ঝঞ্ঝার মতো উদ্দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন এফ কেনেডি
জন এফ কেনেডি

১৯৬০ সালে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর জন এফ কেনেডি বলেছিলেন, জিজ্ঞেস করো না দেশ তোমার জন্য কী করতে পারে; বরং নিজেকে জিজ্ঞেস করো, তুমি দেশের জন্য কী করতে পার।
সারা বিশ্বে উদ্ধৃতিটি আজও উচ্চারিত হয় নানা মহিমায়। আমেরিকার আধুনিকতার প্রতীক, সর্বকালের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডি বেঁচে থাকলে ২৯ মে, ২০১৭ তারিখে ১০০ বছরে পা রাখতেন। কিন্তু ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাস নগরীতে আততায়ীর গুলি তা হতে দেয়নি। ষাটের দশকের বিশ্ব বাস্তবতায় জন এফ কেনেডি হাল ধরেছিলেন আমেরিকার।
সারা বিশ্বে তখন পরিবর্তনের জোয়ার। মতাদর্শের ভাবধারায় বিশ্ব দুই ভাগে বিভক্ত। বিশ্বে শীতলযুদ্ধের সময়কাল। পশ্চিমের শিল্প-সংস্কৃতিতে উত্তর-আধুনিকতার জোয়ার। আমেরিকার নাগরিক আন্দোলন জোরালো হচ্ছে। মাত্র ৪৩ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জন এফ কেনেডি। আমেরিকার আইরিশ বংশোদ্ভূত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের জন এফ কেনেডি সাংবাদিক হতে চেয়েছিলেন। জোসেফ ও রোজ কেনেডির নয় সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন জন এফ কেনেডি। যিনি পরে জ্যাক নামে খ্যাত হয়ে ওঠেন। বর্ণাঢ্য শৈশব পেরিয়েছেন। হার্ভার্ড থেকে স্নাতক করা জ্যাক যুক্তরাজ্যে আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মার্কিন নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৪৪ সালে নৌবাহিনী ছেড়ে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন জন এফ কেনেডি। বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামায় উত্তাল। আমেরিকার সর্বত্র কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের দ্বন্দ্ব-সংঘাত চরমে। জন এফ কেনেডি দুই দফা কংগ্রেসে, পরে সিনেটর পদে নির্বাচিত হন। ১৯৫৩ সালে সুদর্শন সিনেটর জ্যাক কেনেডি বিয়ে করেন সুন্দরী সাংবাদিক জ্যাকুলিন লি বউভিয়ারকে। পরে সুন্দরী নারী জ্যাকুলিন জ্যাকি কেনেডি নামে খ্যাত হয়ে ওঠেন।
১৯৬০ সালের ২ জানুয়ারি জন এফ কেনেডি প্রেসিডেন্ট পদে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। বাছাইপর্বে তখনকার আমেরিকার রাজনীতিতে উদারনৈতিক হিসেবে পরিচিত হার্বার্ট হাম্প্রিকে ধরাশায়ী করতে সক্ষম হন। সিনেটে তৎকালীন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা লিন্ডেন জনসনকে রানিং মেট করে সাধারণ নির্বাচনে নামেন জন এফ কেনেডি। আমেরিকার সে সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে শক্ত লড়াইয়ে নামতে হয় তাঁকে। মাত্র ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে আমেরিকার ইতিহাসে প্রথম ক্যাথলিক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জন এফ কেনেডি। ১৯৬০ সালে মাত্র ৪২ বছর বয়সে ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করেন। এ নির্বাচনেই প্রথমবারের মতো প্রেসিডেন্ট প্রার্থীদের সরাসরি বিতর্ক দেখার সুযোগ পায় আমেরিকার মানুষ। তখনো টেলিভিশন ঘরে ঘরে না পৌঁছালেও, একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়ে গেছে। কেনেডি আমেরিকার টেলিভিশনের প্রিয় মুখ হয়ে ওঠেন। তাঁর সুন্দরী স্ত্রী জ্যাকিকে নিয়ে খোলা গাড়িতে বিচরণ পশ্চিমের আধুনিকতার প্রতীক হয়ে ওঠে।
বলা হয়ে থাকে, অর্ধশতাব্দী আগে ৪৩ বছর বয়সী জন এফ কেনেডি আমেরিকার আধুনিক প্রেসিডেন্ট-কেন্দ্রিক রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন। কেনেডি যে বছর আমেরিকার প্রেসিডেন্ট হলেন, তখন আমেরিকাসহ বিশ্বে অনেক কিছুই ঘটছিল। আফ্রিকার বেশ কটি দেশ ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায়। স্বাধীন দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ জোট ছেড়ে বেরিয়ে যায়। আমেরিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়। অহিংস আন্দোলনে নাগরিক জাগরণের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে গেছেন মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং। পশ্চিমের সমাজে তখন প্লেবয় আর সমকামীদের জাগরণ ঘটছে। নারীরা যৌন স্বাধীনতার জন্য সোচ্চার হচ্ছেন। গানের দল ‘বিটলস’-এর যাত্রা শুরু এই ১৯৬০ সালে। আমেরিকার সংগীত তারকা ফ্রাঙ্ক সিনাত্রা। মার্কিন যুবসমাজের তখনকার ক্রেজ ফ্রাঙ্ক সিনাত্রার সংগীতে মার্কিন যুব তরুণেরা তখন আত্মহারা। সিনাত্রা জন এফ কেনেডির নির্বাচনী সভায় গেয়েছেন। উত্তাল সেই দিনের কথা এখনো মনে করেন প্রবীণ আমেরিকানরা।
মার্টিন লুথার কিং তখন আমেরিকার নাগরিক আন্দোলনের অপ্রতিরোধ্য নেতা। নাগরিক আন্দোলন তখন চরমে। জন এফ কেনেডি তাঁর রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে দেখেছিলেন, কৃষ্ণাঙ্গদের আর দাবিয়ে রাখা যাবে না। তখন কারাগারে মার্টিন লুথার কিং। ফোন করেন তাঁর স্ত্রী করেটাকে। শ্বেতাঙ্গ রক্ষণশীল আমেরিকানরা এখনো মনে করে, ভোটের জন্য কেনেডি এভাবে কৃষ্ণাঙ্গদের হাত করেছিলেন। আমেরিকার কৃষ্ণাঙ্গদের কাছে এখনো জন এফ কেনেডির নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসায়। এই শতকে প্রেসিডেন্ট বারাক ওবামাকে দিয়ে আমেরিকা প্রথম একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পেলেও ভোট হলে আমেরিকার কালোদের কাছে জন এফ কেনেডির জনপ্রিয়তা বেশি হবে বলে এখনো মনে করা হয়।
প্রেসিডেন্ট হিসেবে জন এফ কেনেডি বিশ্বের শীতলযুদ্ধ, আমেরিকার ভিয়েতনাম অভিযান, পাশের দেশ কিউবাকে নিয়ে সংকট মোকাবিলা করেছেন। তাঁর সঙ্গে সিআইএর দ্বন্দ্ব নিয়ে কথা ওঠে। রহস্যঘেরা জীবন ছিল তাঁর। সুদর্শন এ রাষ্ট্রনায়ককে নিয়ে তখন হলিউড থেকে ওভাল অফিস তোলপাড় হয়েছে। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মনিকা লিউনস্কিকে নিয়ে কেলেঙ্কারির জের ধরে অনেক আমেরিকানকে বলতে শোনা যায়, মেরিলিন মনরোর মতো সুন্দরীকে নিয়ে জন এফ কেনেডির বহু গল্প তো এখনো শোনাই হয়নি। কেনেডির সুন্দরী স্ত্রী জ্যাকি কেনেডিকে নিয়েও কেচ্ছার শেষ নেই। এ নিয়ে হলিউড সিনেমা বানিয়েছে। লেখা হয়েছে অগুনতি বই। সমালোচনায়, ভালোবাসায় সব ধরনের আমেরিকানের কাছে জন এফ কেনেডি এখনো বহুল উচ্চারিত এক নাম।
১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাস নগরীতে মোটর শোভাযাত্রাকালে আততায়ীর গুলিতে নিহত হন জন এফ কেনেডি। স্ত্রী জ্যাকি কেনেডিকে নিয়ে হুড খোলা গাড়িতে ঢলে পড়ছেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, এমন দৃশ্য দেখে আমেরিকার লোকজন আজও বিভ্রমে পড়ে। মাথায় গুলি লাগার ঠিক আগের মুহূর্তে, হুডখোলা লিমুজিনে বসে রাস্তার দুই পাশে সারিবদ্ধ মানুষের দিকে হাসিমুখে হাত নাড়ছেন কেনেডি। পাশে বসা হাসিখুশি ‘ফার্স্ট লেডি’ জ্যাকলিন। ইতিহাস বলে, অ্যাব্রাহাম লিঙ্কন ছাড়া আর কোনো প্রেসিডেন্টের মৃত্যুতে এত কাঁদেনি আমেরিকা! এখনো আমেরিকার বহু লোক মনে করে, জন এফ কেনেডির মৃত্যুরহস্য উদ্ঘাটিত হয়নি।
জনশ্রুতি আছে, সিআইএর সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছিল। ঘাতক লি হার্ভে অসওয়াল্ড একা ছিলেন বলে তদন্তে বলা হয়। আমেরিকার এক বড় অংশ সে কথা এখনো বিশ্বাস করে না। মামলা চলাকালে অসওয়াল্ড খুন হয়ে যাওয়ায় সেই সন্দেহ আরও জোরদার হয়। ফলে কেনেডি হত্যা এখনো রহস্যই থেকে গেছে। এখনো তা নিয়ে বই লেখা হয়, সিনেমা তৈরি হয়।
ডালাসের যে সড়কপথে জন এফ কেনেডিকে হত্যা করা হয়, তা এখনো চিহ্নিত করে রাখা হয়েছে। নিত্যদিন পর্যটকেরা আধুনিক আমেরিকার প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে এ সড়কপথে দাঁড়ান। পাশের যে দালান থেকে গুলি করা হয়েছে বলে বলা হয়, সে ভবনটিও এখনো অক্ষত আছে কালের সাক্ষী হয়ে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় এখন বিভেদ আর বিচ্ছিন্নতা মাথাচাড়া দিচ্ছে। অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আমেরিকার মানুষ ২৯ মে তাদের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি জন এফ কেনেডিকে স্মরণ করেছে শ্রদ্ধা আর ভালোবাসায়।