টরন্টোয় মান্না দের জন্মশতবর্ষ উদ্যাপন

কানাডার টরন্টো শহরে বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দের জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান হয়েছে। ১ মে স্থানীয় মিজান কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মান্না দে জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ, টরন্টো আয়োজিত এ অনুষ্ঠানে গান, স্মৃতিচারণ ও মান্না দের ওপর আলোচনা করেন টরন্টো শহরের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। এতে মান্না দে জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ, টরন্টোর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কবি দেলওয়ার এলাহী। তিনি বলেন, ‘আরও অনেক কিছুর মতো মান্না দের গানও যেন বাঙালির একান্ত নিজস্ব। মান্না দের গান আমাদের সংবেদনশীলতা বাড়ায়।’
অনুষ্ঠানের শুরুতে টরন্টোর জনপ্রিয় শিল্পী ও শহরে মান্না দে হিসেবে খ্যাত নূরুল আলম লাল সংগীত পরিবেশন করেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও নূরুল আলম লাল অনুষ্ঠানে যোগ দেন। ‘না না, না যেও না/ ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো...’ গানটি দিয়ে শুরু করেন তিনি তাঁর পরিবেশনা। এরপর একে একে চারটি গান পরিবেশন করেন তিনি। শিল্পীকে তবলা ও কিবোর্ডে সংগত করেন শিল্পী নুরুল আলম লালের সুযোগ্য দুই ছেলে তানভীর আলম সজীব ও তানজীর আলম রাজীব। নুরুল আলম লালের পর সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব।
কিংবদন্তি শিল্পী মান্না দের সান্নিধ্য পাওয়া সজীব তাঁর জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন অনুষ্ঠানে। মান্না দের সঙ্গে গানে সংগত করার সৌভাগ্য অর্জন করা সজীব তুলে ধরেন শিল্পীর সঙ্গে জড়িয়ে থাকা তাঁর ব্যক্তিগত আবেগের কথা। তিনি মান্না দেকে উৎসর্গ করে নিজের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করেন। নিউইয়র্কে থাকাকালীন গত শতকের নব্বই দশকে মান্না দের একান্ত সান্নিধ্যের গল্প বলেন বাংলা টেলিভিশনের কর্ণধার ও লেখক সাজ্জাদ আলী। অনুষ্ঠানে গানের গল্পের সঙ্গে সাযুজ্য রেখে সাবলীল ও মনোহর উপস্থাপনা করেন আহমেদ হোসেন ও দেলওয়ার এলাহী।
অনুষ্ঠানে মান্না দের গান পরিবেশন করেন নবিউল হক বাবলু। বাবলুর পরিবেশিত গানের সঙ্গে সাযুজ্য রেখে স্বরচিত একটি কবিতা পাঠ করেন মোহাম্মাদ আলমগীর। অনুষ্ঠানে মান্না দের আরও গান পরিবেশন করেন শিল্পী মোর্তজা শোয়েব, অমিত শুভ্র রায়, শিখা রউফ, কুমার অনুপ বসু, নাজমুল হুদা, উত্তম রায় ও শেখর গোমেজ। পুরো অনুষ্ঠানে তবলায় সংগত করেন শিল্পী রনি পালমার ও তানজীর আলম রাজীব। হারমোনিয়াম বাজিয়েছেন শিল্পী মোর্তজা শোয়েব ও অমিত শুভ্র রায়। কিবোর্ডে ছিলেন শিল্পী ও সংগীত পরিচালক জাহিদ হোসেন ও তানভীর আলম সজীব। মান্না দের সান্নিধ্যের স্মৃতিচারণ করেন চলচ্চিত্রকার ও টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। অনুষ্ঠানে মিজান কমপ্লেক্স মিলনায়তনের কর্ণধার মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ফয়েজ নূর ময়না, হলের স্পনসর মিজান রহমান, স্যুভেনিরের স্পনসর আমিন মিয়া ও নান্দনিক ব্যানারের নির্মাতা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামকে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনায়েত করিম বাবুল, মনিস রফিক, ফয়েজ নূর ময়না, হিমাদ্রী রয় সঞ্জীব, জগলুল আজিম রানা, সোলায়মান তালুত রবিন, বিদ্যুৎ সরকার, বনি আরিফ হোসেন, দিলারা নাহার বাবু, রেজিনা পারভিন, মুক্তি প্রসাদ, সাহিদুল আলম টুকু, শিখা রউফ, পারভেজ চৌধুরী প্রমুখ।