টাইম স্কয়ারের চেয়েও দর্শনীয় হবে নিউ ডাইভারসিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে নতুন আঙ্গিকে ডাইভারসিটি প্লাজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২১ জুলাই
জ্যাকসন হাইটসে নতুন আঙ্গিকে ডাইভারসিটি প্লাজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২১ জুলাই

‘নিউ ডাইভারসিটি’ প্লাজা হবে নিউইয়র্কের এক ভিন্ন স্থাপনা। টাইম স্কয়ারের চেয়েও ভিন্নতর ও ব্যতিক্রমী এক দর্শনীয় স্থান হবে নিউ ডাইভারসিটি। ২১ জুলাই জ্যাকসন হাইটসে নতুন আঙ্গিকে ডাইভারসিটি প্লাজার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার সময় নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও এ কথা বলেন।
জনবহুল ও ব্যস্ততম এলাকা জ্যাকসন হাইটসকে ভ্রমণপিপাসুদের জন্য বৈচিত্র্যময় করে গড়ে তোলার অঙ্গীকার করেন নিউইয়র্কের মেয়র। তিনি বলেন, দৃষ্টিনন্দন এ প্রকল্পে থাকবে পথচারী ও বাইকারদের জন্য বিশেষ ব্যবস্থা, যা আগামী কয়েক দশক রোমাঞ্চিত করবে অভিবাসীসহ পর্যটকদের।
১৭-২১ জুলাই সিটি হল ইন দ্য বোরো কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র ব্লাজিও কুইন্স বোরোর বিভিন্ন এলাকা পরিদর্শন, সমাবেশ ও গণসংযোগ এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করেন। তিনি সম্প্রতি মেয়র পদে আগামী নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রার্থিতার ঘোষণা দেন। ‘সিটি হল ইন ইওর বোরো’ শিরোনামে মেয়র ব্লাজিও নতুন রূপে ডাইভারসিটি প্লাজার উদ্বোধন করেন।
জ্যাকসন হাইটস হচ্ছে বাংলাদেশি অভিবাসীদের প্রাণকেন্দ্র যেখানে আড্ডা আর গালগল্পে বাংলাদেশির কমিউনিটির সরব উপস্থিতি লক্ষ করা যায়। তাঁদের জন্য গড়ে উঠেছে এ ডাইভারসিটি প্লাজা। এদিন মেয়র ডাইভার্সিটি প্লাজা প্রাঙ্গণে আসার পর বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপার দুই শিল্পী সামিয়া ইসলাম ও ঋতিকা দেব নৃত্যের তালে তাঁকে স্বাগত জানান। দুই শিল্পী বিপার অ্যানি ফেরদৌসের কোরিওগ্রাফিতে ‘জন্মেছি এই দেশে আমি, হয়েছি তাই ধন্য, বাংলাদেশ তোদেরই জন্য’ গানটি পরিবেশন করেন।
নিউ ডাইভারসিটি প্লাজা প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ লাখ ডলার। ডাইভারসিটি প্লাজাকে আরও বৈচিত্র্যপূর্ণ স্থানে রূপ দিতে নগরের নির্মাণ বিভাগ বিরতিহীন কাজ করে যাবে, যা শেষ হবে আগামী বছরের শেষ দিকে। এই তথ্য জানান প্রকল্পের দায়িত্বে থাকা বাংলাদেশি প্রকৌশলী মোহাম্মদ সাদিক।

ডাইভারসিটি প্লাজার উদ্বোধন করেন মেয়র ডি ব্লাজিও
ডাইভারসিটি প্লাজার উদ্বোধন করেন মেয়র ডি ব্লাজিও

এদিকে অভিবাসীদের স্বর্গরাজ্য কুইন্সের জ্যাকসন হাইটসকে গুরুত্ব দেওয়ায় বাংলাদেশি কমিউনিটির নেতারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্য কমিউনিটিসহ বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে বাংলাদেশ সোসাইটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম হাওলাদার, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবীব, কমিউনিটি নেতা ওসমান চৌধুরী, ইমাম কাজী কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময়ে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন এনওয়াসি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের কমিশনার পলি ট্রটেনবার্গ, ডিপার্টমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের অ্যাক্টিং কমিশনার আনা বাররিও ও সিটি ইমিগ্রেশন বিভাগের কমিশনার নিশা আগরওয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সিটি কাউন্সিল ম্যান ড্যানিয়েল ড্রম।