টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে ১৫ আগস্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগে আগামী ১৫ আগস্ট মধ্যরাত থেকে ২৪ ঘণ্টায় ৭২০ বার টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।
১৫ জুন জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।
সংবাদ সম্মেলনে ফাহিম ফিরোজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে-বিদেশে সরকারি-বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ আগস্ট ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে (যে বিলবোর্ডে থার্টি ফার্স্ট নাইটের বলড্রপের আয়োজন করা হয়) ড্রিম প্রোডাকশনের পক্ষ থেকে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু হয়ে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে চলবে এই প্রদর্শনী। ২৪ ঘণ্টায় মোট ৭২০ বার আলো ঝলমলে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি ভেসে উঠবে বলে তিনি জানান।
প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। এ ব্যাপারে টাইমস স্কয়ারের বিলবোর্ডের টাইম ঘণ্টা চূড়ান্ত করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কী ধরনের গ্রাফিকস প্রদর্শন করা হবে তার একটি নমুনা বিলবোর্ড কর্তৃপক্ষকে পাঠিয়ে সেটার অনুমোদনও নেওয়া হয়েছে বলে ফাহিম ফিরোজ জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্ট মাসে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার লাখ মানুষ এই টাইমস স্কয়ারে চলাচল করে। এ আয়োজনের মাধ্যমে শুধু বাংলাদেশিরা নয় বরং লাখো বিদেশি বঙ্গবন্ধুকে দেখবে এবং তাঁর সম্পর্কে ধারণা পাবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়েছে।
সম্পূর্ণ অরাজনৈতিক চিন্তা এবং বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে পুরোপুরি নিজস্ব উদ্যোগে এ কাজ করা হচ্ছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্রিম প্রোডাকশনের কর্মকর্তা সেলিনা সুলতানা ও ব্যবসায়ী তোফা হোসেইন।
বাংলাদেশি মালিকানাধীন ড্রিম প্রোডাকশনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১২ সালে। তারা যুক্তরাষ্ট্রে টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি তৈরিসহ বিল বোর্ডের গ্রাফিকস ডিজাইনের কাজ করে থাকে।
সংবাদ সম্মেলনে ফাহিম ফিরোজ বলেন, আমরা আশাবাদী, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমবারের মতো টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রদর্শনের দিন সবাই সপরিবারে টাইমস স্কয়ারে উপস্থিত থেকে এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হবেন।