
আমেরিকায় গৃহহীনদের প্রতি একাত্মতা প্রকাশ করতে ৭ ডিসেম্বর নিউইয়র্কের টাইমস স্কয়ারে গণ ঘুমের আয়োজন করা হয়েছে।
বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে গৃহহীনদের লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহে এ ‘স্লিপ আউট’ এর আহ্বান জানানো হয়েছে। স্লিপ আউট মানে বাইরে বা রাস্তায় ঘুমানো। আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে দৈনিক লাখো মানুষ গৃহহীন হয়ে রাস্তায় বা খোলা আকাশের নিচে ঘুমায়।
ন্যাশনাল অ্যালায়েন্স টু এন্ড হোমলেসনেসের তথ্য অনুযায়ী, আমেরিকায় প্রায় ৫ লাখ ৫৩ হাজার ৭৪২ মানুষ গৃহহীন। এ হিসেবে প্রতি ১০ হাজার জনের মধ্যে ১৭ জন গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
জাতীয় প্রতিবেদনের ভিত্তিতে অনুমান করা হয়, বিশ্বে ১৫ কোটিরও বেশি মানুষ বা বিশ্বের জনসংখ্যার প্রায় দুই শতাংশ মানুষ বর্তমানে গৃহহীন। তবে ইয়েল ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী প্রায় ১.৬ বিলিয়ন বা মোট বিশ্ব জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি লোকের পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নেই।
তাই বিশ্বজুড়ে গৃহহীনতা মোকাবিলার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে একটি ইভেন্ট ‘দ্য ওয়ার্ল্ড বিগ স্লিপ আউট’ এ মানুষ ৭ ডিসেম্বর টাইমস স্কয়ারের মাঝখানে ক্যাম্প করবে।
এই ইভেন্ট চালু করেন স্কটিশ উদ্যোক্তা জোশ লিটলজন। তিনি একটি স্যান্ডউইচের দোকান দিয়ে তাঁর অঞ্চলে গৃহহীন মানুষের চাকরি ও বিনা মূল্যে খাবার সরবরাহ করেন।
বিগ স্লিপ আউটের উদ্যোক্তা জোশ লিটলজন এক বিবৃতিতে বলেন, ৭ ডিসেম্বর অনেকে টাইম স্কয়ার ছাড়াও বাইরে তাদের বাড়ির উঠোন, কমিউনিটির জায়গা, ফুটবল মাঠে ও পার্কিং এরিয়ায় ঘুমাবে বলে জানা গেছে। তিনি বলেন, ‘আপনি টাইমস স্কয়ারে বা আপনার পরিবারের সঙ্গে আপনার পেছনের বাগানে স্লিপ আউট করছেন সেটা বিবেচনাধীন নয়। ৭ ডিসেম্বর রাতে এক সঙ্গে ঘুমিয়ে থাকার মাধ্যমে গৃহহীন মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারি। যারা প্রতিনিয়ত বাধ্য হয়ে বাইরে দিন কাটাচ্ছে তাদের প্রতি সহমর্মিতা দেখাতে পারি।’
ইতিমধ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারের চারটি প্লাজা জুড়ে এক হাজার ১০০ জন মানুষ স্লিপ আউট করার জন্য নিবন্ধন করেছেন।