টাইমের পর সিএনএনের সঙ্গে বাধল ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনএন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট। ছবি: টুইটার থেকে নেওয়া।
সিএনএন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট। ছবি: টুইটার থেকে নেওয়া।

নির্বাচনের আগে থেকে কয়েকটি মার্কিন গণমাধ্যমের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তিক্ত। ওই সময় মার্কিন গণমাধ্যম সিএনএনের সঙ্গে ট্রাম্পের দা-কুমড়া সম্পর্কের শুরু। সেই অবস্থা এখনো আছে। একটি টুইট বার্তা এবং পাল্টা বার্তায় সেটি আবারও সামনে এসেছে।

কয়েক দিন আগে এ বছরের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করলে ডোনাল্ড ট্রাম্প ও টাইম ম্যাগাজিনের বাহাস হয়। এরপরই সিএনএনের সঙ্গেও বাগ্‌বিতণ্ডা বাধল।

হাফিংটন পোস্ট ও সিএনএনের খবরে বলা হয়েছে, অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সিএনএন বিক্রি বা বন্ধ করে দেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন। এমন পরিস্থিতিতে সম্প্রতি ফক্স নিউজের পক্ষে প্রচার চালাতে গিয়ে সিএনএনের কড়া সমালোচনা করেন ট্রাম্প। সিএনএনকে তিনি ‘মিথ্যা সংবাদ প্রচারক’ হিসেবে আখ্যায়িতও করেছেন। ট্রাম্প টুইট বার্তায় সিএনএনের সমালোচনা করে বলেন, ‘ফক্স নিউজ যুক্তরাষ্ট্রের জন্য সিএনএনের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম। আন্তর্জাতিকভাবে অনেক শক্তিশালী সিএনএন বিশ্বব্যাপী “মিথ্যা” সংবাদের সবচেয়ে বড় একটি উৎস। জাতি হিসেবে সিএনএন যুক্তরাষ্ট্রকে সারা বিশ্বের সামনে বাজেভাবে উপস্থাপন করে। আর এ কারণে বিশ্ব যুক্তরাষ্ট্র সম্পর্কে আসল সত্যটা জানতে পারে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কড়া মন্তব্যে ও সমালোচনার পরপরই সিএনএনও উত্তর দিয়েছে কড়া। ট্রাম্প ও সিএনএনের চাপান-উতরে যোগ দিয়েছেন অন্য অনেক গণমাধ্যমকর্মীও।

ট্রাম্পের টুইটের পর সিএনএনের পাল্টা টুইট। ছবি: টুইটার থেকে নেওয়া।
ট্রাম্পের টুইটের পর সিএনএনের পাল্টা টুইট। ছবি: টুইটার থেকে নেওয়া।

গণমাধ্যমটির পক্ষ থেকে ট্রাম্পের টুইট বার্তার পাল্টা বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে তুলে ধরার দায়িত্ব সিএনএনের না। এ দায়িত্ব আপনার (প্রেসিডেন্ট ট্রাম্পের)। আমাদের কাজ শুধু খবর প্রকাশ করা।

কয়েক দিন আগে টাইম ম্যাগাজিনের ২০১৭ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য তাঁর একটি সাক্ষাৎকার ও ছবি তুলতে চেয়েছিল ম্যাগাজিনটি। কিন্তু ট্রাম্প তাতে আগ্রহী হননি।

২০১৬ সালে টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছিলেন তৎকালীন ‘হবু’ প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আমাকে ফোন করে বলা হলো, আমি সম্ভবত গত বছরের মতো এবারও পারসন অব দ্য ইয়ার হতে যাচ্ছি। এতে আমাকে একটি সাক্ষাৎকার ও ফটোসেশনের জন্য রাজি হতে হবে।’

এ বিষয়ে পাল্টা টুইটে টাইম বলছে, ট্রাম্প একেবারেই ঠিক বলছেন না। কারণ, বর্ষসেরার তালিকা প্রকাশ না করা পর্যন্ত কাউকেই তা জানানো হয় না।