জড়িতদের বিচার দাবিতে নিউইয়র্কে সমাবেশ

রায়হান হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি হেফাজতে রায়হান আহমদের (৩৪) হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ১৪ অক্টোবর নিউইয়র্কের ওজোন পার্ক প্লাজায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিউইয়র্কে বসবাসরত সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বক্তারা এসআই আকবরসহ যারা এই ন্যক্কারজনক কাজে জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষুব্ধ জনতা ন্যায্য ও দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য একটি স্মারকলিপিতে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন।

১০ অক্টোবর মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে তাঁর পরিবার। সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে কল করে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন।

এ ঘটনার শুরুতে ওই ফাঁড়ির পুলিশ সদস্যরা ছিনতাইকারী সন্দেহে নগরের কাস্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান নিহত হয়েছেন বলে প্রচার চালায়। কিন্তু গণপিটুনির স্থান হিসেবে যেখানকার কথা বলেছিল পুলিশ, সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের স্থাপন করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এমন কোনো দৃশ্য দেখা যায়নি।