জ্যামাইকায় অভিনব কায়দায় দানবাক্স চুরি
নিউইয়র্কের জ্যামাইকার সাটফিন ব্লুবার্ডের তাজমহল রেস্তোরাঁ থেকে দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। রেস্তোরাঁয় সিসি ক্যামেরায় অভিনব কায়দায় দানবাক্স চুরির ঘটনাটি ধরা পড়েছে।
তাজমহল রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে একদিন দুপুরের ঘটনা। ক্রেতা সেজে এক কৃষ্ণাঙ্গ রেস্তোরাঁয় প্রবেশ করে। কাউন্টারের সামনে দাঁড়িয়ে কিছু খাদ্য সামগ্রীর অর্ডার দেয়। রেস্তোরাঁ কর্মীরা খাদ্য সামগ্রী তৈরিতে মনোযোগ দিলে কৃষ্ণাঙ্গ ব্যক্তি কাউন্টারের ওপরে রাখা দানবাক্সটি নিয়ে পালিয়ে যায়। রেস্তোরাঁয় সিসি ক্যামেরায় চুরির কৌশল ও ছবি ধরা পড়ে। দানবাক্সে দুই/তিন শ ডলার থাকতে পারে।
তাজমহল রেস্তোরাঁয় কর্মী বাপ্পী প্রথম আলোকে বলেন, শুধু আমাদের রেস্তোরাঁয় নয় পাশের পদ্মা সুপার মার্কেটেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। তাজমহল থেকে দানবাক্স চুরির বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ার পর ছবিসহ পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে।
তাজমহল রেস্তোরাঁয় এ দানবাক্সে সংগ্রহ করা ডলার বিভিন্ন মসজিদে বিতরণ করা হয়। এ ছাড়া পদ্মা সুপার মার্কেট থেকে চুরি হওয়া দানবাক্সটি ক্যানসার আক্রান্ত এক শিশুর জন্য তৈরি করা হয়েছিল।