ঝগড়া ছাড়া থাকতে পারেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

সপ্তাহান্তের ১৭ ঘণ্টা সময়ের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাক্যবানে বিদ্ধ হয়েছেন জন ম্যাককেইন, চাক শুমার, স্টিফেন কারি, আমেরিকার জাতীয় ফুটবল লিগ (এনএফএল), রজার গুডেল, ইরান এবং অবশ্যই ‘রকেট ম্যান’ আখ্যা পাওয়া উত্তর কোরীয় নেতা কিম জং উন। বলার অপেক্ষা রাখে না, এটি ছিল ট্রাম্পের জন্যও ছুটির দিন।

ফুটবল খেলোয়াড়দের নিয়ে ২২ সেপ্টেম্বর করা মন্তব্যের জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায়। বিশেষত ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকে। এক কথায় সবাই ট্রাম্পের এ বক্তব্যকে ‘বিভেদমূলক’ ও ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিচ্ছেন। অনেকে একে দেখছেন দায়িত্বজ্ঞানহীনতার স্মারক হিসেবে।
২২ সেপ্টেম্বর একটি জমায়েতে বক্তৃতাকালে খেলোয়াড়দের নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। এতে তিনি বলেন, ‘মাঠে জাতীয় সংগীত চলাকালে কোনো ঘটনার প্রতিবাদ জানানো খেলোয়াড়দের জাতীয় ফুটবল লীগ (এনএফএল) থেকে বরখাস্ত করা উচিত।’ এ সময় তিনি গত বছর এনএফএলের এক খেলায় জাতীয় সংগীত চলার সময় কলিন কেপারনিকের হাঁটু গেড়ে প্রতিবাদ জানানোর ঘটনার কথা উল্লেখ করেন।
এরই মধ্যে ট্রাম্পের এসব বক্তব্যকে দেশটির শীর্ষ ফুটবল খেলোয়াড়রা ‘বিভেদ সৃষ্টিকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু ট্রাম্প থামেননি। ২৩ সেপ্টেম্বর নিজের টুইটার বার্তায় জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) আরেক সুপারস্টার স্টিফেন কারিকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ওই দিন দেওয়া টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘হোয়াইট হাউসের নিমন্ত্রণ যে কারও জন্যই গর্বের বিষয়। অথচ সে (কারি) এটি নিয়ে দোনোমনা করছে। তার নিমন্ত্রণ প্রত্যাহার করা হলো।’
এর প্রতিক্রিয়ায় গোল্ডেন স্টেট ওয়ারিয়রস হোয়াইট হাউসের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সদস্যরা নির্ধারিত দিনে ওয়াশিংটনে যাবে। তবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বদলে তারা বৈচিত্র্য ও সমন্বয় বিষয়ে আয়োজিত একটি ইভেন্টে যোগ দেবে।
ট্রাম্পের বক্তব্যকে বিভেদমূলক বলার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারণ যে দুজন খেলোয়াড়ের কথা তিনি উল্লেখ করেছেন, তারা দুজনই কৃষ্ণাঙ্গ। এর মধ্যে কলিন কেপারনিক কৃষ্ণাঙ্গদের সঙ্গে আমেরিকার আচরণকে তুলে ধরতেই জাতীয় সংগীতের সময় দাঁড়াতে অস্বীকৃতি জানান। এটি ছিল তাঁর প্রতিবাদের ভাষা।
ফলে ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এনএফএলের খেলায় জাতীয় সংগীত চলাকালে খেলোয়াড়দের কেউ হাঁটু গেড়ে, কেউ দুই হাত বুকের ওপর রেখে কিংবা কেউ লকার রুমে থেকে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এতে ট্রাম্পের বোধোদয় হওয়ার আশা দূর কল্পনায়ও করা যায় না। বরং তিনি আগের মন্তব্যের ঘাড়ে নতুন মন্তব্য জুড়ে একে আরও বিস্ফোরক করে তুলছেন।
আধুনিক সময়ের কোনো মার্কিন প্রেসিডেন্ট এর আগে দেশকে ঐক্যবদ্ধ করার দায়িত্বকে এভাবে অস্বীকার করেননি। যেকোনো কিছুতেই নিজের জবাবটা দিতে উদ্‌গ্রীব ট্রাম্প। তাঁর মতো এতটা ‘নির্মম’ ও ‘কলহপ্রিয়’ প্রেসিডেন্ট আমেরিকা আর পায়নি। বিভেদমূলক বিভিন্ন বক্তব্য দিয়ে ক্রুদ্ধ ও অসহিষ্ণু আমেরিকার প্রচারকে পরিণত হয়েছেন তিনি।
বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে জাতীয় সংগীত চলাকালে না দাঁড়ানোর জন্য অ্যালাবামায় দেওয়া বক্তৃতায় এনএফএল খেলোয়াড়দের ‘দেশপ্রেম নেই’ বলে উল্লেখ করেন ট্রাম্প। বিভিন্ন প্রতিষ্ঠান ও অভিজাতদের বিরুদ্ধে দেওয়া তাঁর এত দিনের বক্তব্যকে তাঁর সমর্থকেরা এড়িয়ে গেছেন। কিন্তু ২২ সেপ্টেম্বর দেওয়া বক্তব্য তাদের ক্ষুব্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সংক্ষিপ্ত জীবনে আমেরিকার প্রায় সব ধরনের প্রতিষ্ঠানকেই আক্রমণ করেছেন ট্রাম্প। কংগ্রেস, আদালত, ডেমোক্র্যাট, রিপাবলিকান, সংবাদমাধ্যম, বিচার বিভাগ, হলিউড, ন্যাটো, গোয়েন্দা বিভাগ—এর কোনো কিছুই তাঁর আক্রমণের বাইরে ছিল না। আর এখন এ তালিকায় যুক্ত হয়েছে পেশাদার খেলা ও খেলোয়াড়েরা। এমনকি নিজের প্রশাসনেরই একাংশ কিংবা খোদ আমেরিকাও তাঁর আক্রমণ থেকে বাঁচতে পারেনি।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টা পিটার ভেহনার নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘স্বল্প সময়ে প্রচুর মানুষকে আক্রমণ করাই সম্ভবত ট্রাম্পের মতবাদ।’ ট্রাম্পের বিষয়ে একই মন্তব্য করেছেন ইতিহাসবিদ গ্যারি উইলস। তিনি বলেন, ‘আমরা এর আগে এমন কোনো প্রেসিডেন্ট পাইনি, যিনি এত দ্রুততার সঙ্গে শত্রুতা ও ঘৃণাবোধকে উসকে দিতে পারেন। এ কাজটিতে তিনি ভীষণভাবে ধারাবাহিক। এমনকি যখন কোনো সুনির্দিষ্ট লক্ষ্য সামনে থাকে না, তখনো তিনি ক্ষান্ত হন না। একটি পছন্দসই লক্ষ্য খুঁজে বের করেন তিনি। সবার মনোযোগের কেন্দ্রে থাকতে এবং সবাইকে সবার বিরুদ্ধে উসকে দেওয়ার একটি মানসিক চাহিদা সম্ভবত তাঁর রয়েছে।’
তবে সমালোচকের ভিড়ে এখনো কিছু বন্ধু রয়েছে ট্রাম্পের। নিউজম্যাক্স মিডিয়ার প্রধান নির্বাহী ক্রিস্টোফার রুডি তাদেরই একজন। ‘আমার মনে হয় না কোনো বিভেদ সৃষ্টির লক্ষ্য তাঁর রয়েছে’ বলে তিনি ট্রাম্পের পক্ষেই দাঁড়িয়েছেন। তবে একই সঙ্গে ট্রাম্পকে তিনি আরেকটু সংযত হয়ে ‘ফ্লয়েড মেওয়েদারের বক্সিং খেলার কৌশল’ রপ্তের পরামর্শ দিয়েছেন। অর্থাৎ সবার দিকে সব সময় অস্ত্র তাক না করে, সুযোগ বুঝে আঘাত করার কথা বলছেন তিনি।
উদ্দেশ্য থাক বা না থাক ট্রাম্পের বিভেদমূলক বক্তব্যগুলো আমেরিকার সবচেয়ে সংবেদনশীল একটি স্থানে আঘাত করে, আর তা হলো বর্ণবাদ। কী অভিবাসী, কী শার্লটসভিলের ঘটনায় উভয় পক্ষকে দোষারোপ, কী এনএফএল খেলোয়াড়দের বিরুদ্ধে দোষারোপ; সব জায়গায় বর্ণবাদই সামনে এসেছে।
তবে এ ‘বর্ণবাদী’ মন্তব্যের অভিযোগকে অস্বীকার করেছেন ট্রাম্প। ২৪ সেপ্টেম্বর এয়ারফোর্স ওয়ানে আরোহণের আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্ণ এখানে মুখ্য বিষয় নয়। এর সঙ্গে এর কোনো সংযোগই নেই। আমি বর্ণ নিয়ে কোনো কথাই বলিনি। এটি আমাদের দেশ ও দেশের পতাকার সম্মানের সঙ্গে জড়িত একটি বিষয়।’
কিন্তু সত্য হচ্ছে, ট্রাম্প যাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরেই নিজেদের বঞ্চিত মনে করছেন। আর এ বঞ্চনার বোধ যারা সৃষ্টি করছেন, তাদের কাছে রয়েছে সবকিছু। ফলে ট্রাম্পের এ ধরনের বক্তব্য ‘আমরা ও তোমরা’ ধারণাকেই উদ্দীপ্ত করে। আর ট্রাম্পের এ ‘আমরা’ ধারণাটি সাম্প্রতিককালের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের অনুরূপ ধারণার চেয়ে ব্যাপ্তিতে অনেক ক্ষুদ্র। ফলে এটি ধারণার চেয়েও বড় ক্ষোভের রাজনীতিকে উসকে দিচ্ছে।
এর আগে কখনোই এমন ‘কলহপ্রিয়’ প্রেসিডেন্ট আসেনি হোয়াইট হাউসে। রোনাল্ড রিগ্যান থেকে সদ্য সাবেক বারাক ওবামা পর্যন্ত সবার কাছ থেকেই অন্তত ঐক্যবদ্ধ আমেরিকা গঠনের প্রত্যয় শোনা গেছে। কোনো কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠলেও তারা কখনোই এমন বক্তব্য দেননি। সবকিছুর ঊর্ধ্বে এ ধরনের সমালোচনার মুখে শুধরে নেওয়ার চেষ্টা ছিল তাঁদের মধ্যে। কিন্তু ট্রাম্প এখানে সব বিচারেই ব্যতিক্রম।