টাইডিং আপ

একসঙ্গেই ভিডিওটি দেখতে হবে। মা কিচেনে। কোনো অবস্থাতেই আসবেন না। রান্না এখনো শেষ হয়নি। ‘আম্মু আমার এখন সময় নেই। পরে দেখব। তোমার বাবাকে দেখাও’, টিনাকে মায়ের সোজাসাপ্টা বলে দেওয়া।
তবে সাফকাত সাহেব পাশ কাটিয়ে যাওয়ার কোনো অজুহাত খুঁজে পেলেন না। মেয়ের ল্যাপটপের সামনে গিয়ে শেষ পর্যন্ত বসতেই হলো। ‘টাইডিং আপ’ ভিডিওতে কী এমন আছে যে দেখতে হবে! রনি তার বোনকে বলছিল, ‘’বাবা-মা দেখতে যেন অবহেলা না করেন। দে মাস্ট হ্যাভ টু লার্নড হাউ টু থ্রো অ্যাওয়ে থিংস।’
ওদের মা সেদিন রনিকে কিছু প্রতিশ্রুতির আভাস দিয়েছেন। সব দায়িত্ব তাঁরা নিয়ে নেবে। ব্যক্তিস্বাতন্ত্র্যের ধ্যানধারণা নিয়ে বেড়ে উঠেছে ওরা। অনেক কিছু তাদের কাছে বেমানান। ভিডিওটি দেখতেই হবে, যাতে তাদের বাবা-মা আরও মোটিভেটেড হন। তখনই তাঁরা কথা শুনবেন।
কিন্তু তা কেমন করে হবে? এত দিনের জমানো আসবাবপত্র, দামি ট্রেডমিল, ইনডোর সাইক্লিং এক্সারসাইজ বাইক—আরও কত কী। হয়তো সব সময় ব্যবহার করা হয় না; তাই বলে ফেলে দিতে হবে!
বাসায় অগোছালো পুরোনো জিনিসপত্র দেখে তারা ‘সিক’ হয়ে যায়; মাথা ধরে। এত দিন তাদের এই ভালো না লাগাকে আমলে নেননি। সেই কবে থেকে এমন অনুযোগ। সময়ের সঙ্গে কর্মক্ষমতায় ভাটা পড়েছে। ওদের চিন্তাধারায় নিজেকে খাপ খাইয়ে নেওয়ার সময় বুঝি কাছাকাছি। সাফকাত সাহেবের সরল ভাবনায় ছেদ পড়ে।
ম্যানহাটনে প্রায়ই চোখে পড়ত হোমলেস কোনো ব্যক্তি জিনিসপত্র ও কাপড়চোপড় বোঝাই উপচে পড়া ট্রলি নিয়ে শহরের কোনো বিশাল দালানের নিচে দিন যাপন করছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে বোঝাই করা ভাঙা ট্রলি টেনে রাস্তার এপাশে-ওপাশে তাদের বিপজ্জনক যাতায়াত। তাদের ধীর গতিতে কখনো কখনো ট্রাফিক জ্যাম লেগে যেত। ব্যক্তি স্বাধীনতার যুগে সবার নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থাও আইনের মারপ্যাঁচে অসহায়। কোনো অবস্থাতেই জিনিসগুলো হাতছাড়া করবে না তারা, যেখানে নিজের থাকার পর্যন্ত জায়গা নেই। দেখে মনে হয়, হয়তো মানসিক ভারসাম্যহীন লোক। নিজের প্রিয় জিনিসগুলো ফেলে দিতে সাফকাত সাহেবও চান না। এখানে এই লোকটির মনমানসিকতার সঙ্গে সাফকাত সাহেবও নিজের কোনো অমিল খুঁজে পাচ্ছেন না।
এবার ক্রিসমাসের ছুটিতে বড় ছেলে রনি ও মেয়ে টিনা প্রায় একসঙ্গে বাসায় এল। সন্ধ্যায় এক ঘণ্টার ব্যবধানে দুজন নিউইয়র্কে পৌঁছায়। রনি তিন হাজার মাইল এবং টিনা দেড় শ মাইল দূর থেকে এসেছে। তৃতীয়জন সিমন, আসবে চার পাঁচ দিন পর লস অ্যাঞ্জেলেস থেকে। কী পরিকল্পনা, বলেনি। ভাইবোনরা জানলেও বাবা-মা অনেক সময় অন্ধকারেই থাকেন। সারপ্রাইজ কিনা বুঝতে পারেন না। হঠাৎ করেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেয় তারা।
‘কোন কোন রুম?’ মেয়ে ইতস্তত করে বলল, ‘চিন্তা করো না ভাইয়া, এবার স্কুলে ফেরার আগেই এভরিথিং উইল বি ক্লিয়ার্ড। অপ্রয়োজনীয় কিছুই রাখা হবে না।’
নিউ ইয়ারের পাঁচ-ছয় দিন পর রনি সিয়াটল চলে গেল। টিনা কদিন থেকে আরও জিনিসপত্র কালো প্লাস্টিক ব্যাগে ভরে রাখছে। বাবাকে শুনিয়ে বলল, ‘ভাইয়া কল মি অ্যাগেইন।’ সাফকাত সাহেব এখন আর তেমন বাধা দেন না।
সবই তো প্রয়োজনীয়। আগেরবার অনেক কিছুই ফেলে দিয়েছে। দেশে যাওয়ার সময় প্রতি বারই লাগেজে অনেক কিছুই নেন। স্যালভেশন আর্মিতে প্রচুর কাপড়চোপড় ডোনেশান করা হয়েছে। কোনোটা একেবারে নতুন। এমনও ছিল, যেগুলোর ট্যাগ তখনো খোলা হয়নি। সিয়াটল যাওয়ার আগে রনি দশ বারোটা বড় ব্যাগে জিনিসপত্র চোখের সামনে গার্বেজ করল। কোনো কথাই শোনেনি। বই ও ম্যাগাজিনের জন্য খুব খারাপ লাগছে। হেভি জিনিসগুলো অনেক আগেই ফেলে দিয়েছে। আমেরিকায় আসার পর থেকেই ভালো লাগা ম্যাগাজিনগুলোর বিশেষ সংখ্যা সাজিয়ে রেখেছিলেন বুকশেলফে; সময় নিয়ে আবার সবগুলো দেখবেন বলে। অনেকটা হবি হয়ে গিয়েছিল। নিউইয়র্কারের গল্পগুলো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের। অসাধারণ, তবে অনেক লম্বা। পড়ে শেষ করার সময় পাননি। ম্যাগাজিনগুলো পড়ার সঙ্গে সঙ্গে জ্ঞানের পরিধি কিছুটা বিস্তৃত হবে—এমন একটা অভিলাষ নিয়ে এত দিন সযত্নে আগলে রেখেছেন। বাস্তবে কাজের চাপে মরীচিকার পেছনে দৌড়েছেন; পড়ার সুযোগ আর পাননি। এভাবেই অনেক তাক ভরে গেছে। টাইম, নিউজউইক, ইকোনমিস্ট এবং সবচেয়ে প্রিয় দ্য নিউইয়র্কার। ‘রনি এগুলো কেন ফেলে দিল?’ বাংলা গল্পের বই বা ইংরেজি কিছুই বাদ দেয়নি। কয়েকটা রেখেছে মাত্র। বড় দু-তিনটা ডিকশনারি রেখে বাকিগুলো গার্বেজে। সবই নাকি অনলাইনে খুঁজে পাওয়া যায়; ডিকশনারি লাগে না। সেদিনের কেনা স্টেনলেস স্টিল ম্যানডোলিন স্লাইসিং সেট ও রাইস কুকারটি বক্স থেকেই খোলা হয়নি; চোখের সামনে গার্বেজে। সবজি কাটার জন্য স্লাইসিং সেটটি ছিল অসাধারণ। কোথাও বেড়াতে গেলে রাইস কুকার দিয়ে মোটেলে তাৎক্ষণিক খাবার তৈরি করা যেত। তাদের দৃষ্টিতে এ রকম অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা হোর্ডিং। এমনকি অতিরিক্ত চাল-ডাল-মসলাও জমিয়ে রাখা হোর্ডিং। কিচেনের অনেক বাসনপত্র ফেলে দিয়েছে। কিচেন কাম ডাইনিংয়ে দুটো টেবিলের কোনো প্রয়োজন নাকি নেই। মায়ের কাকুতি মিনতিতেও কাজ হলো না। টেবিলের পায়াগুলো খুলতে নিজেই ছোট ছেলে সিমনকে সহযোগিতা করেছেন শেষ পর্যন্ত। এ ছাড়া উপায় নেই। অন্যথায় সব ফেলে দেবে।
কদিন থেকে কাজে যাচ্ছেন না। কখন কোন জিনিস ফেলে দেয় এই ভয়ে। তিনজনকেই চোখে চোখে রাখতে হচ্ছে। সেদিন আইকিয়াতে গিয়ে অনেক কিছু কিনল, যেগুলো প্রয়োজন নেই। তাদের এই টাইডিং আপ কি আদৌ শেষ হবে?
তিনবার বিরতি নিয়ে অনলাইনে ভিডিওটি দেখেন। জাপানি পরিবার। অনেক দিনের সাজানো-গোছানো সংসার। বড় হয়ে গেছে সন্তানেরা। দূরে থাকে। ছেলের সঙ্গে একজন মহিলা এসে মা-বাবাকে বোঝাল বাড়িতে এত জিনিসপত্রের কোনো প্রয়োজন নেই। মহিলাটি নিজেই সহযোগিতা করবে কীভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেওয়া যায়। ভোরবেলায় এসে কাজ শুরু করে। প্রথমে সব কাপড় এক জায়গায় জড়ো করল। তারপর অন্যান্য ব্যবহারসামগ্রী। এভাবে ঘরে বিরাট স্তূপ হয়ে যায়। দরকারিগুলো সাজিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে বাকিগুলো কালো গার্বেজ ব্যাগে জমা করে। দিনের শেষে দেখা গেল প্রচুর জিনিস, যার কোনো খবরই ছিল না এত দিন।
ছোটবেলার ছেলেমেয়েদের খেলনা ও শখের জিনিস, যেগুলো সযত্নে আগলে রেখেছিলেন ওই জাপানি দম্পতি বুড়ো বয়সেও, মুহূর্তেই তাদের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসে। এগুলো ফেলে দিতে একদম মনে চায়নি। একে একে সবগুলো কালো ব্যাগ বাইরে ফেলার সময় কখন যে সাফকাত সাহেবও নিজের পেছনে ফেলে আসা স্মৃতির মধ্যে হারিয়ে গেলেন। ফাও সোয়ার্জ থেকে অনেক দামি খেলনা কিনেছিলেন। এখনো কিছু স্মৃতি নিয়ে অতীতকে ধরে রেখেছে সেগুলো। চায়নাতে তাদের মা যত্নের সাথে সাজিয়ে রেখেছেন। ক্লোসেটে লেগো, ইলেকট্রনিক খেলনা, পুতুল—এমনকি বাচ্চাদের আনকোরা নতুন একটা ট্রেনিং টয়লেট পাওয়া গেল। এটা কীভাবে রয়ে গেল? মুহূর্তে মনে হলো ছোট ছেলে সিমন পটিতে বসে আছে; আসতে চাইছে না, যেন এখনো ছোট; হাঁটি হাঁটি পা ফেলে সারা অ্যাপার্টমেন্ট চষে বেড়াচ্ছে; স্কুল থেকে এসে লেগো নিয়ে বসে পড়বে; এক ধ্যানে মগ্ন হয়ে একটার পর একটা নতুন জিনিস বানাবে; আবার আবদার করবে, বাবা নতুন লেগো চাই; রনি ভিডিও গেম নিয়ে সারা বিকেল কাটিয়ে দেবে; বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়বে বন্ধুদের সঙ্গে খেলা করতে; তাদের ছোট বোনটি দৌড়ে সিনড্রেলার মুকুট ভাইদের দেখাবে—সবই যেন কদিন আগের ঘটনা।
সাফকাত সাহেব ভিডিওটি দেখছিলেন, আর ওদের শৈশবের স্মৃতিগুলোতে হারিয়ে যাচ্ছিলেন। স্মৃতিগুলো কি এখনো ওদের মনে আছে? এখন ভিডিও গেমসের পরিবর্তে রনি মাইক্রোসফটের নতুন সফটওয়্যার তৈরিতে সারাক্ষণ কর্মক্ষেত্রে কাটিয়ে দিচ্ছে। হয়তো কিছুই মনে নেই তার। সিমন লেগো নিয়ে খেলার পরিবর্তে লস অ্যাঞ্জেলেসে আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের নকশা আঁকতে আনমনে হারিয়ে যাচ্ছে সীমাহীন কল্পনায়। হঠাৎ টিনার ডাকে সংবিৎ ফিরে এল, ‘বাবা, ভাইয়া আবার কল করার আগে ব্যাগগুলো ফেলে দাও, প্লিজ।’