জয় চৌধুরীকে নারীনেত্রীদের সমর্থন
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশি প্রার্থী জয় চৌধুরীকে এবার সমর্থন জানিয়েছেন কমিউনিটির নারীনেত্রীরা।
১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি নারীনেত্রীদের আয়োজনে অনুষ্ঠিত জয় চৌধুরীর নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তাঁরা জয় চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানান।
বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ও শিল্পকলা একাডেমি ইউএসএ ইন্ক-এর সভাপতি মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জয় চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন পর্না ইয়াসমিন, নার্গিস রহমান, সবিতা দাশ, নাসরিন চৌধুরী, শিরিন পারভীন, আফরোজ হক, বাবলি হক, জীবন চৌধুরীসহ নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি নারী নেত্রীরা।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন—সিপিএ সারোয়ার চৌধুরী, সিনিয়র প্যারা লিগ্যাল নওশের চৌধুরী, শাহ শহীদুল ইসলাম, মূলধারার নেতা মিলন রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন চৌধুরী, শিল্পকলা একাডেমি ইউএসএর সদস্য মোহর খান, লিটন ফিলিপস ও সাংবাদিক এস এম সোলায়মান।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী জয় চৌধুরী বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে কমিউনিটির জন্য ইমিগ্রেশন সার্ভিস চালু করা। এ ছাড়া সার্বক্ষণিক বাংলায় দোভাষী সার্ভিস, স্বাস্থ্য, শিক্ষাসহ সব সহায়তায় ওয়ান স্টপ হেল্প ডেস্ক চালু করব। যাতে করে আমার কমিউনিটির মানুষ সহজে সব বিষয়ে পরামর্শ ও সহায়তা পেতে পারেন।
তিনি বলেন, আমি মনে প্রাণে একজন বাংলাদেশি। বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হয়েই আমেরিকার মূলধারায় কাজ করে যাব।
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৪ (জ্যাকসন হাইটস, এল্মহার্স্ট, উডসাইড ও করোনা) প্রার্থী জয় চৌধুরী নিউইয়র্ক সিটি কাউন্সিল ও আমেরিকার সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। চট্টগ্রামের সন্তান জয় চৌধুরী মাত্র ১০ বছর আগে আমেরিকা এসেছেন।