টরন্টোতে মানসিক স্বাস্থ্য নিয়ে মুক্ত আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোতে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বায়েসের মুক্ত আলোচনা
টরন্টোতে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বায়েসের মুক্ত আলোচনা

টরন্টোতে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আয়োজন করা হয়েছে মুক্ত আলোচনা। গত ২৯ এপ্রিল বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) এই আলোচনার আয়োজন করে। কমিউনিটির বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন।

রায়ারসন বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক গ্র্যাজুয়েট, নেসার আহমেদ ও নিরানা রেমোটার অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সহায়তা করেন বায়েসের কর্মী রাফিয়া রূপা।

কানাডায় কয়েক দশক ধরে বসবাসকারী ইকরাম উল্লাহ চৌধুরী বলেন, ‘আজ থেকে ৩৬ বছর আগে যখন কানাডায় আসি, সাদারা আমার চামড়া দেখে কখনো কখনো গায়ে ছুঁয়ে দেখত,   এ কেমন মানুষ।’ তিনি বলেন, ‘কানাডিয়ান সমাজে ইন্টিগ্রেশনটা নবাগতদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা মানতে না পারার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আমার অতিপরিচিত কানাডায় তিনজন বাঙালি মারা গেছে আত্মহত্যা করে। অনেক আত্মহত্যা অপ্রকাশিতও থাকছে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞানী ড. নূর মোহাম্মদ কাজী, শামসুন্নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মো. খলিলুর রহমান, সাংবাদিক মাহবুবুল হক ওসমানী, আইনজীবী ড. মাহতাব উদ্দিন, কবি ও সাহিত্যিক সুহেল আহমেদ, বায়েসের সদস্য নুরুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর রেহানা আখতার, চাইল্ড অ্যান্ড ইয়ুথ ওয়ার্কার ফাতিমা খাতুন ইথার প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বায়েসের চেয়ারপারসন গোলাম মোস্তফা। নির্বাহী পরিচালক ইমাম উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।