জ্যাকসন হাইটসে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশি
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ এবং ৭৫ স্ট্রিটের মাঝে ৩৭ অ্যাভিনিউয়ে ৯ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। এতে তিনি সামান্য আহত হন। হামলার শিকার ওই প্রবাসীর নাম রুহুল আমিন। তিনি একজন মুক্তিযোদ্ধ। নিউইয়র্কে তিনি উবার চালান।
বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে আসা রুহুল আমিন বলেন, রাত সাড়ে নয়টার দিকে ৩৭ অ্যাভিনিউ দিয়ে ওপরের দিকে যাওয়ার সময় তিনি কবীর বেকারির সামনে একটি পার্কিং দেখতে পান। সেখানে তিনি ডাবল পার্কিং করে গাড়ি দাড় করান। এ সময় ৩৭ অ্যাভিনিউ দিয়ে ডানে যেতে থাকা একটি গাড়ি হঠাৎ করেই ইউ টার্ন নিয়ে তাঁর গাড়ির পেছনে আসে। ফলে তিনি তাঁর গাড়ি পার্কিং করতে পারেননি। তিনি গাড়িটি হাফ পেছনে আনার পরই ইউটার্ন করা গাড়িটি তাঁর গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কবির বেকারির দিকে ফুটপাতে তুলে দেয়।
রুহুল আমিন বলেন, তাঁর গাড়ি ধাক্কা দেওয়ায় তিনি গাড়িতে বসেই পুলিশ কল করেন। ফুটপাতে তুলে দেওয়া গাড়িটি কোনোভাবেই বের হতে পারছিল না। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। সেখানে ছিলেন বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। তিনি একটি অনুষ্ঠান শেষে ৭৩ স্ট্রিটের দিকে যাচ্ছিলেন।
মোহাম্মদ আলী বলেন, ‘আমি গাড়ির দিকে তাকিয়ে দেখি, বাংলাদেশি রুহুল আমিন। তিনি আমার পরিচিত। আমি দেখলাম, রুহুল আমিন গাড়িতে বসে টেলিফোনে কথা বলছেন। এ সময় আমি তার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটির ছবি তুলছি এবং ভিডিও করছি।’
রুহুল আমিন বলেন, ‘আমি যখন পুলিশের সঙ্গে ফোনে কথা বলছিলাম ওই সময় ইউ টার্ন করা গাড়িটি আমার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত করে বের হয় এবং চালক গাড়িটি আমার গাড়ির সামনে এনে দাঁড় করায়। সেই সময়ও মোহাম্মদ আলী ছবি তুলছিলেন। একপর্যায়ে ওই গাড়ির চালক মারমুখী হয়ে মোহাম্মদ আলীকে প্রশ্ন করেন, আপনি কেন ছবি তুলছেন? দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই গাড়ির চালক পকেট থেকে ধারালো ছুরি বের করে। সে মোহাম্মদ আলীর দিকে এগিয়ে যাচ্ছিল। আমিও এর মধ্যে গাড়ি থেকে বের হই। আমি ছুরি থাকা তার হাতটি শক্ত করে ধরে ফেলি। অন্য হাত দিয়ে সে আমার ঘাড় চেপে ধরে। আমাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমি কোনোভাবেই ছুটতে পারছিলাম না।’
রুহুল আমিন বলেন, ‘ছুরি হাতে থাকা চালককে না ধরতে পারলে সে আমাদেরে দুজনকে ছুরিকাঘাত করত। এরই মধ্যে আরেকজন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ওই চালকের হাত থেকে আমাকে ছাড়িয়ে নেয়। এরপরই ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে।’
ওই সময় একজন শ্বেতাঙ্গ আমেরিকান পুলিশ কল করলে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে আসে। পুলিশ আসার পর ওই ব্যক্তি পুলিশকে প্রাথমিকভাবে ঘটনাটি জানায়। অন্যদিকে রুহুল আমিনকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। আধা ঘণ্টা চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। রুহুল আমিন পুলিশকে বলেছেন, ওই লোক তাকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল।
রুহুল আমিন আরও বলেন, ‘১১ নভেম্বর আমি স্থানীয় প্রিসিঙ্কটে গিয়েছিলাম রিপোর্ট আনার জন্য এবং তাদের ছবিগুলো দেওয়ার জন্য। তখন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আমাকে জানান, তারা ছবি নেবেন না। এই ছবিগুলো নেবে ডিটেকটিভ। তিনি শুধু রিপোর্ট দিতে পারেন। কিন্তু তখন কম্পিউটার ডাউন থাকায় তাকে তখন রিপোর্ট দিতে পারেননি।
পুলিশ রুহুলকে আরও জানান, ডিটেকটিভ তাকে ২/৩ দিনের মধ্যে কল দেবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে সেখান থেকে কোনো কল দেওয়া হয়নি।