টাইমস স্কয়ারের যানজট এড়াতে দমকল বিভাগের বিশেষ উদ্যোগ

নিউইয়র্ক শহরের এইটথ অ্যাভিনিউয়ের টাইমস স্কয়ারে আটকে আছে একটি অ্যাম্বুলেন্স। জরুরি সাইরেন ও আলো জ্বালিয়ে সবাইকে পথ করে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আশপাশের যানবাহনগুলোও পথ ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। পথচারীরাও আন্তরিক। কিন্তু সিগন্যাল বাতি পরিবর্তিত হলো। আর অ্যাম্বুলেন্সটি আটকে গেল সেই জটে। এটা টাইমস স্কয়ারের খুব সাধারণ দৃশ্যের একটি, যা জরুরি চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি করে। এই জরুরি চিকিৎসা সেবাকে আরও তড়িৎ ও কার্যকর করতে সম্প্রতি বিশেষ এক উদ্যোগ নিয়েছিল নগরের দমকল বিভাগ, যা এরই মধ্যে সাফল্যের মুখ দেখেছে।
আমেরিকার সবচেয়ে ব্যস্ত ও ভিড়ভাট্টাপূর্ণ এলাকার মধ্যে নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ার একটি। এখানকার নিত্য যানজট অনেক সময়ই জরুরি সেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। দ্রুত গতিতে জরুরি স্বাস্থ্যসেবা দিতে নিউইয়র্ক শহরের দমকল বিভাগ ব্যাপক উদ্যোগ নিলেও এর কোনোটি কাজ করছিল না।
জীবন সংশয় রয়েছে এমন জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ম্যানহাটনের অন্য যেকোনো এলাকার তুলনায় এই রুটে এক মিনিট ২০ সেকেন্ড সময় বেশি লাগে। এ সংকট নিরসনে দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল এ নিগ্রো সম্প্রতি একটি পদক্ষেপ নেন। গত গ্রীষ্মে তিনি পরীক্ষামূলকভাবে জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের বদলে প্রথমে দুজন যাত্রী বহনে সক্ষম একটি গাড়ি ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেন। ‘গ্যাটর ইউটিলিটি ভেহিক্যালস’ নামের এই যানবাহনে করে দুজন দক্ষ ব্যক্তি প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ছুটে যাবেন ঘটনাস্থলে। এই পদক্ষেপ নেওয়ার পর ওই এলাকায় জরুরি স্বাস্থ্যসেবার ডাকে দ্রুত সাড়া দিতে পারছে সংশ্লিষ্ট বিভাগ। আগের চেয়ে এখন গড়ে ৬৮ সেকেন্ড আগে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান ড্যানিয়েল নিগ্রো। মূলত ৯১১ নম্বরে ফোন আসার পর থেকে ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছানোর অভ্যন্তরীণ সময়টিই এখানে বিবেচনা করা হয়েছে।
বিশেষ এই গ্যাটর ভেহিক্যালস গলফ খেলার সময় ব্যবহৃত গাড়ির (গলফ কার্টের) সমান আকারের, যার সঙ্গে রয়েছে একটি চেয়ার, একটি ডিফাইব্রিলেটর (হৃৎক্রিয়া চালু রাখার বিশেষ যন্ত্র), অক্সিজেন ব্যাগসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। গাড়িটি যথেষ্ট ছোট হওয়ায় তা অ্যাম্বুলেন্সের চেয়ে দ্রুত ভিড় কাটিয়ে এগিয়ে যেতে পারে। আর রয়েছে যথেষ্ট গতিও। ঘণ্টায় ৪০ মাইল গতিতে ছুটতে পারে গাড়িটি।
এ বিষয়ে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড দমকল বিভাগের অবসরপ্রাপ্ত ব্যাটালিয়ন প্রধান রবার্ট আভসেক নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘বিশেষত উৎসব কিংবা বড় কোনো আয়োজনের দিন এ ধরনের গাড়ি ব্যবহারের চল রয়েছে বহু আগে থেকেই। বিশেষত সেই সব এলাকায়, যেখানে সাধারণ আকারের কোনো গাড়ির পক্ষে প্রবেশ করাটা কঠিন, সেখানে এ ধরনের গাড়ি জনপ্রিয়। আর এখন এ ধরনের গাড়ি জরুরি সেবার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। বিশেষত দমকল বিভাগের কাছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
টাইমস স্কয়ারে নতুন বছর উদ্যাপনকে সামনে রেখে ১৯৯৯ সালে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ প্রথম এ ধরনের গাড়ি কেনে। সেই সময় থেকে এখন পর্যন্ত বড় কোনো উৎসবের দিন এই গ্যাটর ভেহিক্যালস ব্যবহার হয়ে আসছে। এমনকি ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর উদ্ধার কাজেও এই গাড়ি ব্যবহার করা হয়েছিল। আর এখন এটি ব্যবহার করা হচ্ছে মিডটাউনে জরুরি সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনে, যেখানে কয়েক দশক ধরেই সাধারণ গাড়ির গতি প্রায় ২৩ শতাংশ কমে ঘণ্টায় ৪ দশমিক ৭ মাইলে নেমে আসে।
নিউইয়র্কে প্রথম হলেও ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইসরায়েল ও জাপানে আগে থেকেই জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ ধরনের গাড়ির ব্যবহার হয়ে আসছে।
ড্যানিয়েল এ নিগ্রো নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘শহরের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের রোগীদের কাছে দ্রুত পৌঁছানোর একটি ভালো পথ আমাদের প্রয়োজন ছিল। সম্প্রতি টাইমস স্কয়ারে একজন পথচারীর ওপর গাড়ি তুলে দিয়েছিল এক চালক। সে সময় দমকল কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছিল। কিন্তু একই কাজ অ্যাম্বুলেন্সের মাধ্যমে করতে গেলে অনেক বেশি সময় লাগত।’
টাইমস স্কয়ারে রয়েছে ৩৯টি ব্রডওয়ে মিলনায়তন। আর এর আশপাশের হোটেলগুলোয় রয়েছে ১৯ হাজার কক্ষ। প্রতিদিন গড়ে ৪ লাখ ৫০ হাজার মানুষ এ চত্বরে অবস্থান করে, যার মধ্যে ১ লাখ ৮০ হাজারেরই কর্মস্থল এখানে। প্রতিদিন কয়েক লাখ মানুষ এই এলাকার ১২টি সাবওয়ে লাইন ব্যবহার করে। ফলে প্রচণ্ড ভিড় লেগে থাকে সব সময়। এ অবস্থায় জরুরি সেবার ক্ষেত্রে গ্যাটর দমকল বিভাগের আস্থার স্থল অর্জন করেছে।
টাইমস স্কয়ারের গ্যাটর ইউনিটে রয়েছেন আটজন সদস্য। সিক্সথ ও এইটথ অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ৪২ থেকে ৪৮ স্ট্রিট এর আওতাধীন এলাকা। প্রতি দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিটটি সেবা দিয়ে থাকে। আগস্টে চালুর পর থেকে এই এলাকায় এখন পর্যন্ত ইউনিটটি ৩৫৮টি ঘটনায় জরুরি সেবা দিয়েছে। পরীক্ষামূলক পর্যায়ের পর পূর্ণাঙ্গভাবে চালু হলে এ হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অ্যাম্বুলেন্সের পক্ষে ঘণ্টায় গড়ে আট-দশটির বেশি ঘটনায় সাড়া দেওয়া সম্ভব হয় না।
নতুন এ ইউনিটের সদস্য মাইকেল মার্টিনেজ বলেন, ‘এই এলাকায় প্রচুর গাড়ি থাকে। ফলে অ্যাম্বুলেন্সের পক্ষে এদিক দিয়ে দ্রুত যাওয়া-আসা করা কঠিন। কিন্তু গ্যাটর ছোট হওয়ায়, আমাদের পক্ষে এমন বহু পথ দিয়ে যাওয়া সম্ভব, যা অ্যাম্বুলেন্স কখনো পারবে না। বহু ক্ষেত্রে এমনকি অ্যাম্বুলেন্সের চেয়ে ১০-১৫ মিনিট আগে আমরা পৌঁছেছি। আর একজন জীবনসংশয়ে থাকা রোগীর জন্য ১০ মিনিট অনেক লম্বা সময়।’
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে,৯১১ নম্বরে ফোন পেয়ে অ্যাম্বুলেন্স ছুটে গেল, কিন্তু সংশ্লিষ্ট রোগীর অবস্থা খুব একটা গুরুতর নয়। এমনকি তাকে হাসপাতালে নেওয়ারও প্রয়োজন নেই। অথচ আগে এই ক্ষেত্রেও তার জন্য ছুটে যেত অ্যাম্বুলেন্স। ফলে অন্য কোনো খানে সেবা দিতে দেরি হতো। এখন গ্যাটর চালু হওয়ার কারণে এসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটি গ্যাটর—এ করে যাওয়া ব্যক্তিরাই দিতে পারছেন। আর অন্য কোনো জরুরি প্রয়োজনে ছোটার জন্য অ্যাম্বুলেন্স থাকতে পারছে অপেক্ষায়। এতে আগের চেয়ে অনেক কার্যকরভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে মনে করেন ড্যানিয়েল এ নিগ্রো। তিনি জানান, এখন এই বিশেষ বাহনটির পরিসর কিছুটা বাড়ানোর চিন্তা করছে দমকল বিভাগ, যাতে এতে করেই সংশ্লিষ্ট রোগীকে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়। পাশাপাশি একই কার্যক্রম আরেক ব্যস্ত এলাকা গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল বা পেনসিলভানিয়া স্টেশন এলাকায় চালুরও চিন্তা রয়েছে।