সবজির স্বাদ-গন্ধ কিছুই পাওয়া যায় না বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের ‘সেল’ ঘোষণা করেন। সাধারণত যে দাম রাখা হয়, তার চেয়ে কম দামে এসব পণ্য বিক্রি করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের মানে কোনো নড়চড় হয় না। কিন্তু জ্যাকসন হাইটসের ভারতীয় মালিকানাধীন এক সুপার মার্কেটের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। তাদের কাছে ‘সেল’ মানেই নিম্ন মানের পণ্য ক্রেতাদের গছিয়ে দেওয়া। এমনকি নিত্যপণ্য সবজিও এর বাইরে নয়। সেল দিয়ে তারা পচা সবজি গছিয়ে দিচ্ছে ক্রেতাদের, যা খাওয়ার অযোগ্য।
২২ ডিসেম্বর জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও ৭৩ স্ট্রিটে অবস্থিত এক সুপার মার্কেটে গেলে দেখা যায়, ‘সেল’ লেখা বোর্ড টানিয়ে নিম্নমানের সবজি দোকানের বাইরে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে হলুদ কাগজে দাম লিখে বেন্ডি, শিম, মুলার শাকসহ বিভিন্ন ধরনের শাক বিক্রি করতে দেখা গেছে, যার সবই নিম্নমানের। এর মধ্যে দু-একটি সবজি একেবারেই পচা। শাক ও সবজির ওপরের অংশে কালো দাগ পড়ে গেছে। বাংলাদেশি মালিকানাধীন আরেক গ্রোসারিতেও দেখা গেল একই চিত্র। সেখানে সেল দিয়ে নিম্নমানের শসা বিক্রি করতে দেখা গেছে। নিয়ম অনুযায়ী এসব নিম্নমানের সবজি বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার কথা থাকলেও দোকান মালিকেরা তা করছেন না। কথা হয় সবজি কিনতে আসা সাইদা আক্তারের সঙ্গে। তিনি বলেন, এটি একটি বিস্ময়কর ব্যাপার। প্রকাশ্যে বাইরে সাজিয়ে এসব নিম্নমানের সবজি বিক্রি হচ্ছে। অথচ প্রশাসন কোনো কিছু করছে না।
এ ধরনের কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইন রয়েছে নিউইয়র্ক নগরে। নিম্নমানের সবজি বিক্রির বিষয়ে কেউ যদি ৩১১ নম্বরে ফোন করে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষকে জানায়, তবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্ভব। এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ কেউ করেছেন কিনা, তা জানা যায়নি।
একই দিনে কথা হয় আরেক ক্রেতা জেসমিন নাফিজার সঙ্গে। প্রথম আলো উত্তর আমেরিকাকে তিনি বলেন, ‘মাছ, মাংস থেকে বেশি দাম দিয়ে আমরা সবজি কিনি। দাম কম শুনে সবজি কিনতে এসেছিলাম। অথচ এখানে নিম্নমানের, এমনকি পচা সবজি বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।’ এসব সবজি কিনবেন কিনা প্রশ্নের জবাবে নাফিজা বলেন, ‘দাম যত কমই হোক, গায়ে কালো দাগ পড়ে গেছে—এমন সবজি কেনার প্রশ্নই আসে না।’
অবশ্য শেষে দুই ক্ষুব্ধ ক্রেতাকেই সেল থেকে সবজি কিনতে দেখা গেল। বাধ্য হয়েই হয়তো তাঁরা এসব সবজি কিনেছেন। নিম্ন আয়ের ক্রেতাদের এই সাধ ও সামর্থ্যের ব্যবধানকেই কাজে লাগাচ্ছেন অসাধু গ্রোসারি মালিকেরা। তাঁরা জানেন, নিম্ন আয়ের মানুষের সামর্থ্য কম হওয়ায় তাঁরা শেষ পর্যন্ত এমন অসাধু কাজ করেও পার পেয়ে যাবেন।
এ ধরনের অসাধু কার্যক্রম চলা উচিত নয় বলে মনে করেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা। তাঁদের মতে, ক্রেতারা যদি শেষ পর্যন্ত এ ধরনের নিম্নমানের পণ্য কিনে বাড়ি ফেরেন, তবে এটা চলতেই থাকবে। এটা ভোক্তা অধিকার পরিপন্থী। ক্রেতাদের উচিত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা। তা না হলে এ ধরনের অসাধু কার্যক্রম বন্ধ হবে না।