ঝুলে আছে গ্রিন কার্ডের সাড়ে ছয় লাখ আবেদন
আমেরিকার অভিবাসন বিভাগে ঝুলে আছে প্রায় সাড়ে ছয় লাখ গ্রিন কার্ডের আবেদন। অভিবাসন বিভাগে স্থায়ী বসবাসের আবেদনের নিষ্পত্তি হওয়ার পরও গ্রিন কার্ড হাতে পেতে আগের চেয়ে অনেক বেশি সময় লাগছে। গ্রিন কার্ড পাওয়ার আগে আরেকবার মৌখিক পরীক্ষার বাধ্যবাধকতার কথা বলা হলেও মূলত ডাকা হচ্ছে এশীয় ও মুসলমানদের। এতে জটিলতা বাড়ছে। অভিবাসন আইনজীবী, ভুক্তভোগীদের নিজস্ব অভিজ্ঞতা, সরকারি নথিপত্র আর অভিবাসন-সংক্রান্ত সংবাদ পর্যালোচনা করেই এসব তথ্য পাওয়া গেছে।
অভিবাসন দপ্তরে বর্তমানে সাড়ে ছয় লাখ আবেদন ঝুলে থাকলেও প্রতিবছর নিষ্পত্তি হচ্ছে আড়াই লাখের কিছু বেশি আবেদন। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নিয়ে জমে থাকা আবেদন কমিয়ে ফেলার জন্য তোড়জোড় শুরু হয়েছে। বাস্তবে তার ফল দেখা যাচ্ছে কমই। গ্রিন কার্ড দেওয়ার আগে সরাসরি বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হচ্ছে অনেককেই। এসব কারণে গ্রিন কার্ড হস্তান্তরের ক্ষেত্রে আগে যেখানে ছয়-সাত মাস লাগত, এখন সেটা নয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় নিচ্ছে। কারও কারও ক্ষেত্রে এই অপেক্ষা দেড় বা দুই বছরের বেশি হয়ে যাচ্ছে। আশার কথা হলো, মামলা বা বসবাসের আবেদনপত্রে যৌক্তিক কারণ দেখানো গেলে অভিবাসনের অনুমতি মিলছে সহজেই।
১৪ নভেম্বর অভিবাসন নীতি নিয়ে কট্টর মতাদর্শের অ্যাটর্নি টম হমানকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের (আইস) প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টম হমান গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তাঁর আগের দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং বিভিন্ন গণমাধ্যমে কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের পক্ষে জোরালো মতামত দিয়ে আসছিলেন। অবশ্য তাঁর এই নিয়োগে পরিস্থিতি পাল্টে দেবে কি না, তা বোঝা যাচ্ছে না। তবে গত কয়েক মাসের আবেদন-প্রক্রিয়া পর্যালোচনা করে আইনজীবীরা দেখছেন, আবেদন যথাযথভাবে করা থাকলেই সেটা গৃহীত হচ্ছে। বাতিল হচ্ছে কমই।
নিউইয়র্কে কর্মরত ফিলিপিনো বংশোদ্ভূত আইনজীবী লিজ কোবরাডর প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলছিলেন, ‘এটা ঠিক, সাম্প্রতিক সময়ে আমার হাতে জমা দেওয়া কোনো কেস (আবেদন) বাতিল হয়নি। যদি স্থায়ী বসবাসের আবেদনে বিশ্বাসযোগ্য কারণ থাকে, তাহলে সেগুলো বেশ দ্রুত তারা গ্রহণ করছে। অর্থাৎ অনুমোদনের সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। কিন্তু সমস্যা বাধছে সেই সব সিদ্ধান্ত দেওয়া আবেদনগুলোর দ্বিতীয় ধাপ বা ‘গ্রিন কার্ড’ ছাড়পত্রের বেলায়। যেটা আগে অনেক ক্ষেত্রে কোনো জটিলতা না থাকলে পাঁচ থেকে সাত মাসের মধ্যেই চলে আসত, এখন সেখানে সাক্ষাৎকার ও অন্যান্য বাড়তি যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সে কারণে গ্রিন কার্ড হাতে এসে পৌঁছাতে দেরি হচ্ছে।
সব জমে থাকা আবেদনের ক্ষেত্রেই এটা হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে অ্যাটর্নি লিজ বলেন, সব ক্ষেত্রেই এমনটা হচ্ছে বলে আমি মনে করি না। যদিও ট্রাম্প প্রশাসনের বাড়তি কড়াকড়িতে সবার জন্য মৌখিক পরীক্ষার কথা বলা হয়েছে। তবে এটা নির্ভর করে নেব্রাস্কার অভিবাসন অফিসের সিদ্ধান্তের ওপর। অনেক ক্ষেত্রেই ইউরোপীয়রা মৌখিক পরীক্ষা ছাড়াই পেয়ে যাচ্ছেন গ্রিন কার্ড। তবে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এবং আরও বড় করে বললে, এশীয়দের আবেদনের ক্ষেত্রে এখন এই মৌখিক পরীক্ষা কিছুটা বাধ্যতামূলক মনে হচ্ছে, কারণ সবাইকেই ডাকছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের পক্ষে যতগুলো এক্সট্রা অর্ডিনারি বা ইবি-১ ক্যাটাগরির গ্রিন কার্ড আবেদন হয়েছে, তার সিংহ ভাগ হয়েছে অ্যাটর্নি লিজ কোবরাডরের মাধ্যমে। ঢাকার অন্তত ১০ থেকে ১৫ জন সামনের সারির সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীর ইবি-১ ক্যাটাগরির অভিবাসন আবেদন তিনি সম্পন্ন করেছেন। প্রায় সবারই আবেদন গৃহীত হয়েছে এবং দু-একজন বাদে সবার গ্রিন কার্ডও চলে এসেছে। আবার তাঁদের অনেককেই ডাকা হয়েছে মৌখিক পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষা দেওয়ার পর প্রায় দেড় বছর পার হতে চলেছে, তবু এখনো গ্রিন কার্ড পাননি এমন দু-একজনও আছেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তাঁদের নাম উল্লেখ না করার অনুরোধ জানিয়ে বেশ হতাশাই প্রকাশ করেছেন। যদিও তাঁদের আবেদন গৃহীত হয়ে আছে অনেক দিন ধরেই। একই প্রেক্ষাপট পারিবারিক বা অন্যভাবে যাঁরা গ্রিন কার্ডের আবেদন করেছেন, তাঁদের বেলাতেও এই ধীর নীতি প্রযোজ্য হচ্ছে।
ইবি-১ (এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফায়েড), ইবি-৫ (বিনিয়োগ কোট)-এর বাইরে অন্যান্য ক্যাটাগরির আবেদনের যেমন রাজনৈতিক আশ্রয় অথবা ইউ ফোরের (বিধবা, নারী নির্যাতন-সংক্রান্ত আবেদন) ক্ষেত্রে যাঁদের আবেদন করা ছিল, তাঁদের অনেককেই বেশ খানিকটা লম্বা সময় পরে হলেও হাতে পাচ্ছেন না গ্রিন কার্ড।
সম্প্রতি বাংলাদেশি কমিউনিটির যাঁরাই আবেদন করে রেখেছিলেন, আদালতে তাঁদের ৯৯ শতাংশ ইতিবাচক ফল পেয়েছেন। এই তালিকায় রাজনৈতিক কর্মী থেকে বিভিন্ন শ্রেণি-পেশার লোক আছেন। তবে তাঁদের অনেকের অস্বস্তি বাড়ছে। কেননা ইমিগ্রেশন কোর্ট তাঁদের পক্ষে রায় দিলেও গ্রিন কার্ড আবেদনের ফল আসতে দেরি হচ্ছে। জ্যামাইকায় বসবাসরত এক পরিবার প্রায় তিন বছর হয়ে গেলেও গ্রিন কার্ড হাতে পায়নি।
বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি মঈন চৌধুরী এ বিষয়ে বলছিলেন, অভিবাসনের জন্য আবেদন গ্রহণ করা না-করার সম্পূর্ণ এখতিয়ার যাঁরা এটার সিদ্ধান্ত দেন, তাঁদের ওপর। তবে ৯৯ ভাগ ক্ষেত্রে আবেদনের শক্ত ভিত্তির ওপরই নির্ভর করে তা গ্রহণ নাকি বাতিল করা হবে। তিনি বলেন, এমন কোনো নির্দেশনা বা নিয়ম জারি করা হয়নি যে, যেই আবেদন করবে, তাকেই দিয়ে দেওয়া হবে স্থায়ী বসবাসের অনুমোদন। এমনকি অনেক ক্ষেত্রে, এখন একটু বাড়তি যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণেই গ্রিন কার্ড হাতে পেতে অনেক সময় লেগে যাচ্ছে। তবে আবেদন খুবই কম প্রত্যাখ্যাত হচ্ছে বলে মনে করেন তিনিও।
অ্যাটর্নি মঈন বলেন, ‘প্রতিবছর ইমিগ্রেশন দপ্তরের একটি নির্দিষ্ট সংখ্যক কোটা থাকে। যেমন ৫০ হাজার গ্রিন কার্ড দেবে বলে কোটা নির্ধারণ করা আছে। এখন যদি আবেদন পড়ে দুই লাখ, সে ক্ষেত্রে তারা একটু বাড়তি যাচাই-বাছাইয়ের প্রেক্ষাপট তৈরি করে। আগের প্রশাসন যেমন করেছে, এখনো তেমনটি হচ্ছে। তবে ভেতরের খবর হলো, অভিবাসন বৈধতা পেতে যেসব আবেদন, তার যে জট তৈরি হয়েছে, সেটা কমিয়ে ফেলতে সচেষ্ট হচ্ছে প্রশাসন।’
অভিবাসন দপ্তরের এই লেজে-গোবরে অবস্থা নিয়ে সরব মূলধারার গণমাধ্যমগুলোও। দ্য হিল-এ প্রকাশিত ‘আওয়ার ইমিগ্রেশন কোর্ট আর ড্রনিং’ বা আমাদের অভিবাসন আদালতগুলো ডুবতে বসেছে শীর্ষক একটি সংবাদ ১৩ নভেম্বর প্রকাশিত হয়েছে। সেখানে ইমিগ্রেশন রিভিউ এক্সিকিউটিভ অফিসের তথ্যে দেখা যাচ্ছে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ঝুলে থাকা অভিবাসন আবেদনের সংখ্যা ৫ লাখ ১৫ হাোর ৩১। এক বছর পরে, অর্থাৎ ২০১৭ সালে এই ঝুলে থাকা আবেদনের সংখ্যা এক লাখের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৯ হাজার ৫১। এ সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে।
২০১৫ সালে যেখানে মোট গ্রিন কার্ডের আবেদন ছিল ২ লাখ ৮৭ হাজার, ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজারে। অন্যদিকে ২০১৫ সালে এসব আবেদনের মধ্যে প্রায় ২ লাখ ৬২ হাজার আবেদনের সমাধান হয়েছে। ২০১৬ সালে এসে তা দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার। অর্থাৎ ঝুলে থাকা আবেদনের সংখ্যা বছর বছর বেড়েই চলেছে।