টাইমস স্কয়ারে পথচারীর ওপর উঠে গেল গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে টাইমস স্কয়ারে পথচারীর ওপর গাড়ি উঠে যাওয়ার ঘটনায় ১ তরুণী নিহত ও ২৩ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ বলেছে, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই।
নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তরুণীর বয়স ১৮ বছর। এক টুইট বার্তায় নিউইয়র্ক পুলিশ বলেছে, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ কমিশনার জেমস ও’নিল বলেছেন, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালকের নাম রিচার্ড রজাস। তাঁকে আটক করা হয়েছে। তিনি নিউইয়র্কের বাসিন্দা। মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য ২০০৮ ও ২০১৫ সালে দুবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, গাড়িচালক রিচার্ড রজাস একসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চাকরি করতেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি, (টাইমস স্কয়ারের) ঘটনাটি কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড নয়।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, লাল রঙের হোন্ডা সেডান গাড়ি পথচারীদের ওপর উঠে যায়। এরপর গাড়িটি একটি খুঁটিতেও আঘাত করে।