‘জয়’ পেতে ভুল পথে ট্রাম্প

  • হোয়াইট হাউসে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু

  • বাইডেনের মন্ত্রিসভার কয়েকজনের নাম ঘোষণা

  • পেনসিলভানিয়ায় ভোট সার্টিফিকেশনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে সম্মতি দিলেও এখনো পরাজয় স্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে সরকারিভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণার পর ২৪ নভেম্বর ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর বিষয়ে তাঁর সম্মতি জানান। এই ঘোষণায় মনে হয়েছিল অবশেষে হয়তো তিনি নির্বাচনের ফল পরিবর্তনের যাবতীয় চেষ্টা থেকে সরে এলেন। কিন্তু না, এখনো তিনি ভোট জালিয়াতির দাবি জানিয়ে মামলা করে যাচ্ছেন।

২৪ নভেম্বর ট্রাম্প বলেন, মার্কিন সরকারের যে সংস্থা ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে, তাদের যা করণীয়, তা অবশ্যই করা উচিত। তবে তিনি এখনো নির্বাচনে পরাজয় মেনে নেননি। তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)।

ট্রাম্পের কাছ থেকে সম্মতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জিএসএ বলে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনে জয়ী বলে প্রতীয়মান হওয়ার বিষয়টি তারা স্বীকার করছে।

তবে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও ট্রাম্প কিন্তু নির্বাচনে পরাজয় স্বীকার করতে এখনো নারাজ। নির্বাচনে কথিত কারচুপি নিয়ে করা মামলাগুলোও চালিয়ে যাচ্ছেন তিনি। এ সম্পর্কিত এক টুইটে ট্রাম্প বলেন, ‘আমাদের মামলাগুলো জোর কদমে এগিয়ে চলেছে। আমরা ভালোভাবে লড়ে যাব। আর বিশ্বাস করি, আমরা টিকে থাকব।’

এই টিকে থাকার পথেই খবর এল পেনসিলভানিয়া থেকে। সেখানে ভোট সার্টিফিকেশনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন এক বিচারক। প্রেসিডেন্ট পদে অঙ্গরাজ্যের সব কাউন্টির সার্টিফিকেশন হয়ে যাওয়ার পর বিচারক এমন নিষেধাজ্ঞা জারি করলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পেনসিলভানিয়ায় ডাকযোগে পাঠানো ভোট গণনা নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছিল। এ ছাড়া অঙ্গরাজ্যটির রিপাবলিকান আইনপ্রণেতা মাইক কেলিসহ কয়েকজন ট্রাম্প সমর্থক ভিন্ন একটি মামলা করেন। এতে বলা হয়, অঙ্গরাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনী আইন লঙ্ঘন করেছে। তাদের বক্তব্য, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সংবিধান এমন ডাকযোগে ভোটের ঢালাও অনুমোদন দেয় না। সংবিধান সংশোধন না করে শুধু রাজ্যসভায় আইন করে এমন ভোট গ্রহণের কোনো সুযোগ নেই।

বিচারক প্যাট্রিসিয়া ম্যাককুলহ ট্রাম্প সমর্থকদের আবেদনের প্রাথমিক শুনানির পর শুক্রবার পর্যন্ত অঙ্গরাজ্যের ভোট প্রত্যয়ন প্রক্রিয়া বন্ধ রাখার আদেশ জারি করেন। আজ শুক্রবার আদালতে এ ব্যাপারে পূর্ণাঙ্গ শুনানি হবে।

পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল হোসে শাপিরো সঙ্গে সঙ্গে এক টুইট বার্তায় বলেন, বিচারকের এমন আদেশে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ, এরই মধ্যে এ ধরনের ভোট সার্টিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে। এই আদেশের বিরুদ্ধে তারপরও আপিল করা হবে।

পেনসিলভানিয়ার রিপাবলিকান আইনপ্রণেতারা ভোট জালিয়াতি নিয়ে নিজেদের একটি শুনানি গ্রহণ করেন। গেটিসবার্গ নগরে রিপাবলিকান আইনপ্রণেতাদের এ শুনানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানিসহ অন্য প্রচার কর্মকর্তারা যোগ দেন। শুনানিতে কিছু ভোটার উপস্থিত হয়ে তাঁরা ভোট দিতে পারেননি বলে দাবি করেন। শুনানিস্থলের বাইরে কিছু ট্রাম্প সমর্থক ভোট বাতিলের দাবিতে স্লোগান দেয়। এই শুনানিতে প্রেসিডেন্ট ট্রাম্পেরও সশরীরে যোগ দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে তা বাতিল করে তিনি ফোনে যোগ দেন। এ সময় তিনি বলেন, ‘ভোট জালিয়াতি হয়েছে। এ নির্বাচনের ফল পাল্টে দিতে হবে।’

পেনসিলভানিয়ার রিপাবলিকান আইনপ্রণেতারা চাইছেন, আদালতের মাধ্যমে ভোটের প্রত্যয়ন বাতিল করে রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভায় বসে তাঁরা অঙ্গরাজ্য থেকে কোন ইলেকটোরাল কলেজের স্লেটটি যাবে, তা নির্ধারণ করবেন। ভোটের ফল বদলে দিতে এখন এটিই ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের সর্বশেষ কৌশল। একই কৌশল মিশিগানেও প্রয়োগ করতে চাইছেন তাঁরা। এ জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগানে আগামী সপ্তাহে এমন একটি শুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছেন।

নির্বাচনের ফল পাল্টে দেওয়ার দাবি থেকে ট্রাম্পের সরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। যদিও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পুরোদমে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মন্ত্রিসভার সম্ভাব্য কয়েকজনের নামও ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে দৈনিক নিরাপত্তা ব্রিফিংসহ অন্যান্য তথ্য দিয়ে তাঁকে সহযোগিতা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প মুখে না বললেও তাঁর বিদায় ঘণ্টা বেজে গেছে। বিভিন্ন কার্যক্রমেই এর বহিঃপ্রকাশ ঘটছে। এরই মধ্যে তিনি তাঁর ক্ষমা করার ক্ষমতার প্রয়োগ ঘটিয়েছেন। ২৫ নভেম্বর ট্রাম্প তাঁর প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ২০১৬ সালের নির্বাচনে রুশ কর্তৃপক্ষের সঙ্গে ট্রাম্প শিবিরের যোগসাজশের বিষয়ে তদন্তের সময় ফ্লিন মিথ্যা তথ্য দেওয়ার দায়ে দণ্ডিত হয়েছিলেন। এই সময়ে ফ্লিনকে ক্ষমার মধ্য দিয়ে ট্রাম্প বুঝিয়ে দিলেন, তাঁর শেষ সময় সমাগত। যদিও তা মুখে স্বীকার করতে একেবারেই প্রস্তুত নন তিনি।

এটা এতটাই যে, এই মহাদুর্যোগে থ্যাংকসগিভিং ডে’র শুভেচ্ছা বার্তা দেওয়ার সময়ও ট্রাম্প ভুলতে পারেননি নিজের নির্বাচনে পরাজয়কে। যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমে বাড়ছে। ভেঙে যাচ্ছে আগের সব রেকর্ড। কিন্তু এর মধ্যেও তিনি নিজেকে নিয়ে ব্যস্ত। কোনো পদক্ষেপ গ্রহণের বদলে নির্বাচন নিয়ে একের পর এক টুইট করে যাচ্ছেন।

থ্যাংকসগিভিং ডে উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন—উভয়েই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। দুজনের বক্তব্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। একজন স্বপ্ন দেখাচ্ছেন। আর অন্যজন এখনো নির্বাচনে জয়-পরাজয় নিয়েই আছেন। অথচ আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মার্কিন জনগণ ট্রাম্প প্রশাসনের অধীনেই রয়েছেন। তাই এই দুর্যোগকালে উৎসবের বার্তায় খুব করেই প্রয়োজন ছিল ঐক্যের ডাক। কিন্তু ট্রাম্প তা দিতে ব্যর্থ হয়েছেন। বিপরীতে বাইডেন এক ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বললেও বাস্তবতা হচ্ছে তিনি এখনো হোয়াইট হাউসের বাইরেই রয়েছেন।

দীর্ঘ সংশয় পেরিয়ে অবশেষে ট্রাম্পের দিক থেকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর সম্মতি এলেও মার্কিন প্রশাসন নিয়ে সংশয় কাটছে না। ভোট জালিয়াতির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি বলে আদালতে তাঁর পক্ষে করা একের পর এক মামলা খারিজ হওয়ায় এখন ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে ট্রাম্প শিবির। এ ক্ষেত্রে তারা আদালত থেকে যেকোনো মূল্যে ভোটের প্রত্যয়ন বন্ধে আদেশ আনার চেষ্টা করছে। আর এই আদেশকে কাজে লাগিয়ে ইলেকটোরাল কলেজের হিসাব বদলে দিতে চাইছে, যার সভা আগামী ১৪ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। এই চেষ্টা আদৌ সফল হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও নিঃসন্দেহে এটি যুক্তরাষ্ট্রকে আরও কিছুদিন বাড়তি সংকটের মধ্যে রাখবে।