
প্রতিবছরের মতো এবারও বড় পরিসরে বাংলা নববর্ষ উপলক্ষে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি বৈশাখী মেলার আয়োজন করছে। ২৯ এপ্রিল জ্যামাইকার ১৬৮ স্ট্রিট ও ৯০ অ্যাভিনিউ-সংলগ্ন পার্কিং লটের খোলা মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার নাম দেওয়া হয়েছে ‘ইফাদ লোক উৎসব ও বৈশাখী মেলা’।
১৬ এপ্রিল জ্যামাইকার স্টার কাবাব রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, মেলায় পান্তা-ইলিশ ভোজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশি তরুণ প্রজন্ম এবং মূলধারার রাজনীতিকদের কাছে তুলে ধরার প্রয়াস।
ফখরুল ইসলাম বলেন, ওই দিন দুপুরে জ্যামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউর ক্যাপ্টেন টিলি পার্কে পান্তা-ইলিশ ও ভর্তা-ভাত আপ্যায়ন শেষে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা হিলসাইড অ্যাভিনিউ হয়ে মেলায় অর্থাৎ পার্কিং লটে গিয়ে শেষ হবে।
আয়োজকেরা বলেন, এবারের মেলার বাজেট হচ্ছে ৪০ হাজার ডলার। মেলায় বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপাসহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। থাকবে দেশীয় নৃত্য।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া। সংবাদ সম্মেলন পরিচালনা করেন মেলা কমিটির সদস্যসচিব ইফজাল আহমেদ চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন মেলার উদ্বোধক জেবিবিএর প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ রহমান মান্নান ও বর্তমান সিনিয়র সহসভাপতি শাহ নেওয়াজ।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম; উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, রেজাউল করিম চৌধুরী, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ছদরুন নূর, এ বি এম সালাহউদ্দিন আহমেদ, ফরিদ আলম, ফারুক হোসেন তালুকদার, সাবেক সভাপতি মনির হোসেন ও বিলাল চৌধুরী; সহসভাপতি এ এফ মিসবাহ উজ্জামান, শেখ হায়দার আলী, শেখ আনসার আলী; সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু; কোষাধ্যক্ষ সহদেব তালুকদার; ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক গোলাম আজম রকি; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কবির হোসেন মুন্সী; কার্যকরী সদস্য সেবুল মিয়া, আবদুল মন্নাফ তালুকদার, রিজু মোহাম্মদ, দরুদ মিয়া রনেল, আফরোজা রোজী, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।