জয়ের পথে এরিক অ্যাডামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক অ্যাডামস

নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্রেটিক দলের এরিক অ্যাডামস এগিয়ে আছেন।

এবারেই প্রথমবারের মতো র‍্যাংক চয়েস পদ্ধতিতে নিউইয়র্কের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ভোটাররা তাঁদের পছন্দের তালিকা অনুযায়ী ভোট প্রদান করেছেন।

গত ৩০ জুন নির্বাচন বোর্ড নতুন করে গণনার ফল প্রকাশ করেছে। এ গণনায় দেখা গেছে, এরিক অ্যাডামস ৫১ দশমিক ১০ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে আছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যাথরিন গার্সিয়া ৪৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন।

নির্বাচন বোর্ড জানিয়েছে,এখনো প্রায় এক লাখ ২৫ হাজার ব্যালট গণনার বাইরে রয়েছে। এসব ব্যালট অ্যাবসেন্টি বা অনুপস্থিত ভোট হিসেবে গ্রহণ করা হয়েছে। আগামী সপ্তাহে বাকি ভোট গণনার ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত ২২ জুন অনুষ্ঠিত ভোটে এরিক অ্যাডামস অপর প্রার্থী মায়া উইলির চেয়ে ৭৫ হাজার বেশি ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে। ক্যাথরিন গার্সিয়ার অবস্থান ছিল মায়া উইলির কাছাকাছি, তৃতীয় অবস্থানে। নির্বাচন বোর্ডের প্রকাশিত ফলে এরিক অ্যাডামস ক্যাথরিন গার্সিয়ার চেয়ে ১৫ হাজার ৯০৮ ভোটে এগিয়ে আছেন। নির্বাচন বোর্ড অ্যাবসেন্টি ব্যালট গণনাসহ আরেক দফা ফল ঘোষণা করবে ৬ জুলাই।

র‌্যাংক চয়েস ভোটের ফলাফল নিয়ে নিউইয়র্ক নগরে উত্তেজনা বিরাজ করছে। এ পদ্ধতিতে একজন ভোটার তাঁদের পছন্দের ক্রম অনুসারে পাঁচজনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

গণনার প্রতি ধাপে যে প্রার্থী সর্বনিম্ন পছন্দের তালিকায় থাকবেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়বেন। বাদ পড়া প্রার্থীর ভোট অন্যদের মাঝে ভাগ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে ভোটারের পছন্দের তালিকার প্রার্থীর জন্য দেওয়া ভোট পরবর্তী গণনায় যুক্ত হবে। এ পদ্ধতি চলতে থাকবে যতক্ষণ না দুজন প্রার্থী অবশিষ্ট থাকবেন।

প্রযুক্তিগত এমন ঘুরপাকের গণনায় বেশি সময় লাগবে না বলে নির্বাচন বোর্ড জানিয়েছে। ডেমোক্রেটিক দলীয় প্রাইমারিতে জয়ী প্রার্থী আগামী নভেম্বরে মোকাবিলা করবেন রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়ার সঙ্গে। ডেমোক্র্যাট প্রধান নগরে ধরে নেওয়া হয়, দলটির প্রাইমারিতে জয়ী প্রার্থীই মূল নির্বাচনে জয়ী হবেন। ডেমোক্রেটিক দলের এগিয়ে থাকা যেকোনো প্রার্থী নিউইয়র্ক নগরের জন্য ইতিহাস সৃষ্টি করতে পারেন।

এরিক অ্যাডামস সাবেক পুলিশ কর্মকর্তা, ডেমোক্রেটিক দলের ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগে রাজ্য সিনেটর হিসেবেও নির্বাচিত হয়েছেন। এরিক অ্যাডামস বা মায়া উইলি নির্বাচিত হলে নিউইয়র্ক নগরের ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হওয়ার রেকর্ড করবেন তাঁরা। ক্যাথরিন গার্সিয়া বা মায়া উইলি নির্বাচিত হলে নিউইয়র্ক নগরের প্রথম নারী মেয়র হওয়ার রেকর্ড হতে পারে।

এরিক অ্যাডামস মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে পরিচিত। সাম্প্রতিক নাগরিক আন্দোলনে পুলিশের তহবিল কর্তনের বিরোধিতা করেছেন তিনি। তাঁর নেতৃত্বে পুলিশ ও নাগরিক আন্দোলনের সংগঠনের সমন্বয়ে নগরের অপরাধ দমনে কার্যকর থাকা সহজ হবে বলে সমর্থকেরা মনে করেন। কৃষ্ণাঙ্গদের পক্ষ থেকে বর্ণবৈষম্যের অভিযোগও তিনি মোকাবিলা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

মায়া উইলি নিউইয়র্কে অতি উদারনৈতিকদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছেন। তাঁর পক্ষে নাগরিক আন্দোলনের কর্মী-সমর্থকদের ব্যাপক সমর্থন রয়েছে। তিনি শেষ পর্যন্ত নির্বাচিত হলে পুলিশের তহবিল কর্তন করে এ অর্থ নগরের অন্যান্য সামাজিক কার্যক্রমে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্যাথরিন গার্সিয়া নিউইয়র্ক নগরের কর্মকর্তা হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। নগরের স্যানিটেশন বিভাগ দক্ষতার সঙ্গে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নগরের বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে অভিজ্ঞ ক্যাথরিন গার্সিয়া নির্বাচিত হলে নগরবাসী একজন দক্ষ প্রশাসক পাবে বলে মনে করেন তাঁর সমর্থকেরা।

সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যান্ড্রু ইয়াং নিউইয়র্কের মেয়র নির্বাচনে দাঁড়িয়ে রীতিমতো তোলপাড় শুরু করেছিলেন। প্রচারণার শুরুর দিকে অ্যান্ড্রু ইয়াং এগিয়ে থাকলেও গত ২২ জুন নির্বাচনের রাতেই তিনি নিজের পরাজয় স্বীকার করে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিদায় নিয়েছেন।